‘চাপটা ভালো মতোই সামলেছি আমরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই বছর ধরেই সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না যুবরাজ সিংয়ের। বিশ্বকাপ শুরুর আগে শেষ সেঞ্চুরিটির দেখা পেয়েছিলেন ২০০৯ সালের জুনে। তারপর থেকেই প্রচণ্ড রানখরায় ভুগছিলেন ভারতের এই ড্যাশিং ব্যাটসম্যান। মাঝে কিছুদিন জায়গাও পাননি ভারতের মূল একাদশে। কিন্তু বিশ্বকাপ শুরুর পর নিজেকে প্রমাণের জন্য যুবরাজ যেন মরিয়া হয়ে গিয়েছিলেন। আর সেই প্রচেষ্টায় এখন পর্যন্ত পুরোপুরিই সফল ভারতের এই অলরাউন্ডার। এখন পর্যন্ত বিশ্বকাপে ভারতের পাঁচটি জয়ের চারটিতেই জয়ের নায়ক তিনি।গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও তাঁর অসাধারণ অলরাউন্ড পারফরমেন্সই ভারতকে এনে দিয়েছে সেমিফাইনালের টিকিট। ম্যাচ-সেরার পুরস্কারটাও অবধারিতভাবেই উঠেছে তাঁর হাতে। ম্যাচ-সেরার পুরস্কার গ্রহণ করার পর যুবরাজ বলেছেন, ‘আমাদের ওপরে অনেক চাপ ছিল। আমি জানতাম, ধোনির পর রায়নাই উইকেটে আসবে। এ জন্য আমি কিছুটা দ্রুতগতিতে রান সংগ্রহের দিকে মন দিয়েছিলাম। খেলা শেষ না হওয়া পর্যন্ত সবাই দম আটকে বসে ছিল। শেষ পর্যন্ত জয়টা আমরা পেয়েছি। বিশ্বকাপের আসরেই তিনবারের বিশ্বকাপজয়ীদের হারানোর অভিজ্ঞতাটা সত্যিই বিশেষ কিছু। তবে মনে হচ্ছে, সেমিফাইনালটা আরও ভালো একটা ম্যাচ হবে।’১৯৮৩ সালের পর দ্বিতীয় বিশ্বকাপ জয় থেকে আর মাত্র দুটা ম্যাচ দূরে আছে স্বাগতিক ভারত। ’৮৩ সালের সুখস্মৃতি আবার ফিরিয়ে আনতে এখন বাকি দুটা ম্যাচেও অনেকের চোখই থাকবে যুবরাজ সিংয়ের দিকে। তিনি নিজেও বোধ হয় সেটা বেশ ভালো মতোই টের পাচ্ছেন। শিরোপা জয়ের কঠিন প্রত্যয় ঝরে পড়েছে তাঁর কণ্ঠেও, ‘আমি বিশ্বকাপের শুরুটা ভালোভাবেই করেছি। এখন বাকি ম্যাচগুলো জেতার জন্য আমি সর্বোচ্চ মনোযোগ দিতে চাই।’ ওয়েবসাইট।