‘গুরু’র পাশে ডেমিচেলিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুযোগ পেলে ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে দু-চারটি মন্দ কথা বলা যেন নিন্দুকদের বিনোদনে পরিণত হয়েছে। এই তো সেদিন আর্জেন্টাইন কোচেরই সাবেক সতীর্থ ওসভালদো আর্ডিলেস কী রুক্ষ ভাষাতেই না ম্যারাডোনাকে ফেলে দিলেন বাতিলের খাতায়। ম্যারাডোনা মূর্খ, তাঁকে কোচ বানানো সিদ্ধান্তটি ছিল অদ্ভুত—এসব কথা তো সরাসরিই বলেছেন। ঠারেঠোরে এও বুঝিয়ে দিয়েছেন, ম্যারাডোনা আসলে সিটগ্রস্ত। আর সে কারণেই এবার শিরোপা জিতবে না আর্জেন্টিনা।এত দিন মুখ বুজে ছিলেন। কিন্তু মার্টিন ডেমিচেলিস আর চুপটি মেরে বসে থাকতে পারলেন না। ম্যারাডোনা আর আর্জেন্টিনার সম্ভাবনাকে নাকচ করে দিচ্ছে যারা, এক মাসের মধ্যে নিজের কথা নিজেদেরই হজম করতে হবে বলে নিন্দুকদের সতর্ক করে দিয়েছেন তিনি। বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডার বলছেন, বাছাইপর্ব চলার মাঝপথে দলে যোগ দিয়েছিলেন ম্যারাডোনা। দলটাকে গুছিয়ে আনতে সময় লেগেছে বলে তখন দলটি ছিল নড়বড়ে কিন্তু এখন আর্জেন্টিনা একটি একান্নবর্তী পরিবার, অটুট যার বন্ধন।‘গত কয়েক মাসে এ দলটি গড়ে উঠেছে। প্রথমেই বলে নিই, আমাদের নিয়ে যেসব সমালোচনা হচ্ছে, তা অন্যায়। এ দলটার অনেক সম্ভাবনা আছে এবং এতে কোনো সন্দেহ নেই, বিশ্বকাপে অন্যতম সেরা দল হব আমরাই’—বলেছেন ২৯ বছর বয়সী ডেমিচেলিস।৯ বছরের ক্যারিয়ারের সাতটি বছরই বায়ার্নে কাটিয়ে দেওয়া এই ডিফেন্ডার নিজে ম্যারাডোনার অন্যতম ভরসার নাম। আর্জেন্টিনার আক্রমণভাগে তারকার ছড়াছড়ি, কিন্তু রক্ষণভাগে আছে ফাটল। এই মৌসুমে বায়ার্নের হয়ে লিগ-কাপ ‘ডাবল’ জেতা আর চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ হওয়া ডেমিচেলিসের সঙ্গে জুটি বাঁধবেন লিগ-কাপ-চ্যাম্পিয়নস লিগের ‘ট্রেবল’ পূর্ণ করা ইন্টার মিলানের ওয়াল্টার স্যামুয়েল।স্যামুয়েলেরই দুই ক্লাব সতীর্থ হ্যাভিয়ের জানেত্তি আর এস্তেবান ক্যাম্বিয়াসোকে দলে না নেওয়ায় সমালোচনা হচ্ছে ম্যারাডোনার। সমালোচনা হচ্ছে তাঁর কোচিং করানোর ধরন-ধারণ নিয়েও। তবে ডেমিচেলিস বলছেন, ম্যারাডোনাকে নিয়ে কে কী বলল তাতে দলের কারও কিছু যায়-আসে না, ‘ম্যারাডোনা অবশ্যই আমাদের সাহায্য করছেন। তিনি আমাদের অনেক অনুপ্রাণিত করেন। মাথার ওপর থেকে সব চাপ সরিয়ে দেন। আমাদের জন্য তিনি অনেক গুরুত্বপূর্ণ একজন। ভালো করার প্রেরণা আর ক্ষুধা তিনিই আমাদের জোগান দেন।’ ওয়েবসাইট।