
আজ বাংলাদেশে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর। আগের চারটি আসর নিয়ে আমাদের চার পর্বের নতুন ধারাবাহিক। শেষ পর্বে আসুন ফিরে দেখা যাক ২০১২ সালে আয়োজিত চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরটি
‘গ্যাংন্যাম স্টাইল’ ছিল ২০১২ সালের অন্যতম জনপ্রিয় গান। ভাবছেন গানের কথা দিয়ে ক্রিকেটের কোন লেখা শুরু হলো? উত্তর জানতে আপনাদের ফিরে যেতে হবে ২০১২ সালের ৭ অক্টোবর, শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে।
ওয়েস্ট ইন্ডিজ একসময় ছিল মহাপরাক্রমশালী দল। টানা দুবার বিশ্বকাপ জিতেছে। ঘরে-বাইরে নাকানি-চুবানি খাইয়েছে প্রতিপক্ষকে। কিন্তু ক্যারিবীয় রাজত্বের পতন শুরু হয়। ১৯৭৯ সালের পর থেকে বড় কোনো শিরোপাও জিতছিল না। ২০০৪ সালের চ্যাম্পিয়ন ট্রফি জিতলেও সেটা তো আর বিশ্বজয় করা নয়।
অবশেষে ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়ে উঠেছিল তাদের সেই বিশ্বজয়ের মঞ্চ। কিন্তু এবার আর ক্যালিপসো সুরে নয়, গেইল-স্যামিরা নেচে উঠলেন গ্যাংনাম স্টাইলের ছন্দে! শিরোপা জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ দলের এই গ্যাংনাম নাচও আলোচিত হয়েছিল বেশ।
২০১০ সালের পর ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসে শ্রীলঙ্কায়। এবারও ১২টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। দুটি দল বাছাইপর্ব খেলে যুক্ত হয়—আফগানিস্তান ও আয়ারল্যান্ড । চারটি গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়। ভারত ও আফগানিস্তান টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়, ম্যাচে ভারত আফগানিস্তানকে সহজেই ২৩ রানে পরাজিত করে। টুর্নামেন্টের চমক ছিল ভারতের সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মাত্র ৮০ রানে অলআউট হওয়া। ইংলিশদের জন্য আকাশ থেকে মাটিতে পতন! অবশ্য আফগানদের ওই ৮০ রানেই অলআউট করে ম্যাচ জিতে ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে পরের রাউন্ডে উঠে যায় ইংল্যান্ড।
আগের বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড গ্রুপ পর্বে কোনো ম্যাচ না জিতেই পরের রাউন্ডে গিয়েছিল। এবার ওয়েস্ট ইন্ডিজের বেলাতেও একই ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও আইরিশদের সঙ্গে ম্যাচটা বৃষ্টিতে ভেসে যায়। আয়ারল্যান্ডের সঙ্গে সমান ১ পয়েন্ট পেলেও রান রেটে এগিয়ে থাকায় পরের রাউন্ডে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাদের বড় উপকার করে দেয় আসলে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আইরিশদের ওভাবে না হারালে রান রেটটা হয়তো অন্য রকম হতো!
‘সি’ গ্রুপ থেকে দাপটের সঙ্গে পরের রাউন্ডে ওঠে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের একটিতে জিতে তাদের সঙ্গী হয় স্বাগতিক শ্রীলঙ্কা। ‘ডি’ গ্রুপ থেকে বাংলাদেশকে দর্শক বানিয়ে দিয়ে পরের রাউন্ডে উঠে যায় পাকিস্তান ও নিউজিল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে চড়াও হন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। মাত্র ৫৮ বলে ১২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ স্কোর। পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসানের ৫৪ বলে ৮৪ রানের ইনিংসের সৌজন্যে ১৭৫ রান তুলেও ম্যাচ হারে বাংলাদেশ। এই ম্যাচেই সাকিব তাঁর ক্যারিয়ার-সেরা ৮৪ রানের ইনিংসটি খেলেন।
সুপার এইটে দ্বিতীয় গ্রুপটি জন্ম দেয় নাটকের। তিনটি দলের পয়েন্ট হয়ে যায় সমান (৪)। দক্ষিণ আফ্রিকা যথারীতি ‘চোকার’ অপবাদ নিয়ে দেশের বিমান ধরে। রান রেটে পিছিয়ে থাকায় ৪ পয়েন্ট নিয়েও ফিরতে হয় ভারতকে। ভারতের কাছে হারলেও অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালে উঠে গিয়ে দেঁতো হাসি হাসে পাকিস্তান।
অন্য গ্রুপ থেকে তিন ম্যাচের মাত্র একটিতে জেতায় শেষ হয়ে যায় ইংল্যান্ডের শিরোপা ধরে রাখার স্বপ্ন। ৬ পয়েন্টের সবগুলো তুলে নিয়ে সেমিফাইনালে পৌঁছায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডকে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ জেতে সুপারওভারে।
গ্রুপ পর্বের পর সুপার এইটেও ভাগ্যের ছোঁয়া পাওয়া ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সেমিফাইনালে নিজেদের ভাগ্য যেন নিজেরাই গড়ে নেওয়ার পণ করে। অস্ট্রেলিয়া মুখোমুখি হয় গেইল-ঝড়ের। উড়ে যায় খড়কুটোর মতো। গেইল ৪১ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ২০৫ রান করে। গেইল তাণ্ডবে ধাতস্থ হতে না হতেই রবি রামপলের পেসের সামনে অসহায় দেখায় অস্ট্রেলিয়াকে। ১৩১ রানে অলআউট হয়ে অস্ট্রেলিয়া ম্যাচ হারে ৭৪ রানে। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজকে পরোক্ষভাবে সাহায্য করার আফসোসে কি পোড়ে অস্ট্রেলিয়া?
অন্য সেমিফাইনালে মাত্র ১৩৯ রান করেও পাকিস্তানকে ১২৩ রানে আটকে ফাইনালে পৌঁছায় শ্রীলঙ্কা।
একদিকে শ্রীলঙ্কা, ১৯৯৬ বিশ্বকাপের পর আবার শিরোপা জয়ে উন্মুখ। তাদের সঙ্গে চেনা কন্ডিশন আর সমর্থকদের শক্তি। অন্যদিকে সাফল্যের জন্য বুভুক্ষু ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে বিপদেই পড়ে যায় ক্যারিবীয়রা। একপর্যায়ে তাদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৮৭। সেখান থেকে শেষ পর্যন্ত সংগ্রহ করে ৬ উইকেটে ১৩৭ রান। বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে মারলন স্যামুয়েলস ৫৬ বলে ৭৮ রানের ইনিংস খেলেন।
লক্ষ্যটা সহজ ছিল। বাউন্ডারি সীমার পাশেই রাখা ট্রফিটা হাতছানি দিয়েই ডাকছিল। গ্যালারিতে দর্শকেরা প্রহর গুনছিলেন অপেক্ষার। কিন্তু ক্রিকেট দেবতা যে অন্য রকম এক চিত্রনাট্য সাজিয়ে রেখেছিল। সুনীল নারাইনের ঘূর্ণিজাদুতে লঙ্কানরা মাত্র ১০১ রানে অলআউট! মাত্র ৯ রানে ৩ উইকেট নেন নারাইন। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ ছোট বিশ্বকাপের শিরোপা জেতার ভীষণ বড় আনন্দে মাতোয়ারা হয়। অবশ্যই গ্যাংনাম ছন্দে!