'ঘোড়ারোগ'-এর ওষুধ চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচশেষে দুই দলের খেলোয়াড়েরা যখন মাঠ ছাড়ছিলেন, গ্যালারি থেকে ভেসে আসছিল অবিশ্রান্ত দুয়ো। দারুণ সব গোলে, মুগ্ধতা-জাগানিয়া সব ম্যাচে যেখানে দুর্দান্ত বিজ্ঞাপন হয়ে থাকছে বিশ্বকাপের, সেখানে পরশুর ম্যাচটা যেন হাঁটল একেবারেই উল্টো পথে। রোমাঞ্চ-উত্তেজনা দূরে থাক, নাইজেরিয়া-ইরান ম্যাচে তো গোলই হয়নি। একটা ইতিহাসের সাক্ষীও হয়ে থাকল কুরিতিবা, ব্রাজিল বিশ্বকাপের প্রথম ড্রটা হলো এখানেই।
এমনিতেই রক্ষণাত্মক খেলার জন্য ইরানের ‘সুনাম’ আছে। তারা বেশির ভাগ সময় নিজেদের অর্ধেই থাকবে, সেটাই ছিল স্বাভাবিক। তবে নাইজেরিয়া সেই সুযোগ নিয়ে প্রতিপক্ষের ওপর চড়ে বসতে পারল কই? ধীরস্থির হয়ে আক্রমণে যাওয়ার দিকে তাদের খুব একটা মনোযোগ ছিল না। বরং একের পর এক লক্ষ্যহীন ক্রস, উদ্দেশ্যহীন পাস আর নিষ্ফলা কিছু ঝটিকা আক্রমণ করে গেল নাইজেরিয়া। কোচ স্টিভেন কেশি সেটা নিয়ে রাগ ঝাড়তে ভুললেন না, ‘ওরা ঘোড়ার মতো গিয়ে দুই মিনিটে সবকিছু শেষ করতে চেয়েছিল। কিন্তু ওদের ধৈর্য ধরতে হবে।’
তাহলে কি প্রথম ম্যাচ বলেই বেশি স্নায়ুচাপে ভুগছিলেন মিকেলরা? কেশির কণ্ঠে সে রকমই আভাস, ‘ওরা একটু বেশিই উদ্বিগ্ন ছিল। আমাদের ছেলেরা ২৫ মিনিটের মধ্যে খেলা শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু তারা একটু বেশিই চেষ্টা করে ফেলেছে। সে কারণেই হতাশা তাদের জেঁকে ধরেছে। আমরা খুব খারাপ খেলিনি, শুধু গোল পাইনি।’ নাইজেরিয়া মিডফিল্ডার মিকেলও হতাশ। তবে সেটা চেপে সামনের দিকেই তাকাচ্ছেন, ‘ড্র খুব খারাপ কোনো ফল নয়। আমাদের এখনো দুটি ম্যাচ বাকি আছে, পরের ম্যাচটা আমাদের ও বসনিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
ইরানের জন্য অবশ্য ড্রটা অনেক বেশি স্বস্তির। বিশ্বকাপে আগের তিন আসরে প্রথম তিন ম্যাচেই হারতে হয়েছিল ‘টিম মেল্লিকে’। সেটাই বেশি আপ্লুত করছে ইরান কোচ কার্লোস কুইরোজকে, ‘আমার খেলোয়াড়দের প্রশংসা আমাকে করতেই হবে। এই ড্র ওদের প্রাপ্যই ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রুপটা এখন উন্মুক্ত।’ এএফপি, রয়টার্স৷