‘গেলফান্ড অবাকই হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ে থেকে কাল দেশে ফিরেছেন আফসোস নিয়ে। আবার একদিক থেকে জিয়াউর রহমান গর্বিতও। ফিদে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও কাঁপিয়ে দিয়েছেন বরিস গেলফান্ডের মতো বিশ্বের শীর্ষ দাবা খেলোয়াড়কে। বড় ম্যাচ খেলার অভিজ্ঞতার অভাবকেই নিজের দুর্বলতা বলছেন বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার ঢাকায় তো আমরা ইন্টারনেটে আপনার দুটি ম্যাচই দেখেছি। দারুণ খেলেছেন। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না!জিয়াউর রহমান: আমাদের বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা কম। তাই এমন ম্যাচের শেষ দিকে স্নায়ু ধরে রাখতে পারি না। যদি বড় কোনো খেলোয়াড়ের সঙ্গে একটু অনুশীলন করে যেতে পারতাম, আমার বিশ্বাস, অন্তত প্লে-অফ খেলতে পারতাম বড় এই টুর্নামেন্টে।  সবাই তো খুব আফসোস করছে, বড় একটা সুযোগ আপনি হাতছাড়া করলেন। আপনি নিজে কতটা হতাশ?জিয়া: হতাশ তো অবশ্যই। প্রথম ম্যাচে ড্রয়ের অবস্থানে থেকেও হেরেছি। দ্বিতীয় ম্যাচে জিততে জিততে ড্র। এই ম্যাচে জিতলে পরের রাউন্ডে যেতে প্লে-অফ খেলতে পারতাম। হলো না, কী আর করা।  একই সঙ্গে আপনি তো গর্বিতও হতে পারেন গেলফান্ডের মতো খেলোয়াড়কে ঘাম ছুটিয়ে দিয়েছেন। তা ম্যাচের পর বরিস কী বলল?জিয়া: (হাসি) হ্যাঁ, এক অর্থে গর্বিতও আমি। বরিস (গেলফান্ড) একটু অবাকই হয়েছে আমার খেলায়। ম্যাচের পর বলেছে, আমি এতটা ভোগাব সে ভাবেনি। দ্বিতীয় ম্যাচটা দেখুন, এক শ চালের ওপরে গিয়েছে। আমি তাকে চাপে ফেলেছিলাম। কিন্তু শেষ দিকে কয়েকটা ভুল চাল আর সময় স্বল্পতায় সর্বনাশ করেছি নিজের।  শেষ দিকে গেলফান্ডের দুটি নৌকা, আপনার মন্ত্রী। একটা সময় একটা বোড়েও বেশি হয়ে যায় আপনার। ভুলটা আসলে কোথায় হলো? জিয়া: নিশ্চয়ই খেয়াল করেছেন, আমার মন্ত্রী-রাজা বেশ সক্রিয় ছিল। এই গেম আমার জেতার সম্ভাবনা ছিল খুবই উজ্জ্বল। কিন্তু একটা সময় আমার ‘বি’ পন (বোড়ে) দিয়ে ওর ‘এ’ পনটা কাটি, এই ভুলটা না করে ‘বি’ পনটাকে ঠেলে দিলেই চলত। আরও ভুল করেছি।  এমনিতে গেলফান্ড কি আপনার সম্পর্কে জানতেন আগে? তা ছাড়া আপনার খেলায় অন্যদের প্রতিক্রিয়া কেমন ছিল?জিয়া: গেলফান্ড আমার সম্পর্কে আগে জানত না। আমি একটু নিজেকে আড়ালে রেখেছিলাম। যাতে ও বুঝতে না পারে। আমার ওপেনিংও আন্দাজ করতে পারেনি আগে। ম্যাচের অনেকটা সময় ওকে চাপে রেখে শুধু নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। ওখানে সবাই ধরে নিয়েছিল, দ্বিতীয় গেমটা জিতে আমি প্লে-অফ খেলছি। সবাই আমার প্রশংসা করেছে।  এই ধরনের বড় ম্যাচ ভালো করার উপায় কী?জিয়া: উপায় একটাই, বড় খেলোয়াড়ের সঙ্গে বেশি বেশি খেলতে হবে। শেষ দিকে স্নায়ুচাপ কাটিয়ে উঠতে এর কোনো বিকল্প নেই। বরিসের (২৭৬৪) চেয়ে আমার (২৪৭০) রেটিং প্রায় তিন শ কম। ও কিন্তু এই ফিদে ওয়ার্ল্ডকাপে ২০০৯ সালে চ্যাম্পিয়ন হয়েছে। গত বছরের ওয়ার্ল্ডকাপ চ্যালেঞ্জার। এই প্রথম ওর সঙ্গে খেললাম, একটু ভালো কোচিং পেলে দেখতেন হয়তো বা ও আরও ভড়কে যেত আমার বিপক্ষে। আপনি তো এখনকার এক নম্বর নরওয়ের ম্যাগনাম কার্লসেনের সঙ্গেও খেলেছেন। এবার কার্লসেন এসেছেন এই টুর্নামেন্টে?জিয়া: না, কার্লসেন আসেনি। সে ভারতে যাচ্ছে খেলতে। ২০০৮ অলিম্পিয়াডে কার্লসেনের সঙ্গে অলিম্পিয়াডে ড্র করেছিলাম। তখন সে ছিল বিশ্বের তিন নম্বর খেলোয়াড়। ওই ম্যাচটাও আমার কাছে স্মরণীয় হয়ে আছে। এর আগে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। এবার আপনার হাত ধরে বাংলাদেশের ভাবমূর্তি আরেকটু বাড়ল...জিয়া: হ্যাঁ, আমরা দেখাতে পেরেছি, আমরা পারি। সমস্যা হলো, এই ধরনের ম্যাচ আমরা দু-এক বছরে হয়তো একটা খেলি। গেলফান্ড ইসরায়েলি হলেও শেকড় রাশিয়ায়, জন্মগতভাবেই চাপ সামলাতে জানে, আর বড় ম্যাচ তো সব সময়ই খেলে। এখানেই আমরা পিছিয়ে।