জোহানেসবার্গঢাকা থেকে বিমানে ওঠার আগেই জানা ছিল, দক্ষিণ আফ্রিকায় এসে ভুভুজেলা নিয়ে অনেক কিছু লিখতে হবে। লিখতেও হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় প্রাত্যহিক হাসি-আনন্দ-যন্ত্রণার নামই তো এখন ভুভুজেলা। দেশে ফিরলে নিশ্চিতই দেখব শ্রবণযন্ত্র ঠিকমতো কাজ করছে না, কানে বাজছে ক্লান্তিহীন লক্ষ মৌমাছির গুঞ্জন।প্রথম দু দিন কোনোমতে পার করার পর তারকা খেলোয়াড়েরা আর মুখ বুজে থাকতে পারলেন না। দাবি তুলেছেন, স্টেডিয়ামে এটি নিষিদ্ধ করার। হল্যান্ড-ডেনমার্ক ম্যাচ শেষে ওয়েসলি স্নাইডারকে জিজ্ঞেস করা হলো ভুভুজেলা নিয়ে। ডাচ ফরোয়ার্ড অনেকটাই কূটনৈতিক। তবে বিরক্তিটা চেপে রাখেননি। মাঠের মধ্যে সহ-খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখা যায় না। ডাগ-আউটে দাঁড়ানো কোচেরও নির্দেশ অনুসরণ করা যায় না। এ রকম একগাদা অসুবিধার কথা জানিয়ে স্নাইডার বল ঠেলে দিলেন ফিফার কোর্টে, ‘ব্যাপারটা ফিফাই দেখবে।’স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যান আরভিন খোজা এরপর বলেছিলেন, স্টেডিয়ামে ভুভুজেলা নিষিদ্ধ করার বিষয়টি তিনি বিবেচনা করে দেখবেন। কিন্তু তাঁকে সেই সুযোগটা দিলেন না ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। টুইটারে লিখেছেন, ‘ভুভুজেলা নিষিদ্ধ করলে তা হবে আফ্রিকান ঐতিহ্য আর ছন্দকে গলা টিপে ধরা, বিশ্বকাপের প্রাণ কেড়ে নেওয়া।’ ব্ল্যাটার সাহেবের বাণী শিরোধার্য। ভুভুজেলা নিষিদ্ধ হচ্ছে না। অতএব আবারও স্টেডিয়ামে গিয়ে আবারও কালা হয়ে বসে থাকতে হবে। ফিফা অধিপতি ব্ল্যাটার তথা ফিফার ওপর প্রচণ্ড খেপেছে মিডিয়া। ভুভুজেলা নিষিদ্ধ না করার বিষয়টি তো আছেই, যেভাবে দক্ষিণ আফ্রিকার সমস্ত অব্যবস্থাপনার বিরুদ্ধে যুক্তি নিয়ে হাজির হচ্ছে ফুটবলের সর্বময় সংস্থাটি, তাতেই সবার আপত্তি। সেদিন মিডিয়া টিকিট সংগ্রহ করার হ-য-ব-র-ল অবস্থা দেখে ফিফা কর্মকর্তা অ্যালেইন লিবল্যাংকে যা ইচ্ছে তাই শুনিয়ে দিলেন কয়েকজন সাংবাদিক। মিডিয়া টিকিট বিতরণের পদ্ধতির আজও উন্নতি হয়নি।