‘চমক’ দেবে আর্চারি, গলফের আশা সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবার অলিম্পিক পদক জিতেছেন। ১৯৮৮ সিউলে এবং ১৯৯২ বার্সেলোনায় আর্চারিতে ব্রোঞ্জ জিতেছিলেন রিচার্ড জন প্রিয়েস্টম্যান। গত আগস্ট থেকে দায়িত্ব নেওয়া প্রিয়েস্টম্যানের হাত ধরেই আসন্ন দক্ষিণ এশীয় গেমসে আর্চারিতে ‘চমক’ দেখাতে চাইছে ফেডারেশন।চমক বলতে সোনা জয়। তবে কর্তারা কথা বলছেন ঘুরিয়ে-ফিরিয়ে। আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন আহমেদ বললেন, ‘আমরা এখনই বলব না যে হাতি-ঘোড়া মারব। তবে একটা চমক দিতে পারব আশা করি।’কাল বিওএ ভবনে চূড়ান্ত দল ঘোষণার সময় সেই তালিকায় তীরন্দাজ শেখ সজীব, ইমদাদুল হক, সাজ্জাদ হোসেনদেরই তুলে ধরা হলো ‘চমকের’ প্রধান সারথি হিসেবে। তাঁরা আন্তর্জাতিক অঙ্গনে পরীক্ষিত। গত বছর সেপ্টেম্বরে কলকাতায় চতুর্থ এশিয়ান গ্রাঁ প্রিঁতে সোনা জিতেছেন সাজ্জাদ। পরে অক্টোবরে পঞ্চম এশিয়ান গ্রাঁ প্রিঁতে বিকেএসপিতে চুল পরিমাণ ব্যবধানে রুপা জেতেন ইমদাদুল হক। নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে এশিয়ান যুব অলিম্পিকের আঞ্চলিক বাছাইয়ে সোনা জিতে এ বছর সিঙ্গাপুরে অনুষ্ঠেয় যুব অলিম্পিকে খেলার সুযোগও পেয়েছেন। এই দুজনই মনে করেন, এসএ গেমসে সোনা জেতাটা হবে তাদের ক্যারিয়ারের আরেক স্মরণীয় অধ্যায়।মেয়েদের মধ্যে মাথুই প্রু মারমা, নাজমিন, রিনা ও বিউটি উদীয়মান খেলোয়াড়। তাদের নিয়েও আশা আছে আর্চারি ফেডারেশনের। মাথুই বালিতে মেয়েদের একক ইভেন্টে কোয়ার্টার ফাইনালে উঠলেও শুধু অভিজ্ঞতার কারণেই হেরেছিলেন। ঢাকায় এই ফলাফলকে ছাড়িয়ে যাওয়ারই প্রত্যাশা পাহাড়ি মেয়েটির।গত এসএ গেমসে কলম্বোতে প্রথম অংশ নিয়ে পুরুষ এককে ও দলগত ইভেন্টে ১টি করে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। মেয়েরা ফিরেছিল খালি হাতে। এবার অবশ্য ভারতকেই মূল প্রতিদ্বন্দ্বী ভাবছেন খেলোয়াড়েরা।কোচ প্রিয়েস্টম্যানের প্রত্যাশা অবশ্য রুপাতেই সীমাবদ্ধ, ‘ভারতের ছেলেদের দলটা বিশ্ব র্যাঙ্কিংয়ে দ্বিতীয় ও মেয়েরা অষ্টম। তাই আমার লক্ষ্য অন্তত রুপা জেতা। তবে এখন যেভাবে প্র্যাকটিস করছি সেটা অব্যাহত থাকলে বাংলাদেশ হয়তো ২০১২ অলিম্পিকেও খেলতে পারবে।’এসএ গেমসে নতুন খেলা গলফেও সোনা জয়ের প্রত্যাশা বাংলাদেশের। কিন্তু দেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানই নেই চূড়ান্ত দলে! এসএ গেমসের চূড়ান্ত দলে ঠাঁই পেয়েছেন জামাল হোসেন, সাখাওয়াত হোসেন, দুলাল হোসেন ও জাকির হোসেন। সিদ্দিককে রাখতে না পারার ব্যাখ্যাও দিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল শফিকুজ্জামান, ‘সিদ্দিক পেশাদার গলফার। আর এসব ক্ষেত্রে নিয়ম হলো অ্যামেচার খেলোয়াড়দের নিয়েই দল গড়তে হবে।’ তবে জামাল, সাখাওয়াতরাই সোনা জেতানোর স্বপ্ন দেখাচ্ছেন।প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হওয়া এ খেলাটি নিয়ে বেশ আশাবাদী কোচ বাবু আহমেদ। কুর্মিটোলা গলফ ক্লাবে সেই জানুয়ারি থেকে প্র্যাকটিস করে চলেছেন খেলোয়াড়েরা। গলফেও বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী হতে পারে ভারত। তবে শ্রীলঙ্কার মিথুন পেরেরা ও ভারতের রাশিদ খানকে নিয়েই বেশি ভয় তাদের। তবুও যেহেতু সম্প্রতি দক্ষিণ এশিয়ান সার্কিটে বাংলাদেশের খেলোয়াড়েরা যথেষ্ট ভালো করেছেন তাই এগুলোই তাঁদের আত্মবিশ্বাসী করে তুলেছে আরও বেশি।