‘চার মাস বেতন পাই না, তাই...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে যখন বাংলাদেশ লিগে নিজেদের ম্যাচ খেলছিল শিরোপার অন্যতম দাবিদার মোহামেডান, তাদের তিন নাইজেরিয়ান খেলোয়াড় ড্যামি ইমানুয়েল, এমেকা ক্রিস্টিয়ানা আর বুকোলা ওলালেকান গ্যালারিতে বসে দেখছিলেন সেই খেলা! কেন মাঠে ছিলেন না তাঁরা? জানালেন বুকোলা ওলালেকান কী ব্যাপার, আপনারা মাঠে না থেকে গ্যালারিতে কেন?বুকোলা ওলালেকান: মোহামেডান ম্যানেজারকে জিজ্ঞেস করুন। তার পর বলব। মোহামেডান ম্যানেজার বলেছেন, শৃঙ্খলাজনিত কারণে আপনাদের শাস্তি দেওয়া হয়েছে।বুকোলা: (হাসি) তাই নাকি, তিনি এটা বলেছেন! আসল কারণটা অন্য। চার মাস বেতন পাই না, তাই খেলছি না আমি। এমেকারও চার মাসের বেতন বাকি। ড্যামি পাবে পাঁচ মাসের। বেতন না পাওয়ায় আমরা কেউই খেলছি না। কিন্তু মোহামেডান ম্যানেজার বলেছেন, আপনারা উচ্ছৃঙ্খল হয়ে পড়েছেন। ভাড়া বাসায় থাকেন, কোথায় কী করেন...। ক্লাব মিটিং, অনুশীলনে কখনো কখনো দেরি করে আসেন।বুকোলা: এটা ঠিক নয়। সমস্যাটা বেতন নিয়ে। এখানে অন্য কিছু বলার সুযোগ দেখি না। ম্যানেজার জানালেন, গতকাল বিকেলে নাকি আপনাদের কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে ৩৬ ঘণ্টার মধ্যে উত্তর চেয়ে। ভাড়া বাসা ছেড়ে আপনাদের ক্লাবে আসতে বলা হয়েছে।বুকোলা: কই না তো! কোনো কারণ দর্শাও চিঠি তো পাইনি! সেটা নিয়ে এত কথার বলারও দরকার নেই। ম্যানেজারকে জিজ্ঞেস করেননি, কেন আমরা বেতন পাচ্ছি না? ওটাই তো আসল। জিজ্ঞেস করেছি। বলা হয়েছে, বেতন নিয়ে সমস্যা নেই।বুকোলা: আমি আপনাকে নিশ্চিত করে বলছি, বেতনই আসল সমস্যা (এই সময় ড্যামি বললেন, আমি ৫ মাসের বেতন পাচ্ছি না)। গত লিগের সর্বোচ্চ গোলদাতা আপনি। এমেকা দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। এবার আপনাদের চেনাই যাচ্ছে না। কয়েক দিন আগে আপনাদের বিরুদ্ধে মনোযোগ দিয়ে না খেলার অভিযোগ তুলেছিলেন কোচ...বুকোলা: বেতন না পেলে আপনি কীভাবে খেলবেন বলুন? আপনি বেতন না পেলে ঠিকমতো কাজ করতে পারবেন? আপনাদের এই ম্যাচের আগেও একবার একাদশের বাইরে রাখা হয়েছিল। আজ তো টেন্টেই ছিলেন না। সিদ্ধান্তটা আপনাদের না ক্লাবের?বুকোলা: আমাদেরই সিদ্ধান্ত। কারণ আমরা খুশি নই। এ জন্যই আমরা মাঠের বাইরে। ধরে নিলাম, আমরা ভালো খেলিনি, না খেলার কারণও ওই বেতন।  আপনারা এখন চলে যেতে চান, নাকি থাকবেন?বুকোলা: আমরা চলে যেতে চাই। বেতন আর ছাড়পত্র দিলেই চলে যাব। আমরা যেতে প্রস্তুত। ক্লাবকে ছাড়পত্র দিতে বলেছি।  বেতন পেলে খেলবেন?বুকোলা: হ্যাঁ, খেলব।  বেতন যদি না পান, তাহলে টিকে আছেন কীভাবে?বুকোলা: এটাই তো হচ্ছে কথা। কীভাবে টিকে আছি! আমাদের খরচ আছে। ব্যক্তিগত জিনিসপত্র কিনতে হয়। টাকা না থাকায় ভীষণ সমস্যায় পড়েছি। আপনারা পেশাদার লিগে খেলছেন। মোহামেডানকে পেশাদার ক্লাব মনে হয়?বুকোলা: চার মাস বেতন পাই না, ক্লাবকে পেশাদার মনে করার কোনো কারণ নেই।