'গ্র্যান্ড স্লাম জিতব কখনোই ভাবিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্তানিসলাস ভাভরিঙ্কা
স্তানিসলাস ভাভরিঙ্কা

স্বপ্নের মতো অস্ট্রেলিয়ান ওপেন কাটালেন স্তানিসলাস ভাভরিঙ্কা। জোকোভিচ-নাদালদের মতো বড় তারকাকে হারিয়ে হাতে তুলেছেন নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা। পরশু ফাইনালের পর সংবাদ সম্মেলনে সুইস তারকা বললেন অনেক কিছু নিয়েই
 আপনি কি মনে করেন আপনি ভালো খেলেছেন?
স্তানিসলাস ভাভরিঙ্কা: একটা সেট ও একটা ব্রেকের সময় নিজের সেরা টেনিসটা খেলেছি মনে হয় আমার। কোর্টে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। এরপর সে (নাদাল) হঠাৎ চোট পেল, সার্ভই করতে পারছিল না। বুঝতে পারছিলাম ওর জন্য কাজটা খুবই কঠিন হয়ে পড়েছে। এভাবে জিততে চাইনি বলে আমি একটু অখুশি ছিলাম। কিন্তু এটা ফাইনাল, দিন শেষে আমি চার সেটে জিতেছি। মনে হয় আমি ম্যাচটা ভালোভাবেই শেষ করেছি।
 আপনি নিশ্চয়ই একটু আবেগাক্রান্ত হয়ে পড়ছিলেন...
ভাভরিঙ্কা: তা তো বটেই। যা হয়েছে ভাবলেই খানিক অদ্ভুত লাগে। গ্র্যান্ড স্লাম জিতব কখনোই ভাবিনি। এমনকি এই স্বপ্নটাও কখনো দেখিনি। মনে হতো আমি ওদের হারানোর মতো যথেষ্ট ভালো নই। ম্যাচের আগে আমি ম্যাগনাসের (সুইডেনের ম্যাগনাস নরম্যান) সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন আমার ফল নিয়ে ভাবার দরকার নেই। বরং কীভাবে খেলব, কীভাবে পয়েন্ট জিতব, সেটি নিয়েই যেন ভাবি।
 শুরুতে নির্ভার দেখাচ্ছিল আপনাকে। একটু কি বিস্মিত হয়েছিলেন?
ভাভরিঙ্কা: ম্যাচের আগের দিন আমি সাধারণত বেশ নির্ভার থাকি। বরং ম্যাচের ঠিক আগে ওয়ার্মআপ বা কোর্টে আসার সময় বরং কিছুটা স্নায়ুচাপে ভুগি। এই ফাইনালে আমি নিজের খেলায় নিজেই বিস্মিত। মনে করেছিলাম একটু হলেও স্নায়ুচাপে থাকব। জোকোভিচের সঙ্গে শুরুতে যেমন ছিলাম। কিন্তু এ দিনের শুরুটা একদম নিখুঁত ছিল।
 গ্র্যান্ড স্লাম জেতার অনুভূতিটা আসলে কেমন?
ভাভরিঙ্কা: সত্যি বললে আমি কিছুই টের পাচ্ছি না। এখনো মনে হচ্ছে, যেন স্বপ্ন দেখছি। অদ্ভুত একটা অনুভূতি। আমি সব সময় আগের ফাইনালগুলো দেখার চেষ্টা করি, কারণ সেরারা এখানেই খেলে। গ্র্যান্ড স্লাম জেতা দূরে থাক, আমি ফাইনালে ওঠার আশাই করিনি কখনো। পুরো টুর্নামেন্টে যেমন খেলেছি তা আমার কাছেই বিস্ময় হয়ে আছে। জানি রাফা চোটে ভুগছিল, কিন্তু প্রথম সেটে যেমন খেলেছি সেটি আমার নিজের সেরা।
 রজারকে (ফেদেরার) নিয়ে কিছু বলুন, তাঁর সমর্থন আপনার কাছে কতটুকু গুরত্বপূর্ণ ছিল? ম্যাচের পর রজারের কাছ থেকে কিছু শুনেছেন?
ভাভরিঙ্কা: হ্যাঁ, রজার আমার ভালো বন্ধু। আমার কাছে সেই সর্বকালের সেরা। অনেক দিন ধরেই সে খেলছে। গত বছর ওর ভালো কাটেনি। তার পরও রজার অসাধারণ একজন খেলোয়াড়। সব সময় আমাকে টেক্সট করে। ইউএস ওপেনে হেরে যাওয়ার পরও ম্যাচের আগে আমাকে টেক্সট করেছিল।
 আপনার কাছে কোনটা বেশি বিস্ময়কর ছিল, গ্র্যান্ড স্লাম জেতা নাকি র‌্যাঙ্কিংয়ের তিনে ওঠা?
ভাভরিঙ্কা: সত্যি বললে দুটোই আমার কাছে বড় চমক। তবে গ্র্যান্ড স্লাম জেতাই একটু বেশি বিস্ময়কর হয়ে এসেছে। গত দশ বছর শুধু দেল পোত্রো ছাড়া চারজন (জোকোভিচ, নাদাল, মারে, ফেদেরার) মিলেই তো সব গ্র্যান্ড স্লাম জিতেছে।
 নাদাল যখন মেডিকেল টাইম আউট নিচ্ছিল, আম্পায়ারের সঙ্গে তখন আপনার তর্ক হচ্ছিল। আপনি ফ্রেঞ্চ ভাষায় কথা বলেন, আম্পায়ারও তাই। কিন্তু ওই সময় কথা বলেছিলেন ইংরেজিতে। আপনি কি চাইছিলেন সবাই এটা শুনুক?
ভাভরিঙ্কা: আমি জানতাম না উনি ফ্রেঞ্চ বলতে পারেন। আমরা তো ইংরেজিতেই কথা বলি। কিন্তু আপনারা কি এটা শুনেছিলেন?
 হ্যাঁ, সবাই শুনেছে।
ভাভরিঙ্কা: তাহলে তো উত্তরটা পেয়েই গেলেন ।
 আম্পায়ারের সঙ্গে কী নিয়ে তর্ক হচ্ছিল আপনার?
ভাভরিঙ্কা: আমি জানতে চাইছিলাম রাফার আসলে কী হয়েছে? আমি জানতাম না ওর সমস্যা কী? সাধারণত ফিজিও মাঠে এলে আম্পায়াররা সেটি প্রতিপক্ষকে জানান। তিনি বলতে চাচ্ছিলেন না, এটা নিয়েই একটু কথাবার্তা হচ্ছিল আর কী!
 নাদাল যখন ফিরে এলেন তখন দর্শকেরা তাঁকে দুয়ো দিচ্ছিল। অবাক হয়েছিলেন এতে?
ভাভরিঙ্কা: হ্যাঁ, আমার মনে হয় এটা ভালো কিছু ছিল না, বিশেষ করে রাফার জন্য। আমরা সবাই জানি ও কতটা বড় মাপের মানুষ। সব সময়ই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে।
 এই জয় উদ্যাপন করবেন কীভাবে?
ভাভরিঙ্কা: জানি না। আমার পরিবার বা টিমের সঙ্গেই করব হয়তো। আজ অবশ্য মাতাল হওয়ার বেশ ভালো একটা সম্ভাবনা আছে আমার!