'চমকে দিতে পারে আর্জেন্টিনা বা চিলি'

জার্মানির হয়ে মাইকেল বালাক খেলেছেন ৯৮টি ম্যাচ। দুটো বিশ্বকাপে খেলেছেন, নেতৃত্ব দিয়েছেন ঘরের মাঠের বিশ্বকাপেও। বিশ্বকাপের আগমুহূর্তে নিশ্চিতভাবেই মনে পড়বে তিনবারের জার্মান বর্ষসেরা এই ফুটবলারের কথা। এবারের আসরে অবশ্য আর বালাককে খেলার মাঠে দেখা যাবে না। তবে বিশ্বকাপের সময় ধারাভাষ্যকারের ভূমিকা নিয়ে বালাক ঠিকই যাবেন ব্রাজিলে। ফিফা ডটকমকে দেওয়া সাক্ষাত্কারে বালাক বলেছেন নিজ দেশের বিশ্বকাপ সম্ভাবনাসহ অনেক বিষয় নিয়ে—
প্রশ্ন: কিছুদিন পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ। ব্রাজিলের মতো ফুটবলপাগল দেশে টুর্নামেন্টটা কেমন হবে বলে আশা করছেন?
বালাক: দারুণ একটা আসরই হবে। ব্রাজিলের মানুষ ফুটবল নিয়েই বাঁচে। আয়োজক হিসেবে তারা দারুণ একটা পরিবেশই তৈরি করবে বাকি দুনিয়ার জন্য। ব্রাজিলে গিয়েই দেখুন বা টেলিভিশনে, সেই অনুভূতিটা আপনি পেয়ে যাবেন। ব্রাজিলিয়ানরা খুবই আবেগী, ফুটবল তাদের জন্য অনেক অর্থ বহন করে। আর আমার মনে হয় আমরা একটা দুর্দান্ত বিশ্বকাপের দিকেই তাকিয়ে আছি। ব্রাজিলিয়ানদের মতো ফুটবল নিয়েই বাঁচে, এমনটা আর কোথায় আছে? মূল প্রতিযোগিতা শুরু হওয়ার পর আমরা সত্যিই সেই উত্তেজনা অনুভব করতে পারব।
প্রশ্ন: ব্রাজিল কি বিশ্বকাপ জিততে পারে?
বালাক: হ্যাঁ! সাম্প্রতিক বছরগুলোতে তারা কিছু কঠিন সময় কাটিয়েছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কনফেডারেশনস কাপে তারা প্রমাণ করেছে যে দেশের মাটিতে ব্রাজিল কী করতে পারে। এ কারণেই তারা এবারের আসরের অন্যতম প্রধান ফেভারিট।
প্রশ্ন: জার্মানিকেও বিবেচনা করা হচ্ছে অন্যতম ফেভারিট হিসেবে। আপনি কী ভাবছেন?
বালাক: দক্ষিণ আমেরিকাতে গিয়ে সফল হওয়াটা যে কারও জন্যই কঠিন। কোনো ইউরোপিয়ান দেশ এখন পর্যন্ত সেখানে গিয়ে শিরোপা জিততে পারেনি। এখনো কাজটা সহজ হবে না। তার পরও স্পেন আর জার্মানি অন্য সবার চেয়ে এগিয়ে আছে। জার্মানির দলটা খেলার ধরনে অনেক উন্নতি করেছে। শিরোপার অন্যতম দাবিদার হওয়ার যোগ্যতাও আছে। তবে সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত যেতে পারলে তাদের কিছুটা ভাগ্যের ছোঁয়াও লাগবে।
প্রশ্ন: অনেক দিন হলো জার্মানি কোনো শিরোপা জেতেনি। এর কারণ কী?
