'চোকার' প্রোটিয়ারা এবার আন্ডারডগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল ঢাকায় সংবাদ সম্মেলনে ফ্যাফ ডু প্লেসিস । প্রথম আলো
কাল ঢাকায় সংবাদ সম্মেলনে ফ্যাফ ডু প্লেসিস । প্রথম আলো

গতবার ছিল ‘চোক’, এবার ‘আন্ডারডগ!’
যেকোনো বড় টুর্নামেন্টেই দক্ষিণ আফ্রিকার সঙ্গী ‘সি’ আদ্যক্ষরের ওই বিখ্যাত (নাকি কুখ্যাত!) শব্দ। বিশ্ব আসরগুলোয় দক্ষিণ আফ্রিকা অধিনায়কের সংবাদ সম্মেলনে অবধারিত প্রশ্ন থাকে সেটি নিয়ে। উত্তরও সবার জানা থাকত একরকম। ঘুরিয়ে-ফিরিয়ে এড়িয়ে চলার চেষ্টা। দুই বছর আগে চমকে দিলেন এবি ডি ভিলিয়ার্স। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেই সময়ের টি-টোয়েন্টি অধিনায়ক বলে দিলেন, ‘হ্যাঁ, অতীতে আমরা অনেকবারই চোক করেছি।’ সত্যকে মেনে নেওয়ার সাহসিকতা দেখালেও ভাগ্য কিন্তু বদলাতে পারেননি ডি ভিলিয়ার্স। সুপার এইট থেকে ছিটকে যাওয়ার পর ডি ভিলিয়ার্সকে আরেকবার বলতে হয়েছিল, ‘হয়তো আমরা আবার চোক করেছি।’ এবার?
অধিনায়ক বদলে গেছে। ভাবনায়ও এসেছে পরিবর্তন। পূর্বসূরির মতো ‘চোক শব্দকে আপন করে নেননি ফ্যাফ ডু প্লেসিস। তবে একটি শব্দ ঠিকই কৌতূহলের অনুরণন তুলল সংবাদ সম্মেলনে, ‘আন্ডারডগ!’
বর্ণবাদের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর থেকে সব সময়ই বিশ্ব ক্রিকেটের সেরা দলগুলোর একটি দক্ষিণ আফ্রিকা, যারা আন্ডারডগ ছিল না কোনো টুর্নামেন্টেই। হ্যাঁ, সাম্প্রতিক ফর্ম, কন্ডিশন আর নানা বাস্তবতায় এবার দক্ষিণ আফ্রিকার কাছে প্রত্যাশা কমই। অন্তত বরাবরের মতো ফেবারিট কিংবা সেরা তিন-চার ফেবারিটও নয় এবার তারা। তাই বলে আন্ডারডগ? ডু প্লেসিস কী বললেন শুনুন, ‘আমাদের কাছে প্রত্যাশা এবার আসলে খানিক কমই। মুদ্রার অন্যপিঠ দেখছি, খুব একটা খারাপ নয় সেটা। সম্ভবত প্রথমবার কোনো টুর্নামেন্টে আমরা আন্ডারডগ। বাড়তি কোনো চাপ নেই, অন্তত আমরা অনুভব করছি না তেমন কিছু।’
‘চোক’ প্রসঙ্গে অবশ্য ডি ভিলিয়ার্স-পূর্ব যুগের সেই গৎবাঁধা উত্তরে ফিরে গেলেন, ‘আমি দেখতে চাই প্রতিটি দিন হিসেবে। আপনাদের অনেকের কাছে যেটা ‘চোক’, আমার কাছে সেটি সামর্থ্য অনুযায়ী খেলতে না পারা। নির্দিষ্ট ওই দিনটিতে যদি আমরা ভালো খেলতে না পারি, হারতেই হবে। প্রসঙ্গটি এড়িয়ে যেতে পারি, না-ও যেতে পারি। কিন্তু নির্দিষ্ট দিনে ভালো খেলাই আসল।’
চাইলে অবশ্য এই দুটির যোগসূত্র খুঁজতে পারেন। কিংবা ডু প্লেসিস হয়তো একসুতায় গেঁথেই উত্তর দিয়েছেন! আন্ডারডগ দলের কাছে প্রত্যাশাই-বা কী থাকতে পারে। আর যে দলের কাছে প্রত্যাশা নেই, তাদের ‘চোক’ করার প্রশ্নই ওঠে না, হেরে যাওয়াই তো তখন স্বাভাবিক! চোক ব্যাপারটি সবার মাথা থেকে দূরে ঠেলতে চাইছেন প্রোটিয়া অধিনায়ক।
ভাবনাটা যে অমূলক নয়, সেটির ইঙ্গিতও পেতে পারেন পরক্ষণে। নিজেদের পেছনের সারিতে রাখলেও সবার সামনে ছোটার আশার ভেলায় কিন্তু ঠিকই চেপে বসে আছেন, ‘যে স্কোয়াড আছে আমাদের, একে অন্যের ওপর বিশ্বাস আছে পুরো। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এই কন্ডিশনেও আমাদের হারানো সহজ হবে না। শ্রীলঙ্কায় গিয়ে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি। আরব আমিরাতে পাকিস্তানকে হারিয়েছি। এখানেও প্রতিটি ম্যাচ ভালো খেলতে হবে। সেই পথচলায় যদি সেমিফাইনালে চলে যেতে পারি, সেখান থেকে স্রেফ দুটি ম্যাচে ভালো খেলার ব্যাপার।’
সেটা সত্যি। ফর্ম বা কন্ডিশন যা-ই হোক, ডি ভিলিয়ার্স-মিলার-ডুমিনি-ডি কক-স্টেইনদের নিয়ে গড়া দল কাগজে-কলমে যথেষ্টই ভীতি-জাগানিয়া। তবে একই ভাবে সত্যি, আন্ডারডগ-তত্ত্বে চোকার তকমাকে দূরে রাখতে চাইলেও সেমিতে হারলে আবারও বলা হবে চোক করেছে দক্ষিণ আফ্রিকা। ডু প্লেসিসরাও নিশ্চয়ই সেটা জানেন!