'ঘরে' ফিরলেন কাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু পরই ধরতে হবে মিলানের উড়ান। মাদ্রিদ বিমানবন্দরে জড়ো হয়েছেন অনেক সাংবাদিক, কাকা বললেন, ‘ঘরে ফিরছি আমি।’ সেই মিলানে ফিরে যাচ্ছেন কাকা, যেখানে বিশ্ব ফুটবলের সামনে মেলে ধরেছিলেন নিজেকে। এটি তাই শুধু পুরোনো ক্লাবে নয়, যেন নিজভূমেও ফেরা!
জল্পনা চলছিল অনেক দিন থেকেই। কদিন আগে নিজের মুখেই কাকা জানিয়ে দেন, এবার রিয়াল ছাড়তে চান। দলবদলের শেষ দিনে কাল মিলান নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে, কাকাকে আবার দুই বছরের জন্য ফ্রি ট্রান্সফারে দলে নিয়ে আসছে তারা। প্রতি মৌসুমে মিলানে তাঁর বেতন ৪০ লাখ ইউরো, রিয়ালের চেয়ে যা অনেক কম।
একসময় এই কাকাকে কিনতে দলবদলের বিশ্ব রেকর্ড করেছিল রিয়াল। ২০০৯ সালে ছয় কোটি ৫০ লাখ ইউরো চুক্তিতে কাকা এসেছিলেন বার্নাব্যুতে। কিন্তু মাদ্রিদে কখনোই সেভাবে থিতু হতে পারেননি, এ পর্যন্ত লা লিগায় খেলেছেন মাত্র ৮২টি ম্যাচ। চোট ও ফর্মহীনতায় মিলানের সেই দুর্দান্ত কাকাকে পাওয়া যায়নি। এই মৌসুমে প্রথম দুই ম্যাচের বদলি তালিকাতেও ছিলেন না। কাকা বুঝতে পেরেছিলেন, মাদ্রিদে তিনি ব্রাত্য হয়ে পড়েছেন। চুক্তি পাকাপাকি হওয়ার পর উচ্ছ্বাস ঝরে পড়ল তাঁর কণ্ঠে, ‘আমি খুবই খুশি, পুরো ব্যাপারটা সারতে লম্বা সময় লেগেছে। আমি সমর্থক ও সতীর্থদের সবকিছুর জন্য ধন্যবাদ দিতে চাই।’
মিলানে কাকার প্রথম অধ্যায়ের শুরুটা ২০০৩ সালে। সাও পাওলো থেকে এসেছিলেন মাত্র ৮৩ লাখ ইউরোর চুক্তিতে! সেই কাকাই পরে মিলানকে জিতিয়েছেন সিরি আ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ। নিজে জিতেছিলেন ব্যালন ডি’অর। মিলান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি কদিন আগেই বলেছেন, ‘কাকা আমাদের দলকে শক্তিশালী করবে। সে সব্যসাচী খেলোয়াড়। তার টেকনিক্যাল সামর্থ্য দলের জন্য অনেক বড় কিছু।’
শেষ দিনের নাটকে কাল অবশ্য বড় একটা গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল বাতাসে। আর্সেনাল নাকি চার কোটি ৭০ লাখ ইউরোয় রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার মেসুত ওজিলকে নিয়ে এসেছে! এএফপি।