‘চাপের মুখেই ভালো খেলে স্পেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ইতিহাস গড়ার হাতছানি সামনে রেখে মাঠে নামতে যাচ্ছে স্পেন। গ্রুপ পর্বের প্রথম খেলায় শক্তিশালী ইতালির বিপক্ষে ম্যাচটি দিয়েই শুরু হবে লা রোজাদের ইউরো মিশন। স্বাভাবিকভাবেই আগেরবারের ইউরো জয়ী ও বিশ্বকাপজয়ী দল হিসেবে স্পেনকেই ধরা হচ্ছে ফেভারিট হিসেবে। আর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চাপ মাথায় নিয়েই মাঠে নামতে হচ্ছে স্প্যানিশ ফুটবলারদের। এটা অবশ্য ইতিবাচক হিসেবেই গণ্য করছেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। কারণ, তাঁর মতে স্পেন, চাপের মধ্যেই সবচেয়ে ভালো খেলে।স্পেন যদি এবার শিরোপা জিততে পারে তাহলে প্রথম দল হিসেবে তারা পাবে টানা দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের কৃতিত্ব। বাস্তবেও এই সাফল্য অর্জন করতে পারলে সেটা একটা অসাধারণ ব্যাপার হবে বলে মনে করছেন ভিসেন্তে দেল বস্ক। তিনি বলেছেন, ‘আমরা এমন একটা লক্ষ্য নিয়ে ইউরো মিশন শুরু করছি, যেটা আগে কেউ করতে পারেনি। আর এটা খুবই চমৎকার ব্যাপার হবে। আমাদের ওপর অনেক চাপ আছে। কারণ, আমাদের ঘিরে অনেক আশাবাদ তৈরি হয়েছে। কিন্তু আমরা চাপের মুখেই ভালো করতে পারব, কারণ আমরা গতবারের ইউরো কাপ ও বিশ্বকাপজয়ী দল।’ কিন্তু নিজেদের আত্মবিশ্বাসের পারদটা যেন খুব বেশি ওপরে উঠে না যায়, সে জন্যও সবাইকে সাবধান করে দিয়েছেন স্পেনের এই বিশ্বকাপজয়ী দলের কোচ। বলেছেন, ‘আমরা কিছুতেই এ রকম মনে করতে পারি না যে, আমরা এই দুনিয়ার বাইরের কোনো দল। আর আমরা জিততেই যাচ্ছি। এ রকম মনোভাব পোষণ করাটা খুবই ক্ষতির কারণ হতে পারে।’ইউরোর চূড়ান্ত আসর শুরুর আগে অবশ্য ইনজুরি সমস্যা হানা দিয়েছে স্প্যানিশ শিবিরে। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় কার্লোস পুয়োল ও ডেভিড ভিয়াকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বিশ্বকাপজয়ীদের। তবে তা সত্ত্বেও শেষ তিনটি প্রস্তুতি ম্যাচেই জয় পেয়েছে দেল বস্কের শিষ্যরা। এখন মূল আসরে তারা এই পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবে কি না, সেটাই দেখার বিষয়।— ইএসপিএন