'গোলটা মোহামেডানকে আমার জবাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওসেই মরিসন
ওসেই মরিসন

গত মৌসুমে ১১ গোল করে প্রিমিয়ার ফুটবল লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। এবারও দারুণ ছন্দে আবাহনীর স্ট্রাইকার ওসেই মরিসন। ফেডারেশন কাপ ও লিগ মিলিয়ে এরই মধ্যে তাঁর নামের পাশে যোগ হয়েছে ৮টি গোল। কাল তাঁর গোলেই মোহামেডানকে হারিয়েছে আবাহনী। এবারও সর্বোচ্চ গোলদাতা হওয়ার স্বপ্ন ঘানাইয়ান স্ট্রাইকারের
 এই ম্যাচে আরও কয়েকটি গোল হতে পারত। শেষ দিকে দারুণ একটা সুযোগ পেয়েও আপনি সেটা হাতছাড়া করলেন?
ওসেই মরিসন: হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম ওই গোলটি করতে। কিন্তু একটু তাড়াহুড়ো করতে গিয়ে নষ্ট করে ফেলি বলটা। গোল করবেন, আবার মিস হবে—আসলে এটাই তো ফুটবল।
 আপনি গতবার খেলেছিলেন মোহামেডানের জার্সি গায়ে। এবার আবাহনীতে খেলতে কেমন লাগছে?
মরিসন: আমরা পেশাদার ফুটবলার। আমাদের কাছে সব দলই সমান। তবে এটা সত্যি, এবারও আমি মোহামেডানেই থাকতে চেয়েছিলাম। কিন্তু ওখানকার ক্লাব ব্যবস্থাপনা ততটা ভালো মনে হয়নি আমার কাছে। কিছু সমস্যা ছিল আমার পারিশ্রমিক নিয়ে। সব মিলিয়ে এবার আবাহনীতে চুক্তিবদ্ধ হয়েছি। এটা এ দেশের বড় একটি ক্লাব। এখানে খেলতে পেরে ভালোই লাগছে আমার।
 মোহামেডানের হয়ে অনেক গোল করেছেন। এবার সেই মোহামেডানকেই গোল দিলেন। খারাপ লাগেনি?
মরিসন: আগেই বলেছি আমরা পেশাদার ফুটবলার। যে দলেই খেলি, সেই দলের জন্য আমরা শতভাগ উজাড় করে খেলার চেষ্টা করি। মোহামেডানের জালে বল পাঠিয়ে তাই মোটেও খারাপ লাগেনি।
 বিশেষ কোনো পরিকল্পনা ছিল আবাহনী-মোহামেডান ম্যাচ ঘিরে?
মরিসন: না, বিশেষ কোনো পরিকল্পনা আসলে ছিল না। তবে এটা বলতে পারেন, ওই গোলটা মোহামেডানকে আমার জবাব।
 চারবারের লিগ চ্যাম্পিয়ন আবাহনী। এবার কি চ্যাম্পিয়ন হতে পারবে তারা?
মরিসন: আবাহনী এবার ভালো দলই গড়েছে। আমাদের খেলায় গতি আছে। আমার প্রতিটি ম্যাচেই উন্নতি করছি। আমাদের আত্মবিশ্বাসও অনেক উঁচুতে। ইনশাআল্লাহ, আমরাই লিগ জিতব। এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তবে আমাদের মোটেও আত্মতুষ্ট হওয়া চলবে না।
 মোহামেডান-আবাহনী ম্যাচ মানে মর্যাদার লড়াই। স্নায়ুক্ষয়ী উত্তেজনা। আপনি এসব নিয়ে কতটা ভাবেন?
মরিসন: দেখুন, পেশাদার ফুটবলে এসবের কোনো মূল্য নেই। এটা আমার কাছে শুধুই একটা ম্যাচ ছিল। আমি এখানে ভালো খেলেছি। এর আগেও আমার এমন ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে।
 ফেডারেশন ও লিগে আবাহনীর খেলায় কোনো পার্থক্য চোখে পড়ে?
মরিসন: যখন আমরা মৌসুম শুরু করি তখন আমাদের পারফরম্যান্স একেবারে নিচের দিকে ছিল। কিন্তু আস্তে আস্তে এটার পরিবর্তন হচ্ছে। খেলোয়াড়দের ফিটনেস বেড়েছে। আমাদের নতুন কোচ এসেছেন। আমার মনে হয় আগের চেয়ে আমরা অনেক ভালো ফুটবল খেলছি।
গত মৌসুমে ছিলেন সর্বোচ্চ গোলদাতা। এবার কী প্রত্যাশা?
মরিসন: আমার একটা বড় স্বপ্ন, আবারও লিগে সর্বোচ্চ গোলদাতা হব। এ জন্য আমি প্রতিটি ম্যাচ ধরে ধরে খেলছি। প্রতি ম্যাচেই আমি গোল করার চেষ্টা করছি। এবারও আশা করি, আমিই সর্বোচ্চ গোলদাতা হব।
 এ ক্ষেত্রে কাউকে কি আপনার প্রতিদ্বন্দ্বী মনে করেন?
মরিসন: আমি শুধু আমার নিজের খেলা নিয়েই ভাবছি। কে কী করবে বা করতে পারে সেটা নিয়ে আমার কোনো ভাবনা-চিন্তা নেই। আমি শুধু আমার খেলাটাই খেলে যাব। নিজের খেলাতেই বেশি মনোযোগ দেব এবং যত বেশি পারি গোল করার চেষ্টা করব।