জাতীয় সাব-জুনিয়র দাবা প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঢাকার বাইরে। নাটোরে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে পরশু টাইব্রেকে জিতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ইকরামুল হক (সিয়াম)। জয়ের পর নিজের অনুভূতি ও অন্যান্য প্রসঙ্গে কথা বলল ১৩ বছর বয়সী এই কিশোর... জাতীয় সাব-জুনিয়র টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে নিশ্চয়ই দারুণ খুশি...ইকরামুল হক (সিয়াম): অবশ্যই। খুবই খুশি লাগছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। ঢাকার বাইরে খেলতে গিয়ে কেমন লাগল?ইকরামুল: এর আগে এক দিনের একটা টুর্নামেন্টে খেলেছি ময়মনসিংহে। তবে এবার আমরা সবাই অনেক মজা করেছি। শেষ রাউন্ডে আবদুল্লাহ আল সাইফের সঙ্গে তোমার তো হাড্ডাহাড্ডি লড়াই হলো...ইকরামুল: আমার জিততে বেশ কষ্টই হয়েছে। আমাদের দুজনকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করলেই মনে হয় ভালো হতো। সাইফ তো দারুণ খেলেছে। ও প্রথম ম্যাচে যে ভার্সনে খেলেছে সেটি ছিল ফ্রিটজ টুয়েলভ ভার্সন। ওই ভার্সনে আমার জানা মতে ওকে কেউই হারাতে পারেনি। এবার ওকে হারিয়েছি। আমি অনেক কষ্টে ওর এই গেমটা উদ্ধার করেছি। ওটা প্রায় চার মাস ধরে অনুশীলন করেছি। এরপর ওকে হারিয়েছি। এই গেমটা কোত্থেকে শিখলে?ইকরামুল: গত বছর আমি কলকাতায় গিয়েছিলাম স্কুল টেলিগ্রাফে খেলতে সেখান থেকে এই গেমের সিডি কিনে আনি। বাবা-মা কি উৎসাহ দেন খেলার ব্যাপারে...ইকরামুল: বাবা-মা প্রথম দিকে একটু রাগ করতেন, বকাঝকা করতেন। কিন্তু পরে যখন বিভিন্ন মানুষের কাছে শুনতে লাগলেন যে আমি ভালো করছি, তখন আর ওনারা রাগ করতেন না। দাবায় কতটুকু সময় দাও, প্র্যাকটিস করো কত ঘণ্টা?ইকরামুল: প্রতিদিন যখনই ফ্রি থাকি তখনই দাবা খেলি। এ ছাড়া নিয়মিত দুই ঘণ্টা করে তো খেলা হয়-ই। লেখাপড়ায় ব্যাঘাত ঘটে না তোমার?ইকরামুল: একটু তো ঘটেই। এবার যেমন নাটোরে খেলতে গেলাম বলে নবম শ্রেণীতে এখনো নাম নিবন্ধনও করতে পারিনি। তবে আমি পড়াশোনাটা ঠিক রেখেই দাবা খেলি। কোন স্কুলে পড়ছ?ইকরামুল: মতিঝিল মুসলিম মডেল হাইস্কুলে ক্লাস নাইনে পড়ছি। কম্পিউটারে কি দাবা খেলো?ইকরামুল: কম্পিউটারে প্র্যাকটিস করি। কিন্তু ওই যে বললাম, ইন্টারনেট নেই বলে সিডি থেকে গেম ডাউনলোড করে সেগুলোই বারবার খেলি। তোমার আদর্শ কে?ইকরামুল: আমি ওইভাবে কারও খেলা অনুসরণ করি না। আমার বাসায় ইন্টারনেটের লাইন নেই। নেট থাকলে অনলাইন গেম খেলতে পারতাম। সেখানে কারও খেলা হয়তো সেভাবে অনুসরণ করতে পারতাম। ভবিষ্যতে তোমার স্বপ্ন কী?ইকরামুল: আমি নিজেকে একজন জিএম (গ্র্যান্ডমাস্টার) হিসেবে দেখতে চাই। তোমার কোচ কে?ইকরামুল: জাতীয় খেলোয়াড় সোহেল চৌধুরী।