‘চেলসির কোনো ভয় নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মাঠে নামতে যাচ্ছে চেলসি। প্রথমবারের মতো ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের শিরোপা জয়ের হাতছানিই এখন চেলসির সামনে। আর দুর্দান্ত ফর্মে থাকা চেলসি নির্ভয়েই বায়ার্নের মুখোমুখি হতে পারবে বলে বিশ্বাস করেন কোচ ডি মাটেয়ো। কারণ, তারা যে ফাইনালের টিকিটটা পেয়েছে এ সময়ের সেরা ক্লাব বার্সেলোনাকে হারিয়ে!সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে জয় পেয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার পর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে চেলসির। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কোচ ডি মাটেয়ো বলেছেন, ‘যদি আপনি বার্সেলোনার বিপক্ষে জয় পেতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি ইউরোপিয়ান ফুটবলের যেকোনো দলকেই হারাতে পারবেন। বার্সাকেই এ সময়ের সেরা দল হিসেবে গণ্য করা হয়। আর আমাদের খুবই চমত্কার কিছু খেলোয়াড় আছে। যারা যেকোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আমাদের আত্মবিশ্বাসও এখন অনেক বেশি।’তবে বৃহত্তর অঙ্গনে সফলতা পেলেও ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো অবস্থান তৈরি করতে পারেনি চেলসি। আর এবার যদি তারা চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা না জিততে পারে, তাহলে হয়তো পরবর্তী আসরে অংশও নিতে পারবে না তারা। তবে এখন সেসব কথা না ভেবে শুধু শিরোপাটার কথাই ভাবতে চান চেলসি কোচ। তিনি বলেছেন, ‘আমরা শেষ আট-নয় সপ্তাহ দারুণ খেলেছি। খেলোয়াড়েরা নিজেদের সর্বোচ্চ ভালোটা খেলার চেষ্টা করেছে। আর এখন আমরা খুবই ভালো অবস্থানে আছি ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় শিরোপাটা জেতার জন্য।’—রয়টার্স