টুর্নামেন্টের দ্বিতীয় দিন থেকেই গ্যালারির ফুটোফাটা বেরিয়ে পড়েছে। দর্শক কম হচ্ছে। এত কিছু করেও টিকিট অবিক্রীত থেকে গেল কী করে? পোর্ট এলিজাবেথে দক্ষিণ কোরিয়া-গ্রিস ম্যাচে আসন ফাঁকা পড়েছিল ১১ হাজার। এলিস পার্কে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচেও কয়েক হাজার আসন। পোলকওয়েনে তো আলজেরিয়া-স্লোভেনিয়া ম্যাচে ১২ হাজার আসনই ফাঁকা গেল। প্রায় কোনো ম্যাচেই স্টেডিয়াম ভরছে না। ফিফা কর্মকর্তা নিকোলাস ম্যাগনিওটকে প্রশ্ন করলে বেশ রাগের সঙ্গে উত্তর দিচ্ছেন, ‘আমি বিক্রীত টিকিট নিয়ে কথা বলতে পারি, অবিক্রীত টিকিট নিয়ে নয়।’তবে অভিজ্ঞজনেরা বলছেন, টিকিটের মূল্য নির্ধারণেই গলদ ছিল ফিফার। এ দেশের সিংহভাগ মানুষ গরিব কৃষ্ণাঙ্গ। আর তারাই ফুটবলের বড় ভক্ত। কিন্তু সর্বনিম্ন দামের টিকিটটাও কেনার সামর্থ্য তাদের বেশির ভাগেরই নেই।তিনটি স্টেডিয়ামে দর্শকের আগমন-বহির্গমন নিয়ন্ত্রণের কাজ পাওয়া স্ট্যালিয়ন ও সেক্যুরিতাস কোম্পানির রক্ষীরা পরশু এলিস পার্ক, ডারবান ও কেপটাউনে কাজ করা থেকে বিরত ছিল। তাদের দাবি, ফিফার সঙ্গে কোম্পানির চুক্তি অনুযায়ী পারিশ্রমিক তারা পাচ্ছে না। বিশাল একটা ঝামেলা পাকিয়ে গিয়েছিল এ নিয়ে। শেষ পর্যন্ত পুলিশ এসে দায়িত্ব নেয়। বাকি সাতটি স্টেডিয়ামেও নাকি এমনটা ঘটতে পারে। এমন হলে সমূহ বিপদ। পুরো শৃঙ্খলাই ভেঙে পড়বে।এমনিতেই এ দেশে নিরাপত্তার অভাব, পথে-ঘাটে বেরোলেই ভয় থাকে ছিনতাই রাহাজানির শিকার হওয়ার। পরিবহনব্যবস্থা খুবই খারাপ। তার ওপর যদি স্টেডিয়ামের দুয়ার পাহারা দেওয়া লোকেরা ধর্মঘটে যায়, বিশ্বকাপের সফল সমাপ্তি নিয়েই শঙ্কা দেখা দেবে।সাংবাদিকেরাও তাঁদের বিগত বিশ্বকাপ কভার করার অভিজ্ঞতা থেকে দক্ষিণ আফ্রিকার আয়োজন কতটা খারাপ, সেটি বোঝাতে প্রতিযোগিতায় নেমেছেন। ‘এটাই সবচেয়ে বাজে’—সবার মুখে স্লোগানের মতো গেঁথে গেছে এই বাক্য।কাল এ নিয়ে ফিফার অবস্থানের কথা জানতে পেরে কয়েকজন তো ব্ল্যাটারকে শাপশাপান্ত করতে লাগলেন, ‘তোমার আফ্রিকার ভোটের দরকার আছে, সেটা না হয় মেনে নেওয়া গেল। কিন্তু তুমি বাবা, কেন সারা বিশ্বকে এভাবে ভোগাবে? দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ আয়োজনের যোগ্য জায়গা হলো!’সত্যিই, আয়োজক দেশটি মনের মতো না হলে সারা বিশ্বকেই ভুগতে হয়। বিশ্বকাপ ফুটবল হলো গোটা বিশ্বের উৎসব, মিলনমেলা। নানা জাতি, নানা বর্ণের মানুষ, বৈচিত্র্যময় সংস্কৃতি, নানা ভাষা এখানে এসে মিশে যায়।দক্ষিণ আফ্রিকা আসা ইস্তক শুনছি একটা স্লোগান, ‘সাউথ আফ্রিকা উইল সারপ্রাইজ দ্য ওয়ার্ল্ড।’ এতসব সমস্যা, তার ওপর আজ যদি উরুগুয়ের কাছে হেরে যায় স্বাগতিক দল, চমকটা তাদের অন্যভাবেও হতে পারে।