‘চাপ নয়, রোমাঞ্চ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের লড়াই শুরু হতে বাকি আরও প্রায় এক শ দিন। অ্যাশেজ ঘিরে কথার লড়াই কিন্তু এখনই বেশ জমে উঠেছে। চার বছরের মধ্যে আরও একবার চিরপ্রতিদ্বন্দ্বীদের ধবলধোলাইয়ের লজ্জায় ডোবানোর ইচ্ছার কথা দিনকয়েক আগে বলেছিলেন রিকি পন্টিং। ইংল্যান্ড ব্যাটসম্যান জোনাথন ট্রট আবার বলেছেন, এসব বলে নিজেদের ওপরই চাপ বাড়াচ্ছেন পন্টিং। তবে পন্টিংয়ের মূল হাতিয়ারগুলোর একটি ডগ বলিঞ্জার বলছেন, অধিনায়কের কথা তাঁর কাছে চাপ তো নয়ই, বরং রোমাঞ্চকর। ব্রিসবেনে ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের অ্যাশেজ।সবকিছু ঠিক থাকলে গ্যাবায় অ্যাশেজের প্রথম টেস্টে এই বলিঞ্জারের হাতেই নতুন বল তুলে দেবেন পন্টিং। বাঁহাতি এই পেসারের কণ্ঠে শোনা গেল পন্টিংয়ের কথারই প্রতিধ্বনি, ‘আমার মনে হয় না পন্টিংয়ের বক্তব্য আমাদের জন্য চাপ, আমার কাছে তো বরং রোমাঞ্চকর মনে হচ্ছে। এই লক্ষ্যটাই (হোয়াইটওয়াশ) আমরা আমাদের সামনে রাখতে পারি এবং যদি সেটা অর্জন করতে পারি, তাহলে তো হবে দারুণ। দেশের মাটিতে যদি ৫-০-তে জিততে পারি, সপ্তাহ দুয়েক আমাকে আর খুঁজে পাবেন না!’সাম্প্রতিক পারফরম্যান্সে বিশেষজ্ঞরা কিন্তু এগিয়ে রাখছেন ইংল্যান্ডকেই। তবে আত্মবিশ্বাসের কোনো কমতি নেই বলিঞ্জারের, ‘ওরা এখন আত্মবিশ্বাসী, কারণ ওরা প্রচুর ম্যাচ জিতছে। জয়ের মধ্যে থাকলে কোন দলই বা আত্মবিশ্বাসী হবে না? তবে আমি মোটেও চিন্তিত নই। ওদের চেয়ে ভালো যদি না-ও হয়, ওদের মতোই ভালো ক্রিকেটার আমাদের আছে।’ভালো ক্রিকেটার যে অস্ট্রেলিয়ার আছে, তা নিয়ে সন্দেহ নেই। তবে প্রশ্ন উঠছে সেই ভালো ক্রিকেটারদের বয়স নিয়ে। অ্যাশেজের মাঝেই ৩৬ পূর্ণ করবেন পন্টিং, গত মে মাসে ৩৫ পূর্ণ করেছেন মাইক হাসি, আর আজই ৩৫ পূর্ণ করছেন সাইমন ক্যাটিচ। ব্যাটিং-অর্ডারের সেরা পাঁচের তিনজনই পঁয়ত্রিশোর্ধ্ব। তবে বয়সটাকে বাধা হিসেবে দেখছেন না ‘বার্থ ডে বয়’ ক্যাটিচ, ‘এটা লুকানোর কিছু নেই যে আমাদের প্রথম পাঁচ ব্যাটসম্যানের তিনজনেরই বয়স ৩৫-এর বেশি। আমার দিক থেকে এটুকু বলতে পারি, আমার বয়স বাড়ছে, তবে একই সঙ্গে আমার ক্ষুধাও বাড়ছে। ক্রিকেকটা আমি দারুণ উপভোগ করছি এবং দু-তিন বছর ধরেই আমার মানসিকতা এমনই।’পরিসংখ্যানও কিন্তু জানাচ্ছে, বয়সের সঙ্গে সঙ্গে ধার বেড়েছে ক্যাটিচের। ২০০৮ সালে দলে ফেরার পর ২৯ টেস্টে ৮ সেঞ্চুরিতে ৫৪.৪২ গড়ে ২৭২১ রান করেছেন এই ওপেনার। পাকিস্তানের বিপক্ষে হেডিংলি টেস্টের আগে টানা ৯ টেস্টে করেছেন কমপক্ষে ফিফটি। বয়সের ব্যাপারটা তাই মাথাতেই রাখতে চান না ক্যাটিচ, ‘৩৫ মানেই আমি শেষ, এমনটা ভাবার কোনো কারণ নেই। গত দু-তিন বছর ছিল আমার ক্যারিয়ারের সেরা সময়। বয়স নিয়ে চিন্তা করা মানেই ভুল ভাবনা মাথায় ঢোকানো।’ ওয়েবসাইট।