আলোকস্বল্পতার অজুহাতে ১৫ মিনিট আগেই খেলা শেষ। বাইলজ পায়ে দলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো এগিয়ে থাকা দলকে! এর আগে বিদেশি খেলোয়াড় নিয়ে হলো ‘মহানাটক’। পরশু ক্লাব কাপ হকির ফাইনালের এসব ঘটনা দেখে লজ্জিত মামুনুর রশিদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ফেডারেশন সদস্যের এই সাক্ষাৎকারে হকি ফেডারেশনের সার্বিক চালচিত্রও উঠে এল কালকের ঘটনা দেখার পর আপনার তাত্ক্ষণিক প্রতিক্রিয়া কী ছিল?মামুনুর রশিদ: লজ্জায় মরে গেছি। আমি এই ফেডারেশনের সদস্য! মাঠে গিয়েছিলাম খেলা দেখতে। কিন্তু এ ঘটনা গিলতে না পেরে আধঘণ্টা পর চলে এসেছি। তাহলে তো সর্বশেষ প্রহসনটা দেখেননি। ১৫ মিনিট আগেই খেলা শেষ। এক দল চ্যাম্পিয়ন...মামুনুর: হ্যাঁ, পরে ব্যাপারটা শুনে স্তম্ভিত হয়ে গেছি। ১৫ মিনিট আগে খেলা শেষ! এটা কোনো কথা হলো! এ রকম ঘটনা আগে কখনো দেখেছেন?মামুনুর: অনেক মারামারি-গন্ডগোল দেখেছি। কিন্তু এই ঘটনা দেখিওনি, শুনিওনি। গোটা ব্যাপারটাই হাস্যকর এবং লজ্জাজনক। খেলা ৭০ মিনিটই হতে হবে। তা যেকোনো পর্যায়েই হোক। এটা নিয়ম। আপনার ইচ্ছামতো সেটা বদলাতে পারেন না। আপনার কী মনে হয়, কেন এমনটা করা হলো?মামুনুর: ওই যে, খেলা শেষ করতে হবে! প্রধান অতিথি বসে আছেন! বিদেশি খেলোয়াড় আগের রাত আটটার মধ্যে নিবন্ধন করতে হবে, নাকি ম্যাচের ১০ মিনিট আগে করলেই চলবে—ঝামেলাটা এই নিয়ে। আপনার মত কী?মামুনুর: সমস্যা হয়েছে আমাদের দেশে বাইলজ কেউ পড়ে না। ওতে কী আছে কেউ জানে না। না ফেডারেশন, না ক্লাব। এটা পড়লে সমস্যা মনে হয় হতো না। আরও অবাক ব্যাপার, এ বিষয়টি নিয়ে বাইলজে কী বলা আছে সেটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিও বলতে পারেননি! আপনাদের সবার কি পদত্যাগ করা উচিত মনে করেন?মামুনুর: সামগ্রিকভাবে এটা ফেডারেশনের চরম ব্যর্থতা। দায় নিয়ে ফেডারেশনেরই পদত্যাগ করা উচিত। তবে ব্যক্তিগতভাবে আমি পদত্যাগ করতে পারি না, আমি তো এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নই। বারবার নেতিবাচক কারণে হকি খবরে আসে কেন? মামুনুর: নেতিবাচক কাজ হলে নেতিবাচক খবরই তো হবেই। এখানে ইতিবাচক কাজ তো দেখি না। আসলে আমাদের হকির গোটা সিস্টেমটাই ভেঙে পড়েছে। ক্লাবগুলো নিজের স্বার্থে অনেক সময়ই বাইলজ মানে না। আপনার অভিমত কী?মামুনুর: বড় তিন-চারটি ক্লাবই এটা বেশি করে। তারা বাইলজের নানা ফাঁকফোকর খুঁজে তা ব্যবহার করে সমস্যা বাধায়। খেলোয়াড়ি জীবনে দেখেছি, এখনো দেখছি। লিগ কমিটি ভালোভাবে চালানোর জন্য অভিজ্ঞ লোক দরকার। এখানে সেটা নেই। হকিতে খেলা বাদ দিয়ে চলে গদি দখলের প্রতিযোগিতা, কেউ কাউকে সহযোগিতা করে না। এটা দেখে কেমন লাগে?মামুনুর: এসব দেখে ভাবি, হায় রে আমরা কোথায় যাচ্ছি! আমাদের ভবিষ্যৎ কী? আমাদের মধ্যে কোনো সহযোগিতার মনোভাব নেই। লজ্জা লাগে। আপনি নির্বাচক কমিটির চেয়ারম্যান। কাজের অভিজ্ঞতা কেমন?মামুনুর: নির্বাচক কমিটির দায়িত্ব নিয়ে আমি কাজ করছি। এই কমিটির যত সভা হয়েছে আর কোনো কমিটির তা হয়নি। হকি ফেডারেশনের সাব-কমিটিগুলোর কোনো কাজই দেখা যায় না। এটা কেন?মামুনুর: ডেভেলপমেন্ট কমিটি, কোচিং কমিটি, টুর্নামেন্ট কমিটির মতো গুরুত্বপূর্ণ কমিটিগুলো নিষ্ক্রিয়। টুর্নামেন্ট কমিটির কথাই ধরুন, এ কমিটির ক্যালেন্ডার কই! বিজয় দিবস এলে মনে পড়ে এই রে...বিজয় দিবস টুর্নামেন্ট তো করতে হবে। তখনই একটা টুর্নামেন্ট দায়সারাভাবে করা হয়। এভাবেই চলছে। আর এর দায়িত্ব যখন-তখন যাকে তাকে দিয়ে দেওয়া হয়। পরিকল্পনা বলে কিচ্ছু নেই।