বালাক: শিরোপা জয়ের জন্য কয়েকটি জিনিসের সমন্বয় দরকার। জয়ের অদম্য আকাঙ্ক্ষা, ভালো একটা দলীয় মানসিকতা ও দুর্দান্ত কিছু ব্যক্তিগত পারফরম্যান্স। অবশ্যই সঠিক সময়ে ভাগ্যের সহায়তাও কিছুটা দরকার হয়। অভিজ্ঞতাও একটা ভালো ভূমিকা পালন করে। আপনি স্পেনের বর্তমান দলটার কথা ভেবে দেখুন। তারা প্রতিটা টুর্নামেন্টে অংশ নেয় তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের দারুণ এক সমন্বয় নিয়ে। জয়ের ক্ষুধাও তাদের সব সময় থাকে। এবার জার্মানির সবকিছু ঠিকঠাক থাকলে শিরোপা তারা জিততেই পারে। এর আগের প্রতিযোগিতাগুলোতে অংশ নিয়েছে এমন অভিজ্ঞ খেলোয়াড় দলে আছে। অনেকেই বায়ার্ন মিউনিখের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে। অনেকেই বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ফাইনাল খেলেছে। এগুলো বিশ্বকাপে যাওয়ার আগে খেলোয়াড়দের অনেক আত্মবিশ্বাসী করে তুলবে।
প্রশ্ন: জার্মানির গ্রুপ পর্বের প্রতিপক্ষ ঘানা, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রকে নিয়ে আপনার মতামত কী?
বালাক: গ্রুপটা অবশ্যই সহজ নয়। তার পরও জার্মানিই ফেভারিট। এখানে ইউরোপের আরেকটি শক্তিশালী দল পর্তুগাল আছে। ঘানাও আফ্রিকার অন্যতম সেরা দল। আর যুক্তরাষ্ট্র ইয়ুর্গেন ক্লিন্সম্যানের তত্ত্বাবধানে অনেক উন্নতি করেছে। তারা শারীরিকভাবে খুবই শক্তিশালী আর যে কোনো বড় দলকেই অঘটনের মুখে ফেলতে পারে। তার পরও আমার মনে হয় জার্মানি দ্বিতীয় পর্বে চলে যাবে।
প্রশ্ন: কোন কোন দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে আপনি মনে করছেন?
বালাক: গত কয়েক আসরে যে দলগুলো সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছে তাদের কথাই বলতে হবে। গতবারের শিরোপাজয়ী স্পেন তো আছেই। আমি ইতালির কথাও বলব। এদের বিরুদ্ধে খেলতে জার্মানির সব সময়ই সমস্যা হয়েছে। শুরুর ম্যাচগুলোতে কেমন করছে সেটা দেখেই ফ্রান্সের কথা বলতে হবে। কারণ বাছাইপর্ব পেরোতে তাদের বেশ কষ্ট হয়েছে। কিন্তু দক্ষিণ আমেরিকার দেশগুলো, যেমন আর্জেন্টিনা বা চিলি সবাইকে চমকে দিতে পারে। কারণ তারা সেখানকার আবহাওয়ায় স্বাচ্ছন্দ্যে খেলতে পারে।
প্রশ্ন: ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালে আপনি হলুদ কার্ড দেখেছিলেন। সেটি ছিল সেবারের আসরে আপনার আপনার দ্বিতীয় হলুদ কার্ড। এর জন্য আপনি ফাইনালেও খেলতে পারেননি। রেফারি যখন আপনাকে কার্ডটা দেখালেন তখন আপনার কী মনে হয়েছিল?
বালাক: যখন এ রকম কিছু ঘটে, তখন কী হচ্ছে সেটা তাত্ক্ষণিকভাবে বুঝে ওঠা যায় না। অবশ্যই আমি হতাশ হয়েছিলাম। কিন্তু ম্যাচ শেষে সবার সঙ্গে বিজয় উদযাপন করেছি আর চেয়েছি যে দল যেন ফাইনালে জিততে পারে। আমার ভাগ্য সত্যিই খুব খারাপ ছিল। কিন্তু এটাই ফুটবল। এটা মেনে নেওয়ার মতো পেশাদারি মনোভাব আপনার থাকতে হবে। কিন্তু সেই মুহূর্তে এটা মেনে নেওয়া খুবই কঠিন ছিল।