‘ঘরের মাঠে’ সৌরভের হার
ঘরে ফেরাটা সুখকর হলো না সৌরভ গাঙ্গুলীর। জয় নিয়ে ফিরতে পারলেন না ‘ঘরের মাঠ’ ইডেন গার্ডেনস থেকে। কাল স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের কাছে ৭ রানে হেরে গেছে সৌরভের পুনে ওয়ারিয়র্স। দ্বাদশ ম্যাচে অষ্টম হার দলটিকে রেখেছে পয়েন্ট টেবিলে নিচের দিক দিয়ে দুইয়ে। অন্যদিকে ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে কলকাতা ধরে রেখেছে দ্বিতীয় স্থান।দাদার গৃহ প্রত্যাবর্তনের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন গৌতম গম্ভীর। ৫ উইকেটে ১৫০ রান করেছিল সাকিববিহীন কলকাতা। ৩৬ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন অধিনায়ক নিজেই। গম্ভীর-ম্যাককালামের (৪২) উদ্বোধনী জুটি ১২.৩ ওভারেই তুলেছিল ১১৩ রান। অথচ শেষ ৪৫ বলে মাত্র ৩৭ রান করে কলকাতা।এরপর পুনে ৫৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলার পর ক্রিজে আসেন সৌরভ। ষষ্ঠ উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে ৭৩ রান করে আশা জাগালেও সৌরভের (৩৬) বিদায়েই ক্ষীণ হয়ে যায় পুনের জয়ের আশা। শেষ ওভারে ১৮ রান দরকার হলেও ১০ রানের বেশি তুলতে পারেননি ম্যাথুস। ওয়েবসাইট।দিনের অন্য ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪৩ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। টানা চার হারের পর পাওয়া এই জয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে গেছে রাহুল দ্রাবিড়ের দল। ৭ রানে অজিঙ্কা রাহানে আউট হলেও দ্বিতীয় উইকেটে অধিনায়ক দ্রাবিড় ও শেন ওয়াটসনের ৬৯ রানের জুটিতে চড়ে ৬ উইকেটে ১৭৭ রানের পুঁজি পায় রাজস্থান। জবাবে ৮ উইকেটে ১৩৪ রান পর্যন্ত যেতে পেরেছে কিংস ইলেভেন।