'চেষ্টা করছি আগের জায়গায় ফিরতে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট। কাল বিকেএসপিতে গাজী ট্যাংকের দ্বিতীয় ম্যাচে রুবেল হোসেন নিলেন ৫ উইকেট। প্রিমিয়ার লিগের পারফরম্যান্স থেকে পাওয়া আত্মবিশ্বাস জাতীয় দলের এই পেসার নিয়ে যেতে চান আন্তর্জাতিক ক্রিকেটেও

রুবেল হোসেন
রুবেল হোসেন

l পর পর দুই ম্যাচে ৫ উইকেট—অসাধারণ হলো লিগের শুরুটা। খুব ভালো লাগছে নিশ্চয়ই?
রুবেল হোসেন: অবশ্যই। এটা আমার জন্য অনেক আনন্দদায়ক। শুরুতেই ভালো করছি। প্রথম ম্যাচে ভালো করেছি, এ ম্যাচেও ভালো বোলিং করেছি। আমি আসলেই অনেক খুশি।
l বল বেশ নিচু হয়ে আসছিল। উইকেটকেও কি কৃতিত্ব দেবেন?
রুবেল: বল এখানে অনেক নিচে থাকে। লাইন-লেংথ ঠিক রেখে ভালো জায়গায় বল করতে পারলে উইকেট পাওয়ার সুযোগ থাকে। সে সুবিধাটা পেয়েছি। ব্যাটসম্যানদের জন্য খেলা কঠিন এই উইকেটে। ধপ করে বল নিচু হয়ে যায়।
l ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের পেসাররা উইকেট একটু কমই পান। সেখানে দুই ম্যাচে ১১ উইকেট! শুধু তো উইকেট নয়, রুবেল হোসেনেরও তো কৃতিত্ব আছে এতে, তাই না?
রুবেল: আসলে ভালো জায়গায় বল করলে সফল হওয়াটাই স্বাভাবিক। সে সঙ্গে একটু ভাগ্যও থাকতে হয়। চোটের কারণে অনেক দিন বাইরে থাকায় আমি আসলে এই লিগটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আগের জায়গা থেকে অনেক পিছিয়ে গেছি। এখন চেষ্টা করছি আবার আগের জায়গায় ফিরতে।
l পেসারদের জন্য প্রিমিয়ার লিগে দল পাওয়া কঠিন ছিল আগে। এবার তো পরিবর্তিত নিয়মের কারণে সবাই দল পেয়েছে। ভালো কিছু করার চ্যালেঞ্জটা কি সেদিক দিয়ে বেশি?
রুবেল: পুলের কারণে জাতীয় দলের পেসারদের আগে দল পেতে অনেক সমস্যা হতো। এবারের নিয়মে বেশির ভাগ পেসারই ভালো দল পেয়েছে। নিয়মটা তাই এক দিক দিয়ে খারাপ, আরেক দিক দিয়ে ভালোও। আর চ্যালেঞ্জ তো অবশ্যই। ভালো করলে ভবিষ্যতেও ভালো দলে খেলা যাবে। সেদিক দিয়ে অনেক বড় চ্যালেঞ্জ।
l চোট ও অসুস্থতা মিলিয়ে গত জিম্বাবুয়ে সফরটা ভালো যায়নি। নিউজিল্যান্ড সিরিজের আগে প্রিমিয়ার লিগের পারফরম্যান্স কতটা গুরুত্বপূর্ণ?
রুবেল: আমি বেশ কিছুদিন ইনজুরিতে ছিলাম। এ রকম পারফরম্যান্স তাই আমার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। সামনের সিরিজগুলোয় এই আত্মবিশ্বাস কাজে লাগবে।
l পর পর দুই ম্যাচে ভালো বোলিংয়ের পর কোনো লক্ষ্য কি নির্ধারণ করেছেন এই লিগের জন্য?
রুবেল: ও রকম কোনো টার্গেট নেই যে লিগে সর্বোচ্চ উইকেট পেতে হবে বা অন্য কিছু। আমি যেভাবে শুরু করেছি, চেষ্টা করব যেন এভাবেই ভালো বোলিং করে যেতে পারি। লাইন-লেংথ ঠিক রেখে বল করে যেতে চাই।
l ড্রেসিংরুমে স্কট স্টাইরিসকে পাচ্ছেন। কথাবার্তা হয়েছে তাঁর সঙ্গে?

রুবেল: এখনো ও রকমভাবে কথা বলিনি। তবে ও অনেক অভিজ্ঞ। অনেক দিন ধরে জাতীয় দলে খেলে। স্টাইরিসের সঙ্গে বোলিংয়ের ভ্যারিয়েশন নিয়ে কিছু কথা বলেছি। আরও বলব।