'চোখের জলে' এসেছিল শিরোপা, পারবে তোমরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৩ সাফজয়ী ফুটবলারদের সঙ্গে বর্তমান জাতীয় দলের ফুটবলাররা। ছবি: শামসুল হক
২০০৩ সাফজয়ী ফুটবলারদের সঙ্গে বর্তমান জাতীয় দলের ফুটবলাররা। ছবি: শামসুল হক
>

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির উদ্যোগে ২০০৩ সালের সাফ শিরোপাজয়ী ফুটবলার ও দুদিন পরে আরও একটি সাফ খেলতে যাওয়া বর্তমান দলটিকে গতকাল হাজির করা হয়েছিল ঢাকার একটি হোটেলে। সেখানে উত্তরসূরিদের শিরোপা জয়ের পথ বাতলে দিয়েছেন আরমান মিয়া, রজনী কান্ত বর্মণেরা।

ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। কিন্তু মাঠে নামার কয়েক ঘণ্টা আগে দলের মধ্যে বয়ে গেল আবেগের ঝরনাধারা। দলের অন্দর মহল থেকে ভেসে আসছে কান্নার শব্দ। ব্রিফিংয়ে কোচ খেলোয়াড়েরা কাঁধে কাঁধ মিলিয়ে কেঁদেছেন। স্টেডিয়ামে রওনা হওয়ার আগে নিয়মিত অধিনায়ক রজনী কান্ত বর্মণের জন্য হোটেল লবিতে আরেক দফা কান্নার রোল।

হলুদ কার্ডের খড়গে পড়ে রজনী কান্ত বর্মণ ফাইনালে মাঠে নামতে পারবেন না, তাই আর্মব্যান্ড তুলে দেওয়া হয় হাসান আল মামুনের হাতে। শুধু বাহুবন্ধনীটাই হাতবদল নয়, বন্ধু মামুনের হাতে দেশের দায়িত্ব তুলে দিয়ে রজনী বললেন, ‘বন্ধু আমি তো পারলাম না। দেশের ভারটা তোর হাতে তুলে দিলাম।’

রজনীর এমন কথায় বাকিদের চোখ ভিজে গেল আরও একবার। কয়েক ঘণ্টা পরই ফাইনাল, তার আগে এই কান্নার আরেক অর্থ তো আত্মবিশ্বাসে চিড়! ভুল। সেই কান্নার পেছনে লুকিয়ে ছিল হার না মানার শপথ, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের অনুপ্রেরণা, তীরে এসে তরি না ডোবানোর প্রতিজ্ঞা। আর এই সবকিছুর হাত ধরেই তো এসেছিল ২০০৩ সালে প্রথম ও শেষবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা, যা বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় অর্জন। ১৫ বছর ধরে যে ট্রফিটা আরেকবার জেতার জন্য হাপিত্যেশ করতে হচ্ছে বাংলাদেশকে।

দুদিন পরে দেশের মাটিতে শুরু হবে আরও একটি সাফের আসর। ১৫ বছরের শিরোপা–খরা মেটাতে ব্রিটিশ কোচ জেমি ডের অধীনে কঠোর পরিশ্রম করে যাচ্ছে তরুণ ও অভিজ্ঞতায় মিশ্রিত বাংলাদেশ দল। কিন্তু কীভাবে চ্যাম্পিয়ন হতে হয় বা শিরোপার রাস্তা কতটা বন্ধুর?

তা বলতে পারেন কেবল ১৫ বছর আগে শিরোপা জয় করা আলফাজ আহমেদ, আরমান মিয়ারাই। তাই জামাল ভুইয়াদের সামনে গতকাল স্থানীয় এক হোটেলে হাজির করা হয়েছিল সেই মহানায়কদের। স্মৃতির জানালা খুলে তাঁরাও জমে থাকা ভান্ডার খুলে দিলেন তরুণ সাদ উদ্দিন, মাহবুবুর রহমান সুফিলদের—যেন অলক্ষ্যে বলে দিলেন, ‘যত পারো নিজেদের ভান্ডার সমৃদ্ধ করে নাও।’

শুরুতে বলা চোখের জলে সিক্ত হয়ে শক্তিশালী হয়ে ওঠা বাংলাদেশের গল্পটা উঠে এসেছে তারকা ফুটবলারদের এই মেলায়। যে গল্পটা বলতে গিয়ে ১৫ বছর পর আবারও চোখ ভেজালেন দলনেতা শওকত আলী খান জাহাঙ্গীর, ‘ফাইনালের দিন টিম মিটিং থেকে শুরু করে শুধুই কান্না। কোচ জর্জ কোটান টিম মিটিংয়েও কাঁদলেন। যা দেখে সব খেলোয়াড়ও কেঁদে উঠলেন হাউমাউ করে। রজনী যখন আর্মব্যান্ড মামুনের হাতে দিল তখন আবারও কান্না। আসলে সবাই বুঝতে পারছিল ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে তাঁরা।’

সেদিনের সেই কান্নার গল্প ভিন্ন ভিন্নভাবে শোনা গেল আরমান মিয়া, আমিনুল হকদের স্মৃতিবিজড়িত কণ্ঠেও।

দুই প্রজন্মের ফুটবলারদের কাল এক ছাদের নিচে আনার সেতুবন্ধন গড়েছিল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সবাই যেন ফিরে গেলেন ১৫ বছর আগে। ফাইনালের আগের রাতে নাকি কেউই ঘুমাতে পারেননি। আরমান মিয়ার মুখে জীবন্ত হয়ে উঠল ফাইনালের আগের সেই রাতটি, ‘রাত তখন দুইটা। হঠাৎ দেখি আমার রুমের দরজা খোলা। দেখি আলফাজ ঘুরে বেড়াচ্ছে। ওকে বকা দিয়ে বললাম, কাল খেলা এখনো ঘুরছিস? ও বলে, আমি নামাজ পড়তে উঠেছিলাম। সাফল্যের জন্য আমরা এমনই উন্মুখ ছিলাম যে তিন ঘণ্টা আগেই নামাজের জন্য উঠে পড়ে আলফাজ!’

১৫ বছর আগে জয় করা সেই শিরোপার মাহাত্ম্য যে কত বড়, তা ফুটে উঠল সেই দলটির মিডফিল্ডার ও বর্তমান ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের মুখে, ‘একটা টুর্নামেন্টের পাঁচটি ম্যাচ আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে। আমার ট্রফিকেসে অনেক ট্রফি আছে। কিন্তু এখনো তাকিয়ে থাকি একটা ট্রফির দিকেই।’

একদিকে চলছে মহানায়কদের ইতিহাস গড়ার গল্প। আরেক দিকে জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে ২০০৩ সাফের স্মরণীয় ম্যাচগুলোর টুকরো টুকরো ছবি। যা দেখে নিজের স্বপ্নটা আরও বড় করেছেন সাফে বাংলাদেশ দলের সম্ভাব্য অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘এত দিন সবাই জেনেছে আপনারা এ দেশের ফুটবলের কিংবদন্তি। সবাই আপনাদের কথা বলে। আশা করি, এই বছরটা আমাদের হবে। আমরাও আপনাদের মতোই এমন অর্জন করতে চাই। আমরাও কিংবদন্তির স্থানে বসতে চাই।’

জামালের চাওয়াটা তো পুরো দেশেরও। দেশের মাটিতে সাফের শিরোপা জয় করে কিংবদন্তি হয়ে উঠুক তাঁরাও। আর ফুটবলের দুঃখের সংসারে ফিরে আসুক সুখ।