‘চোকার’ অপবাদে বিরক্ত স্টেইন
বিশ্বকাপ এলেই ‘চোকার’ অপবাদটি শুনতে হয় দক্ষিণ আফ্রিকার। আরেকটি বিশ্বকাপ যখন এগিয়ে আসছে, তখন আবারও আগের মতো অপবাদটি শুনতে হচ্ছে তাদের। তবে এই ‘চোকার’ বিশেষণে বিরক্ত দক্ষিণ আফ্রিকার তারকা ফাস্ট বোলার ডেল স্টেইন।১৯৯২ থেকে শুরু করে এ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেভাবে ব্যর্থতা বলতে গেলে ২০০৩ সালে। সেবার প্রথম রাউন্ড থেকেই বাদ পড়তে হয় প্রোটিয়াসদের। ১৯৯৬ সালে কোয়ার্টার ফাইনাল, আর ১৯৯২, ১৯৯৯ ও সর্বশেষ ২০০৭ সালের বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছে দক্ষিণ আফ্রিকা। শিরোপা দূরে থাক, এখন পর্যন্ত বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি বলে নিন্দুকেরা এখনই বলতে শুরু করেছে, ২০১১ সালের বিশ্বকাপে বিশ্বকাপের আশায় খেলতে যাবে না দক্ষিণ আফ্রিকা!এসব সমালোচনায় ত্যক্ত-বিরক্ত হয়ে ডেল স্টেইন রয়টার্সকে বলছেন, ‘চোকার অপবাদটি শুনলে আমি খুব বিরক্ত বোধ করি। দক্ষিণ আফ্রিকার বর্তমান দলটি তারুণ্যে ভরা, ক্রিকেটাররা অনেক দিন ধরে খেলবে। বেশির ভাগ এখন পর্যন্ত বিশ্বকাপেই অংশ নেয়নি। তার পরও তাদের ওপর অপবাদ চাপানো মেনে নেওয়া কষ্টের।’এ বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে দক্ষিণ আফ্রিকার। সমালোচকদের সমালোচনার এটাও কারণ। তবে স্টেইন বলছেন, ‘ওয়েস্ট ইন্ডিজে দল কেমন খেলেছে, এটা দিয়ে সামনের দিনগুলো মূল্যায়ন করা ঠিক হবে না। আমাদের সামনে এখনো অনেক সুযোগ রয়েছে। বিশ্বকাপের আগেই নিজেদের সেরাটা প্রমাণ করে দেবে আমরা।’