'গ্র্যান্ড স্লাম রেকর্ডের চেয়ে বর্ণবাদের বৃত্ত ভাঙা কঠিন'

তিনি নারী, তার ওপর আবার কৃষ্ণাঙ্গ। বর্ণ আর লৈঙ্গিক বৈষম্য কী জিনিস, এটা সেরেনা উইলিয়ামস তাই ভালোই জানেন। শুরু থেকেই এর বিরুদ্ধে বেশ সোচ্চারও কিংবদন্তি এ টেনিস তারকা। গত পরশু কৃষ্ণাঙ্গ নারীদের সমান বেতন দিবস উপলক্ষে ফরচুন সাময়িকীতে লেখা এক কলামে আরও একবার এ বিষয়টি সামনে নিয়ে এলেন সেরেনা। তথ্য-উপাত্ত দিয়ে দেখিয়েছেন যুক্তরাষ্ট্রে পুরুষদের তুলনায় কৃষ্ণাঙ্গ নারীরা কতটা অবহেলিত। অন্য কৃষ্ণাঙ্গ নারীদেরও উৎসাহিত করেছেন এ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল উইমেন্স ল সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী, সেখানকার একজন শ্বেতাঙ্গ পুরুষ যে কাজ করে এক ডলার পান, একজন কৃষ্ণাঙ্গ নারী সেই কাজ করেই পান মাত্র ৬৩ সেন্ট। এমনকি একজন শ্বেতাঙ্গ নারীর চেয়েও একজন কৃষ্ণাঙ্গ নারীর বেতন ১৭ শতাংশ কম। বেতন-ভাতায় কৃষ্ণাঙ্গ নারীরা তো বটেই, বর্ণনির্বিশেষে নারীরাই কত পিছিয়ে, সেটা বোঝা যাবে আরও একটা উদাহরণ দিলে। ফোর্বস সাময়িকীর সর্বশেষ হিসাব অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি আয় করা নারী অ্যাথলেট সেরেনা। কিন্তু নারী-পুরুষদের সম্মিলিত তালিকায় সেরেনার অবস্থান ৫১ নম্বরে!
শুধু বেতন-ভাতা নয়, সমাজের অন্যান্য ক্ষেত্রেও বৈষম্যের শিকার কৃষ্ণাঙ্গ নারীরা। টেনিস খেলোয়াড় হিসেবে কিংবদন্তিতে পরিণত হওয়ার পরও কয়েক দিন আগেই সেরেনা নিজে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জেতা সেরেনা তাই লিখেছেন, ‘আমাকেও এ বৈষম্যের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমার পুরুষ সহ-খেলোয়াড়েরাই আমাকে অসম্মান করেছেন। যেটা আমার ক্যারিয়ারের সবচেয়ে যন্ত্রণাদায়ক মুহূর্ত। কোর্টে ও কোর্টের বাইরে আমাকে বর্ণবাদী মন্তব্য শুনতে হয়েছে।’
একজন কৃষ্ণাঙ্গ নারী হয়ে প্রতিনিয়ত এসবের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়াটা যে কতটা কঠিন, তা-ও বোঝা যাবে সেরেনার কথায়, ‘সমাজের এই বৈপরীত্য, লিঙ্গ ও গায়ের রং নিয়ে বৈষম্যের বৃত্ত ভাঙা গ্র্যান্ড স্লাম রেকর্ড ভাঙার চেয়েও কঠিন।’
কিন্তু কঠিন হলেও হাল ছাড়তে রাজি নন সেরেনা। এ লড়াইয়ে আরও সোচ্চার হওয়ার জন্য অনুরোধ করেছেন কৃষ্ণাঙ্গ নারীদের, ‘আমি বিশ্বাস করি, একজন নারীর সম-অধিকার প্রাপ্য। আমার মা, আমার মেয়ে, আমার বন্ধু, আমার বোন, আমার আত্মীয় সবারই। সুতরাং, কৃষ্ণাঙ্গ নারীরা, এবার সোচ্চার হও। সমঅধিকার এবং সম-পারিশ্রমিকের জন্য। তোমরা যতবার আওয়াজ তুলবে, ততই সহজ হবে আগামী প্রজন্মের জীবন।’ এএফপি।