'ঘেউ ঘেউ' করেছে অষ্ট্রেলিয়ার ফিল্ডাররা!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এক সিরিজ গেলো অস্ট্রেলিয়ার। কেপটাউন টেস্টের শেষ দিনের শেষ বিকেলে রোমাঞ্চকর এক জয়ে সিরিজ পকেটে পুরেছে মাইকেল ক্লার্কের দল। তবে দারুণ সিরিজ জয়ের পরও সমর্থক ও সংবাদমাধ্যমের মন পাচ্ছেন না ক্লার্ক-ওয়ার্নাররা। কেন? আচরণগত সমস্যা। হ্যাঁ, মাঠে অস্ট্রেলিয়া দলের ‘অভব্য আচরণে’ হতাশ দর্শকেরা।
কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়া দলের আচরণ নিয়ে ‘নিউজ লিমিটেড’ এর কলামিস্ট রবার্ট ক্রাডক মনে করেন, আচরণগত সমস্যা সামলানোই হবে অস্ট্রেলিয়া কোচের বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে শীর্ষে নিতে জোর চেষ্টায় তত্ত্বাবধান করছেন ড্যারেন লেম্যান। তাঁর পরবর্তী চ্যালেঞ্জ দলটিকে সামলানো। দলের ভালো ক্রিকেট খেলা দেখতে চায় সমর্থকেরা। তবে তাদের আচরণ ভালো করার দাবিতে ঝড় উঠেছে অস্ট্রেলিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে।’
দেখা গেছে, মাইকেল ক্লার্ক আম্পায়ারদের সামনে ক্রুদ্ধ আচরণ করেছে। ব্যাটসম্যানদের আউটের পর অস্ট্রেলিয়ান ফিল্ডাররা কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে। দলের খেলোয়াড়দের এমন আচরণে দারুণ সাফল্যের পরও দর্শকেরা তাই উচ্ছ্বাস দেখাচ্ছে না।’
তবে ফ্যাপ ডু প্লেসিস আউট হওয়ার পর অস্ট্রেলিয়ান ফিল্ডারদের আচরণের পেছনে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের একটি মন্তব্য নাকি দায়ী। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ‘কুকুরের মতো’ ডাকাকে নবিশি ও শিশুতোষ আচরণ বলছেন এবং একে মজার একটি ঘটনা হিসেবেই দেখছেন। তিনি বলেছেন, ‘ওরা নবিশ ক্রিকেটারদের মতো আচরণ করেছে। কিন্তু সে (ডু প্লেসিস) কদিন আগে কী মন্তব্য করেছিল, সেটিও জানতে হবে। কিছু লোক বিষয়টিকে হালকাভাবে দেখছে না, কিন্তু আমি দেখেছি।’
এর আগে পোর্ট এলিজাবেথে অস্ট্রেলিয়ার হারের পর দক্ষিণ আফ্রিকানদের বিরুদ্ধে বল বিকৃতির অবান্তর অভিযোগ তুলে আইসিসির জরিমানা গুনেছিলেন ডেভিড ওয়ার্নার। এএফপি।