‘ঘরের ছেলে’রা জেতাল ভারতকে
স্বপ্নের মতো কিছু করে দেখাতে চেয়েছিলেন ময়েজেস হেনরিকেস ও নাথান লায়ন। শেষ উইকেটে দারুণ এক জুটি গড়ে নিশ্চিত ইনিংস পরাজয় থেকে রক্ষা করেছেন দলকে। ম্যাচ নিয়ে গেছেন পঞ্চম দিনে। কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। বাস্তবতা যেন বড় নির্মম হয়েই দেখা দিল হেনরিকেস ও লায়নের সামনে। শেষ উইকেটে ৬৬ রানের জুটিটি আরও একটু বড় হলে অবশ্য ২০০৪ সালের মুম্বাই টেস্টের স্মৃতি ফিরিয়ে নিয়ে আসার লক্ষ্যে নামতে পারত অস্ট্রেলিয়া। তবে আপাতত চেন্নাই অতীতের পথে না হেঁটে বর্তমানেই থাকল। ৬৬ রানে শেষ জুটি ভাঙার পর ভারতের সামনে লক্ষ্য ছিল মাত্র ৫০ রানের। দুটি উইকেট হারিয়ে সে লক্ষ্য ভারত ছুঁয়েছে মাত্র ১১.৩ ওভার খেলেই। মুরলি বিজয় ৬ এবং বীরেন্দর শেবাগ ১৯ রানে আউট হন। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন শচীন টেন্ডুলকার (১৩*) ও চেতেশ্বর পূজারা (৮*)।চতুর্থ দিনেই চেন্নাই টেস্টের গতি-প্রকৃতি নির্ধারিত হয়ে যায়। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৮০ রানের জবাবে ৫৭২ রান করে ১৯২ রানের লিড নেওয়ার পরই ম্যাচের চিত্রনাট্য ঝুঁকে পড়ে ভারতের দিকে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার তোপে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং পথ হারিয়ে বসে। ময়েজেস হেনরিকেসের অপরাজিত ৮১ রান ইনিংস পরাজয় এড়িয়ে ম্যাচে পঞ্চম দিনে নিলেও বড় পরাজয় রোধ করতে পারেনি। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভারত সফরটা বড় বাজেভাবে শুরু হলো অস্ট্রেলিয়ার।চেন্নাই টেস্ট ভারতীয় ব্যাটিং লাইনআপের নিজেদের ফিরে পাওয়ার মঞ্চ বললে খুব একটা বাড়াবাড়ি করা হবে না। দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজে ব্যাটসম্যানদের ব্যর্থতা যখন সমালোচনার বন্যা বইয়ে দিয়েছে, ঠিক তখনই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পুরোনো রূপেই ভারতের ব্যাটিং। গৌতম গম্ভীরকে বাদ দিয়ে মুরলি বিজয় দলে ঢুকলেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি তিনি। তবে কাজের কাজটি করেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২২৪ রানের অনবদ্য এক ইনিংস খেলে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেলে ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছেন। নিজেকে প্রমাণের জন্য শচীন টেন্ডুলকারের চোয়ালবদ্ধ ৮১ রানের ইনিংসের পাশাপাশি বিরাট কোহলির শত রান অস্ট্রেলিয়াকে ছিটকে দিয়েছে খেলা থেকে। ব্যাটসম্যানদের পাশাপাশি দেশের স্পিনার, বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনও প্রত্যাশা পূরণ করেছেন বেশ ভালোভাবেই। দুই ইনিংস মিলে তাঁর উইকেটসংখ্যা ১২। রবীন্দ্র জাদেজাও কম যাননি। দুই ইনিংসে ঝুলিতে ভরেছেন ৫টি উইকেট। দলে ফিরে হরভজনও উইকেটশূন্য থাকেননি।বাড়ি ঝাড়খণ্ড হলেও মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের ‘ঘরের ছেলে’ই। আইপিএলে অধিনায়ক হিসেবে খেলেন দক্ষিণের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপারকিংসে। ধীরে ধীরে নিজের ঘর হয়ে যাওয়া চেন্নাই তাঁকে এই টেস্টে উপহার দিয়েছে অনন্য এক দ্বি-শতক। ম্যাচ শেষে তাই উচ্ছসিত ধোনি। তিনি প্রশংসা করেছেন চেন্নাইয়ের দর্শকদের। সেই সঙ্গে নিজের ইনিংসে খেলা শটগুলোর কারণও ব্যাখা করেছেন। বলেছেন, টেস্ট ম্যাচ হলেও শট খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। শট না খেললে উইকেটের চারপাশে ঘিরে দাঁড়ানো ফিল্ডারদের হাতে জীবন দেওয়ার আশঙ্কার কথা শুনিয়ে ধোনি বলেছেন, ‘শট খেলে ফিল্ডারদের আমি ছড়িয়ে দিয়েছি। নিজের ওপর থেকে চাপও সরিয়ে দিয়েছি।’ ধোনি ভারতীয় ব্যাটসম্যানদের প্রশংসা করেন। চেন্নাইয়ের আরেক ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিনকে বলেছেন, ‘দুর্দান্ত।’পরাজিত মাইকেল ক্লার্ক এই পরাজয়ের জন্য ভারতীয়দের ‘অসাধারণ’ ক্রিকেটকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, মহেন্দ্র সিং ধোনির ইনিংসটি ছিল দারুণ। ম্যাচের চেহারাই পাল্টে দিয়েছে ধোনির ইনিংসটি। রবিচন্দ্রন অশ্বিনের বোলিংকেও তিনি ধোনির ইনিংসের সমানই নম্বর দিয়েছেন। সূত্র: রয়টার্স, ক্রিকইনফো।