'ঘুম' ভাঙানো হচ্ছে শুমাখারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারি শুরুর আগেই কোমায় চলে গিয়েছিলেন। জানুয়ারিই শেষ হয়ে গেল। এ যেন রিপ ভ্যান উইঙ্কেলের সেই দীর্ঘ ঘুম। চিকিত্সার প্রয়োজনে কৃত্রিম কোমায় রাখা হয়েছিল মাইকেল শুমাখারকে। এবার চিকিত্সকেরা তাঁকে ধীরে ধীরে জাগিয়ে তোলার কাজ শুরু করেছেন। যে ওষুধের সাহায্যে তাঁকে অচেতন করে রাখা হয়েছিল, সেই ওষুধের মাত্রা কমিয়ে দেওয়া হচ্ছে। তবে শুমাখার কবে চেতনা ফিরে পাবেন, সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তাঁর এক মুখপাত্র বলেছেন, ‘মাইকেলকে চেতনানাশক ওষুধ কম করে দেওয়া শুরু হয়েছে। এতে করে ওকে জাগিয়ে তোলার কাজ শুরু হলো, যেটা অনেক দিন ধরে চলতে পারে।’

গত ২৯ ডিসেম্বর স্কি দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার পর থেকেই হাসপাতালে অচেতন হয়ে শুয়ে আছেন ফর্মুলা ওয়ানের এই কিংবদন্তি চালক। তাঁকে জাগিয়ে তোলার প্রক্রিয়া সফল হলেও তিনি ঠিক কোন অবস্থায় থাকবেন, সেটিও কিছু জানানো হয়নি। শুমাখার মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

এর আগে শোনা গিয়েছিল, শুমাখারের কোমা থেকেই ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ। এখন ধীরে ধীরে আশার আলো অন্তত জ্বলতে শুরু করেছে। অবশ্য কারও কারও অনুমান, শুমাখার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন না আর কখনোই। তা যদি নাও হয়ে, ভক্তরা হয়তো মেনেই নেবেন। মৃত্যুর সুড়ঙ্গ থেকে শুমাখারের আবার জীবনে ফিরে আসাটাই এই হবে সবচেয়ে বড় সুখবর।

ক্যাপ: মৃত্যুকে হারিয়ে দিয়ে আবার ফিরবেন শুমাখার—ভক্তদের এটাই প্রত্যাশা