'গুপ্তচর' সমস্যায় বায়ার্ন মিউনিখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেপ গার্দিওলা
পেপ গার্দিওলা

গত মৌসুমে প্রথমবারের মতো ট্রেবল জয়ের ইতিহাস গড়ে ইউরোপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে বায়ার্ন মিউনিখ। এবারের মৌসুমে পেপ গার্দিওলাও ধরে রেখেছেন সেই সাফল্যের ধারাবাহিকতা। চিরপ্রতিদ্বন্দ্বী বুরুশিয়া ডর্টমুন্ডের কাছে জার্মান সুপার কাপে হার দিয়ে শুরু হলেও তার পর থেকে অপরাজিতই আছে বাভারিয়ানরা। জার্মান লিগের শীর্ষ স্থানটাও আছে তাঁদের দখলে। তবে সম্প্রতি ‘ঘরের শত্রু বিভীষণদের’ নিয়ে কিছুটা বিপদেই আছে বায়ার্ন। গুপ্তচরেরা আগেই ফাঁস করে দিচ্ছে গার্দিওলার রণকৌশল।

প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কী ধরনের কৌশল অবলম্বন করা হচ্ছে সেটা স্বাভাবিকভাবে গোপনই রাখতে চান সব কোচ। কিন্তু বায়ার্নের রণকৌশল গোপন থাকছে না। বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গত ম্যাচের রণকৌশলটা যেমন আগেই প্রকাশিত হয়ে গিয়েছিল একটি জার্মান পত্রিকায়। তাতে অবশ্য জয় আটকায়নি বায়ার্নের। জিতেছে ৩-০ গোলে।

জয় পেলেও দলের ভেতরেরই গুপ্তচরদের ওপরে বেশ ভালোই চটেছেন গার্দিওলা। কারণ, পত্রিকায় যাঁরা এই তথ্যগুলো দিচ্ছেন, তাঁরা তো বায়ার্ন দলেরই কেউ। হয়তো তিনি বা তাঁরা দলের খেলোয়াড় কিংবা নীতিনির্ধারকদের কেউ। নিজ দলের ক্ষতি ডেকে আনতে একটুও দ্বিধা হয় না তাঁদের! ক্ষুব্ধ গার্দিওলা বলেছেন, ‘যে এই কাজটা করেছে, সে যে-ই হোক আমি তাকে ছুড়ে ফেলে দেব। সে কখনো আমার অধীনে খেলতে পারবে না।’

বায়ার্ন সভাপতি কার্ল হেইঞ্জ রুমিনিগেও সতর্ক করে দিয়েছেন গুপ্তচরদের, ‘এই কাজটা কে করেছে সেটা খুঁজে বের করার জন্য আমাদের হয়তো এনএসএর কাছে যেতে হবে না। তার পরও সেই ব্যক্তিকে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকারই পরামর্শ দেব। তা না হলে ভবিষ্যতে গুরুতর সমস্যার মধ্যে পড়তে হবে তাকে। শুধু গার্দিওলার পক্ষ থেকেই নয়, ক্লাবের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে।’

জার্মান ফুটবলে গুপ্তচরবৃত্তির এই সমস্যা অবশ্য নতুন নয়। ২০১২ সালের জুনে জার্মানির কোচ জোয়াকিম লোও পড়েছিলেন একই ধরনের পরিস্থিতিতে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ চলার সময় ফাঁস হয়ে গিয়েছিল জার্মানির প্রথম একাদশ ও রণকৌশলের খবর। কে এই কাজ করেছিল সেটা এখনো জানা যায়নি।

শুধু ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে। যেকোনো খেলার আপডেট পেতে S লিখে এসএমএস করুন 2221 নম্বরে।