‘গুরুত্বহীন’ অনুশীলন ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদমাধ্যমের কাছে কোচ রিচার্ড পাইবাসের অনুরোধ, এই ম্যাচটাকে যেন খুব বেশি ‘হাইলাইট’ না করা হয়। অনুরোধ করার প্রয়োজন আসলে খুব একটা ছিল না। মাঠের অভাবে আবারও সেই ছোট্ট একাডেমি মাঠে অনুশীলন ম্যাচ। বিসিবি লাল দলের মোড়কে জাতীয় দল তো নামল ১০ জন নিয়ে! এমন ম্যাচকে গুরুত্ব দেওয়ার কিছু নেই, এটা বলে না দিলেও চলত।তবে গুরুত্ব দিতে গিয়ে একটু বিব্রতকরই হয় পাইবাসের জন্য। লাল দল যে একরকম উড়েই গেল সবুজ দলের মোড়কে নামা ‘এ’ দলের কাছে! ব্যাটসম্যানদের খামখেয়ালি সব শটে মাত্র ১৪.১ ওভারে ১০১ রানেই গুটিয়ে গেল লাল দল। সবুজ দল সেটা টপকে গেল ৩৭ বল ও ৫ উইকেট হাতে রেখে। একাডেমি মাঠের অনুশীলন ম্যাচে যথারীতি দুর্বার রকিবুল হাসান। গত জুলাইতে জাতীয় দলের বিপক্ষেই এক অনুশীলন ম্যাচে এই মাঠে করেছিলেন ৬১ বলে ১৪০। কাল সবুজ দলের অধিনায়ক ওপেনিংয়ে নেমে করলেন ৩৬ বলে ৫০।১৫ বলে পাঁচ ছয়ে জুনায়েদের ৩৪ ভালো শুরুই এনে দিয়েছিল লাল দলকে। কিন্তু ছোট মাঠ বলেই হয়তো সব বলে ছয় মারার প্রবণতা পেয়ে বসেছিল লাল মোড়কে ঢাকা জাতীয় ব্যাটসম্যানদের। অতিরিক্ত শট খেলার খেসারত দিয়েই একের পর এক আউট। সাতে নেমে ১৬ বলে ২৪ করলেন ইলিয়াস সানি, জিয়াউর ২০ বলে ১৪, সাকিব আল হাসান ৪ বলে ১১। দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কেউ। অফ স্টাম্পের বাইরে বাজে সব শটে আউট হয়েছেন ফরহাদ-জিয়া-সানিরা। ডলার ও শাহাদাত পেয়েছেন ৩টি করে উইকেট। চোটের পর ফেরা রুবেল ও নাজমুল উইকেট নিয়েছেন ১টি করে।লাল দলের ব্যাটসম্যানদের মতো সব বলেই মারার পথে যাননি রকিবুল। বল বুঝে বলের নিচে গিয়ে শুধু তুলে দিয়েছেন, ছোট মাঠ পার হয়েছে অনায়াসেই। তাঁর পাঁচ ছয়ের দুটি অবশ্য বড় মাঠেও একই পুরস্কার পেত। মাহমুদুল হাসান অপরাজিত ছিলেন ১৮ বলে ২১ রানে। ১২ রানে ২ উইকেট নিয়েছেন শফিউল।ম্যাচ শেষে লাল দলের প্রতিনিধি হয়ে কথা বলতে আসা জহুরুল ইসলামের কণ্ঠে সেই পুরোনো কথা, ‘বিকল্প মাঠ তো নেই, তাই যা পাচ্ছি সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আমাদের।’ জহুরুলের আরেকটা কথাও অবশ্য অবাক করার মতো, দুই দিন পরই ত্রিনিদাদে যাচ্ছে দল। অথচ ওখানে প্রতিপক্ষ কারা, সেটা নাকি এখনো জানা যায়নি। আফগানিস্তান থাকছে, জানা গেছে শুধু এটুকুই! ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টটি সম্পর্কে ইন্টারনেট ঘেঁটে যা জানা যাচ্ছে, তাতে বাংলাদেশ, আফগানিস্তান ও স্বাগতিকেরা ছাড়া থাকছে আর কেবল জ্যামাইকা। অর্থাৎ টুর্নামেন্টটা হবে চার দলের।