‘গুরুত্বপূর্ণ ধাপে ব্রাজিল’
পাঁচবার বিশ্বকাপ জেতার রেকর্ড আছে। হাতে নিয়ে দেখা হয়নি কেবল অলিম্পিক ফুটবলের সোনার পদকটিই। লন্ডনে এবার সেই আক্ষেপেরই শেষ দেখতে চায় ব্রাজিল। সেই যাত্রায় অনেকটা পথ পাড়ি দেওয়া হয়ে গেছে তাদের। প্রথম দুটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে। পারফরম্যান্সও বলছে সম্ভাবনার কথা। কাল হন্ডুরাসের কাছে হেরে স্পেনের বিদায়ের পর সেই সম্ভাবনাটা উজ্জ্বল হয়ে চোখে ধরা দিচ্ছে।প্রথম দুটি ম্যাচে জয় ও খেলোয়াড়দের পারফরম্যান্সকে সোনার পদক জয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন ব্রাজিল কোচ মনো মেনেজেস। বাছাইপর্বের বাধা ডিঙাতে পারেনি গতবারের সোনাজয়ী আর্জেন্টিনা। স্পেনের বিদায়ের পর সামনে বাধা কেবল যুক্তরাজ্য। ফুটবলে সোনা জয়ের মঞ্চটা প্রস্তুতই দেখছে ‘সাম্বা’রা। এখন কেবল এগিয়ে যাওয়ার পালা।বেলারুশকে ৩-১ গোলে হারিয়ে গতকাল রাতে শেষ আটে ওঠার পর সাংবাদিকদের মেনেজেস বলেন, ‘এই অলিম্পিকে গুরুত্বপূর্ণ ধাপে পা দিয়েছে ব্রাজিল। আমি সত্যি খুব খুশি। কারণ, খেলার শুরুতেই এক গোলে পিছিয়ে পড়ার পরও এই প্রথম ঘুরে দাঁড়াতে পেরেছি আমরা। পাঁচজন ডিফেন্ডার নিয়ে মাঠে নামা কোনো দলের বিপক্ষে খেলে গোল করা যথেষ্ট কঠিন।’মেনেজেস বলেন, ‘আমরা শুধু শান্ত থেকেছি, জায়গা বের করার চেষ্টা করেছি। কিন্তু প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারিনি। দ্বিতীয়ার্ধে বেশ ভালো খেলি আমরা। গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার আগেই কোয়ার্টার ফাইনালে উঠতে পারায় আমরা খুবই সন্তুষ্ট। এটা ব্রাজিলের সমর্থকদের উজ্জীবিত করবে।’বেলারুশের বিপক্ষে লিওনার্দো ড্যামিওর বদলে আলেসান্দ্রে পাতোকে নামিয়েছিলেন মেনেজেস। ফলটাও পান বেশ দ্রুত। ১৫ মিনিট যেতে না যেতেই পাতো এগিয়ে দেন দলকে। দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন নেইমার ও অস্কার। তবে ম্যাচ শেষে এসি মিলান স্ট্রাইকার পাতোর অবদানটা আলাদা করেই বললেন মেনেজেস, ‘আমি মনে করি, এ ম্যাচে পাতোর পারফরম্যান্স আমাদের অনেক সহায়তা করেছে। এসি মিলানের মেডিকেল টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি আমরা। গত কয়েক সপ্তাহে ওর যা উন্নতি হয়েছে, টানা কয়েকটা ম্যাচে খেলতে পারবে পাতো।’ ওয়েবসাইট।