ছিলেন জাতীয় দলের অধিনায়ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আইপিএলের নিলামে বিস্ময় জাগানো দর হেঁকে তাঁকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সময়টা তাঁর অনুকূলে যাচ্ছে না। জাতীয় দলে খানিকটা ব্রাত্য, আর গোড়া থেকেই ব্রাত্য কলকাতা দলে। এই সময়ে এনসিএলে খেলার জন্য তাঁকে ঢাকায় উড়িয়ে এনে চমক দিল সুলতানস অব সিলেট। আইপিএল, এনসিএল ও জাতীয় দলের প্রসঙ্গে কথা বললেন মাশরাফি বিন মুর্তজা চমক দিয়ে ঢাকায় ফিরলেন। অনুভূতি কী?মাশরাফি বিন মুর্তজা: (হাসি) অনুভূতি খুবই ভালো। ওখানে খেলতে পারছিলাম না। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। খেলাটা খুব জরুরি ছিল। এনসিএলে সেই সুযোগটা পাব। কিন্তু এই ফেরাটা তো একরকম কষ্টেরও। কলকাতার হয়ে একটা ম্যাচ খেলতে পারলেন না। খেলানোর সম্ভাবনা নেই বলেই নিশ্চয়ই ছেড়ে দিয়েছে...মাশরাফি: না। এতে কষ্ট পাওয়ার কিছু নেই। পেশাদার দৃষ্টিভঙ্গিতে ভাবতে হবে। কলকাতার বিদেশি খেলোয়াড়েরা আসলে অনেক ভালো। কিন্তু চারজনের বেশি তো খেলাতে পারে না। তাই আমার সম্ভাবনা এ মুহূর্তে ছিল না। তবে আমাকে প্রয়োজন হলেই ওরা ডেকে পাঠাবে। তার মানে যেকোনো সময় ফিরে যেতে হতে পারে?মাশরাফি: হ্যাঁ। সে রকমই বলে দিয়েছে ওখানকার ম্যানেজমেন্ট। আসলে ঠিক কী চুক্তিতে ছেড়ে দিয়েছে আপনাকে?মাশরাফি: চুক্তিটা সুলতানস অব সিলেট আর কলকাতার মধ্যে হয়েছে। তারা বলতে পারবে। আমাকে বলা হয়েছে সিলেটের হয়ে খেলতে। প্রয়োজন হলে কলকাতা ডাকবে। এখন পর্যন্ত একটা ম্যাচেও তো সে প্রয়োজন ওরা অনুভব করেনি। ডেভ হোয়াটমোর, সৌরভ বা শাহরুখের সঙ্গে সম্পর্কটা কেমন ছিল আপনার?মাশরাফি: ওই যে বললাম পেশাদারি ব্যাপার। ডেভের সঙ্গে সব সময় আমার সঙ্গে যেমন সম্পর্ক, তেমনই আছে। এখনো আগের মতো সম্পর্ক আমাদের। দাদার সঙ্গেও তাই। আর শাহরুখও দেখা-সাক্ষাত্ হলে শরীরের খোঁজখবর নিত, মজা করত। এনসিএল সম্পর্কে বলুন। চিরদিন খুলনার হয়ে খেলেছেন, এবার সিলেটের অধিনায়কত্ব করবেন। এটিকে কীভাবে নিচ্ছেন?মাশরাফি: খুলনার হয়ে খেলাটা নিশ্চয়ই খুব আনন্দের হতো, খুলনা আমার বিভাগ। সব সময় তো খুলনার হয়েই খেলি। এবার সিলেটের হয়ে খেলাটা অবশ্যই অন্যরকম অভিজ্ঞতা হবে আমার জন্য। কিন্তু এখনকার ক্রিকেটে এটা খুব স্বাভাবিক ব্যাপার। এক জায়গার মানুষ অন্য দলের হয়ে খেলতেই পারে। এই আইপিএলেই তো অনেকে নিজের রঞ্জি দলের বিপক্ষে খেলছে। খুলনার হয়ে আপনার না খেলার সঙ্গে সাকিব-বিতর্কের কোনো সম্পর্ক নেই তো?মাশরাফি: দূর! সাকিবের সঙ্গে আমার কোনোকালে কোনো দিন কোনো ঝামেলা ছিল না। কোনো দিন হবেও না। এসব বিতর্ক-টিতর্ক ফালতু ব্যাপার। আর আমি কোন দলে খেলব, সেটা তো আমি ঠিক করিনি। ফলে এখানে ওই প্রসঙ্গ আসছে কেন? কিন্তু খুলনার সঙ্গে আপনার যে সম্পর্ক, তাতে সিলেটের হয়ে নিজেকে ষোলোআনা উজাড় করে দিতে পারবেন?মাশরাফি: সেটা তো দিতেই হবে। যখন যে দলের হয়ে খেলব, তাদের জন্যই সর্বোচ্চ করতে হবে। ক্লাব ক্রিকেটে মানুষ করছে না? এটা তো আর দেশের বিপক্ষে খেলা না। আমি পেশাদার ক্রিকেটার। দেশের বিপক্ষে ছাড়া যেকোনো দলের বিপক্ষে আমি নিজেকে ষোলোআনা উজাড় করে দিতে পারব। আপনার ফিটনেসের কী অবস্থা?মাশরাফি: আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে। গত কয়েক দিন নেটে বল করার সময় খুব ছন্দ পাচ্ছি, বল ভালো করতে পারছি বলে মনে হচ্ছিল। এনসিএলে তাহলে পুরোনো মাশরাফি ফিরে আসছে?মাশরাফি: তাই আশা করছি। আগে থেকে কিছু বলা কঠিন। গত নয় মাসে মাত্র একটা ক্রিকেট ম্যাচ খেলেছি। ফলে আমার কাছে এই টুর্নামেন্টটা অনেকটা ফিরে আসার মতো ব্যাপার। আমি চাই, ফিরে আসাটা ভালো হোক।