'চোখে আঙুল' কাণ্ডে আদালতে মরিনহো
রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে হোসে মরিনহো চেলসিতে যোগ দিলেও স্পেনের ঝামেলা যেন চুকিয়ে যেতে পারছেন না। স্পেনের সাংবিধানিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে তাঁকে।
২০১১ সালের ১৭ আগস্ট ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা সুপার কাপের অগ্নিগর্ভ দ্বিতীয় লেগে মরিনহো আঙুল দিয়ে খোঁচা মেরেছিলেন বার্সেলোনার তৎকালীন সহকারী কোচ ভিলানোভার চোখে। ভিলানোভা জবাব দিয়েছিলেন মরিনহোর গলায় থাপড় মেরে। এ জন্য মরিনহোকে দুই ম্যাচ ও ভিলানোভাকে এক ম্যাচ নিষিদ্ধও করা হয়। কিন্তু স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাঙ্গেল মারিয়া ভিয়ারের সাধারণ ক্ষমায় কাউকেই শাস্তি পেতে হয়নি।
ধরে নেওয়া হয়েছিল ঘটনার ওখানেই সমাপ্তি। কিন্তু ২০১২-এর ফেব্রুয়ারিতে বার্সেলোনাভিত্তিক আইনি প্রতিষ্ঠান দ্য কাসা প্যারাউলা মরিনহো ও রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মামলা করে। সেটাই উঠেছে সাংবিধানিক আদালতে। এতে দোষী প্রমাণিত হলে মরিনহোকে জরিমানা গুনতে হবে এক মাসের বেতন। রিয়ালে মরিনহো মাসিক বেতন পেতেন প্রায় ১০ লাখ ইউরো।
ঘটনাক্রমে ভিলানোভা গত মৌসুমেই বার্সেলোনার প্রধান কোচ হয়েছেন। কিন্তু ক্যানসারের সঙ্গে তাঁর লড়াই শুরু হওয়ায় চিকিৎসার জন্য অনেকটা সময় বার্সেলোনার সঙ্গে থাকতে পারেননি ভিলানোভা। সহকারী কোচ জর্ডি রৌরা ঠেকা কাজ চালিয়েছেন, কিন্তু প্রধান কোচের অভাবটা টের পেয়েছে বার্সেলোনা। আগামী মৌসুমে ভিলানোভার পরিবর্তে অন্য কাউকে কোচ করার পক্ষে অনেকেই। এই দলে আছেন ইয়োহান ক্রুইফও। কিন্তু ভিলানোভা বলছেন, তিনি যথেষ্টই সুস্থ, আগামী মৌসুমেও বার্সার দায়িত্বে থাকবেন। বার্সেলোনাও ভিলানোভার ওপর আস্থাশীল। নতুন মৌসুমে ভিলানোভা সহকারী কোচ হিসেবে পাচ্ছেন হোয়ান ফ্রান্সেস্ক ফেরার সিসিলিয়া রুবিকে। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো জিরোনাকে এবার প্রথম বিভাগে প্রায় নিয়েই গিয়েছিলেন। না, জর্ডি রৌরার চাকরি হারানোর ভয় নেই। তিনিও থাকবেন সহকারী হিসেবে। ওয়েবসাইট।