‘গোলখরা’ ঘোচালেন মেসি
দুই তর্জনী উঁচিয়ে আকাশের দিতে তাকানো। পরিচিত গোল উদ্যাপনের ভঙ্গিটা পরশু একটু পাল্টে গেল। লিওনেল মেসি ছুটে গেলেন মাঠের পাশে থাকা আলোকচিত্রীদের দিকে। এক, দুই, তিন করে কী যেন গুনলেন। কী ইঙ্গিত করলেন মেসি? আগের তিন ম্যাচে গোল পাননি সেটাই, নাকি এই ম্যাচে তিন গোল আসছে সেটি!হয়তো দুটোই। আগের তিন ম্যাচে গোল না পাওয়ার হতাশা মেসি এক ম্যাচেই ভুললেন। প্রথমার্ধে ১৮ মিনিটের ব্যবধানে করলেন হ্যাটট্রিক, বার্সার জার্সি গায়ে তাঁর ১৩তম হ্যাটট্রিক! ন্যু ক্যাম্পে আগের ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে পারেননি। এবার ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেই মুছে দিলেন সেই হতাশা। ২১ আর ৩০ মিনিটে এসেছে পরের দুই গোল। বার্সেলোনার হয়ে বাকি দুটো গোল করেছেন আইজাক কুয়েঙ্কা (৫০ মিনিট) ও দানি আলভেজ (৯০)। বার্সেলোনার সিনিয়র দলে নিজের দ্বিতীয় ম্যাচেই গোল পেলেনকুয়েঙ্কা। আলভেজের মৌসুম সূচক গোলটি বিস্ময়কর, ৩৫ গজ দূর থেকে আচমকা শট করেছিলেন ক্রসবারে ছোঁয়া লাগার মুহূর্তে সেটি বাঁকা হয়ে ঢুকে যায় জালে। মায়োর্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।বার্সার গোল-উৎসবের রাতে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। নবম মিনিটে লিগে নিজের দশম গোল করেছেন আরেক আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েইন। শেষ পর্যন্ত এই এক গোলেই জয়। তবে রিয়াল গোলের সুযোগ পেয়েছিল আরও। লিগে আগের দুই ম্যাচে সেভিয়া আর গ্রানাডার বিপক্ষে বার্সার খেলায় ছিল ছন্দপতন। নতুন করে তাই কৌশল নিয়ে ভেবেছেন পেপ গার্দিওলা। এদিন সময় নিয়ে খেলা তৈরি করার কৌশল পাল্টে তুলনামূলক দ্রুত আক্রমণে গেছে বার্সা। পাসিং ফুটবল দিয়ে প্রতিপক্ষের রক্ষণে ঢোকার চেয়ে ক্রস করাতেও ছিল বেশি আগ্রহ। মেসির পরের দুটো গোলই এসেছে দুর্দান্ত দুটো ক্রস থেকে। কর্নারেও বার্সা পরিচিত কৌশল পাল্টে ফেলেছিল। কর্নার থেকে পাস দেওয়ার বদলে এদিন বক্সে ফেলা হয়েছে বল।ন্যু ক্যাম্পে অবশ্য প্রথম সুযোগটা পেয়েছিল মায়োর্কাই। ষষ্ঠ মিনিটেই গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছেন মায়োর্কার মিডফিল্ডার হোয়াও ভিক্টর। শেষ পর্যন্ত জয় হয়েছে আরেক ভিক্টরের—ভালদেস। টানা অষ্টম ম্যাচ গোল না খেয়ে কাটিয়ে দিলেন বার্সা গোলরক্ষক। রিয়াল অবশ্য শেষ পর্যন্ত বার্সাকে শীর্ষে থাকতে দেয়নি। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের, বার্সার পয়েন্ট একটি কম। আর কাল রাতে ওসাসুনার কাছে লেভান্তের ২-০ গোলের হার রিয়ালকেই রেখেছে শীর্ষে।বার্সেলোনার জন্য এই জয় আরেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ। এই ম্যাচে খেলেননি জাভি-ইনিয়েস্তা। দলের মাঝমাঠের দুই প্রাণভোমরা ছাড়াই বার্সার মাঝমাঠ এদিন ছিল দুর্দান্ত। ২০ বছর বয়সী উইঙ্গার কুয়েঙ্কা আলাদা করে নজর কেড়েছেন। বার্সার সিনিয়র দলে এদিন অভিষেক হয়েছে যুব একাডেমি থেকে উঠে আসা আরেক তরুণ জেরার্ড ডিলোফিউয়ের।ম্যাচ শেষে এই তরুণদের কথাই বললেন পেপ গার্দিওলা। আর এই মৌসুমে ১৬ ম্যাচে ১৯টি গোল করা মেসি বললেন, তাঁর গোল না-পাওয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, ‘যারা বলছে আমি গোলখরায় ছিলাম, তারা আসলে উন্মাদ। সম্ভব হলে আমি সব সময়ই গোল করি। কিন্তু মনে রাখতে হবে আমার গোল করা নয়; সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়।’ এএফপি, রয়টার্স।