‘চারে’র সমাধান পেয়ে গেছেন সিডন্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র রোদকে হার মানানো ফুরফুরে বসন্ত বাতাস বইছিল। অমন বাতাসে মন মাতাল হয়ে ওঠে! তবে বাংলাদেশের কোচ সিডন্সের মনটা কাল উতলা ছিল অন্য কারণে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে একজন চার নম্বর ব্যাটসম্যান খুঁজে ফিরছেন তিনি। মনে মনে সেই নির্বাচনই হয়তো করছিলেন। হিসাব মেলাচ্ছিলেন—মোহাম্মদ আশরাফুল, নাকি রকিবুল হাসান?ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ‘আসল যুদ্ধ-প্রস্তুতি’র প্রথম দিন ছিল কাল মিরপুরে। জাতীয় লিগের ফাইনাল চলছে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। টেস্ট সিরিজের প্রস্তুতির প্রথম দিনের সূচিতে তাই জিম আর ইনডোরে বোলিং-ব্যাটিং ছাড়া আর কিছু ছিল না। জেমি সিডন্স আর অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে কাল স্টেডিয়ামে এসেছিলেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, আফতাব আহমেদ, আবদুর রাজ্জাক... সবাই। চেহারায় ইস্পাতের কাঠিন্য নিয়ে তাঁরা ঢুকে পড়লেন জিমনেসিয়ামে। জিম শেষ করে ক্রিকেটাররা একে একে চলে গেলেন ইনডোরে। সবকিছুরই তদারকি করছিলেন সিডন্স। কিন্তু ওই তদারকি করার মধ্যেই কেমন যেন আনমনাও দেখাল তাঁকে মাঝেমধ্যে। হয়তো তাঁর মন চলে যাচ্ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানে তখন শুরু হয়েছে আরেকটা লড়াই। বাংলাদেশ ‘এ’ দল আর ইংল্যান্ড একাদশের ৩ দিনের প্রস্তুতি ম্যাচের আড়ালে তাতে অপরাজিত সেঞ্চুরি করে আপাতত এগিয়ে রকিবুল, পিছিয়ে পড়েছেন ১ রান করা আশরাফুল। বাংলাদেশের অনুশীলন যখন চলছিল, তখনো কোচ সিডন্স রকিবুলের সেঞ্চুরির কথা জানতেন না। তবে আশরাফুলের ১ রানে আউট হয়ে যাওয়ার খবরটা পেয়েছেন। আর তাতেই তিনি ঝুঁকে পড়েছেন গত ওয়ানডে সিরিজে জাতীয় দল থেকে বাদ পড়া রকিবুলের দিকে। ঘণ্টা আড়াইয়ের অনুশীলন শেষে তিনি পরিষ্কার ইঙ্গিত দিলেন আশরাফুলের টেস্ট দলে জায়গা পাওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায়, ‘দলে অবশ্যই আশরাফুলের প্রয়োজনীয়তা আছে। তবে এখন সে ফর্মে নেই। ওর চেয়ে রকিবুল ভালো খেলছে।’টেস্টের প্রস্তুতি, আশরাফুলের ফর্মহীনতা; এ দুইয়ের সঙ্গে সিডন্সকে কথা বলতে হলো মাশরাফির আইপিএলে খেলতে যাওয়া নিয়েও। বোর্ড থেকে ছুটি নেওয়া হয়ে গেছে, এখন ভিসা হাতে পেলেই কলকাতার বিমানে চেপে বসবেন গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি ম্যাচ খেলা মাশরাফি। কোচ এটিকে ইতিবাচক হিসেবেই নিচ্ছেন, ‘ওর আইপিএলে খেলতে যাওয়াটা ভালোই। পুরো ফিট হয়ে উঠতে ছোট দৈর্ঘ্যের ম্যাচ খেলতে হবে। সেই কাজটা এতে হবে। আর কিছু টাকাও পাবে।’ সিডন্সের কথা বলার অনেক আগেই মাশরাফি ইনডোর ছেড়ে গেছেন। কাল ভিসার জন্য ভারতীয় দূতাবাসে যাওয়ার কথা ছিল তাঁর। কি টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি—সব ধরনের ক্রিকেটই বাংলাদেশের পেস বোলিংয়ের অন্যতম নির্ভরতার নাম ছিলেন মাশরাফি। ওয়েস্ট ইন্ডিজে গত বছর জুলাইতে ইনজুরি আততায়ীর মতো আক্রমণ করল সদ্য অধিনায়ক হওয়া মাশরাফিকে। ওই ইনজুরি এলোমেলো করে দিল অনেক কিছু। খেলার বাইরে ছিটকে গেলেন তিনি লম্বা সময়ের জন্য। বাংলাদেশ দলের পেস বোলিংটাও স্থিতি ফিরে পাচ্ছে না।এখন ফিটনেস ফিরে পেতে ছোট দৈর্ঘ্যের ম্যাচ খেলার জন্য ছুটতে হচ্ছে মাশরাফিকে। তাঁর আইপিএল খেলতে এতটা উন্মুখ হয়ে থাকার কারণ তো বোঝাই যায়। টেস্ট দলে আবার কবে দেখা যাবে মাশরাফিকে? তাঁর মুখ থেকে যা শোনা গেল তাতে ওই সম্ভাবনাকে একটু দূরের ব্যাপার বলে মনে হচ্ছে, ‘ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। উনি আপাতত ছোট দৈর্ঘ্যের ম্যাচই খেলতে বলেছেন। আর টেস্ট খেললে নরম উইকেট যেমন ইংল্যান্ড অথবা নিউজিল্যান্ডের উইকেটে খেলতে বলেছেন।’ তা না হয় নরম উইকেটেই খেললেন, কিন্তু সাকিব আর তাঁর সম্পর্কের যে শীতলতার কথা ছড়িয়ে পড়েছে, সেটা কতটা নরম হলো? বাংলাদেশের সেরা পেসার একেবারে ইয়র্কার লেংথে বল ফেললেন, ‘কারও সঙ্গেই আমার সম্পর্ক কখনো খারাপ হয়নি, আর হবেও না। সাকিবরা আমার জুনিয়র হলেও আমি ওদের বন্ধুর মতোই দেখি। আসলে ড্রেসিংরুমের সঙ্গে আমার সম্পর্কটা সব সময়ই ভালো।’তাহলে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুটি ওয়ানডেতে ‘বিশ্রাম’ দেওয়ার ব্যাপারটা কীভাবে নিচ্ছেন? ‘আমি আসলে এটাকে বলব বাদ পড়া। আর দল থেকে যে কেউ বাদ পড়তে পারে। শচীন টেন্ডুলকার পারফর্ম না করতে পারলেও কি দলে থাকতে পারবে? আমি পারফরম্যান্স দিয়েই দলে ফিরতে চাই। যে কারও ক্ষেত্রেই দলে ফেরা বা থাকার একটাই মন্ত্র—পারফরম্যান্স, পারফরম্যান্স এবং পারফরম্যান্স’—বলেছেন মাশরাফি।