সফর শুরুর আগে শেষ সংবাদ সম্মেলনে কিছু ধরাবাঁধা প্রশ্ন থাকে। লক্ষ্য, শক্তিমত্তা, দুর্বলতা, প্রতিপক্ষের সঙ্গে তুলনা, প্রস্তুতি ইত্যাদি। কালও হলো এই জাতীয় প্রশ্ন, তবে টুকটাক। মুশফিকুর রহিমের সংবাদ সম্মেলনের বেশির ভাগজুড়ে থাকল ইনজুরি আর ইনজুরি। গত দু-তিন দিনে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ চোট। শ্রীলঙ্কা সফরের চূড়ান্ত টেস্ট দল ঘোষণার পর দুই দফায় বদল হয়েছেন তিনজন। আজ যাঁরা শ্রীলঙ্কার বিমানে চাপবেন, তাঁদের দু-একজনেরও আছে ছোটখাটো চোটসমস্যা। বদলে যাওয়া পরিস্থিতিতে বদলে গেছে মুশফিকের কথার সুরও। জয়াবর্ধনে-সাঙ্গাকারাদের চোট আর নিজেদের সাম্প্রতিক ফর্ম মিলিয়ে দিন তিনেক আগে যিনি বলেছিলেন, ‘শ্রীলঙ্কায় আমাদের সেরা সুযোগ এবারই’, কাল সেই তিনিই বলতে বাধ্য হলেন, ‘ওদের নিয়ে ভাবনার চেয়ে এখন নিজেদের নিয়ে ভাবনাই বেশি।’নতুন করে এমনটা ভাবতে হলো কেন, তা নিয়েও আছে প্রশ্ন। ফিজিওর মানা সত্ত্বেও চোট নিয়ে বিসিএলের ফাইনাল খেলেছেন নাঈম। এনামুল জুনিয়রকে ছিটকে দিয়েছে বিপিএলের চোট। আর শাহরিয়ার নাফীস হাতের তালু কেটে ফেলেছেন ব্যাট চাঁছতে গিয়ে! স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ক্রিকেটাররা অসতর্ক বা ‘কেয়ারলেস’ কিনা। প্রতিবাদের সুরে মুশফিক দাঁড়ালেন সতীর্থদের পাশেই, ‘কেয়ারলেস’ শব্দটা একটু কঠিন শোনায়। তবে ছোটখাটো ইনজুরি নিয়েও যখন কেউ খেলে, তখন বোঝা যায় দলের প্রতি কতটা নিবেদিত। কেয়ারলেসের কোনো ব্যাপার নেই। বলা যেতে পারে, ওদের ভাগ্য খারাপ ছিল। বিপিএলের পর সময় এত কম পাওয়া গেছে যে সেরে ওঠার সময় পাওয়া যায়নি। কিন্তু কেয়ারলেস কেউ না। এটা আমাদের রুটি-রুজি, সবাই খেলতে চায়। আর জাতীয় দলে খেলা সবারই স্বপ্ন। আমাদের চেয়ে নিশ্চয়ই ওদেরই বেশি খারাপ লাগছে।’শোনা যাচ্ছে, অনেক ক্রিকেটারের ওপর বিরক্ত জাতীয় দলের ফিজিও। ‘ইনজুরি ম্যানেজমেন্ট’ ব্যাপারটায় অনেক ক্রিকেটার গুরুত্ব দেন না, অনেকে হয়তো ঠিকভাবেও বোঝেনও না। ফিজিওর পরামর্শ উপেক্ষা করে চোট-টোট নিয়েও অনেকে বিপিএলে টানা ম্যাচ খেলে গেছেন। মুশফিক পুরোপুরি অস্বীকার করতে পারেননি। তবে বাংলাদেশ অধিনায়ক এটিকে দেখছেন ব্যতিক্রম হিসেবেই, ‘সবার ক্ষেত্রে নয়, এক-দুজনের ক্ষেত্রে হতে পারে। ইনজুরি থেকে সেরে উঠতে আসলে পুনর্বাসন-প্রক্রিয়ায় থাকতে হয়, বাড়তি কিছু কাজ করতে হয়। অনেক সময় এক-দুজন এই বাড়তি কাজটুকু না-ও করতে পারে। তবে সবাই তো মানুষ। টানা ম্যাচ খেলার মধ্যে থেকে প্রতিদিনই আবার বাড়তি কাজ করা অনেক সময়ই কঠিন।’মানে বিপিএলে টানা ম্যাচ খেলার কারণেই যে এই চোটজর্জর দল, সেটা মুশফিককে মেনে নিতেই হয়েছে। তবে যেহেতু তিনি দলের অধিনায়ক, যাবতীয় নেতিবাচকতার ভিড়েও ইতিবাচকতা খুঁজে বের করে আনলেন, ‘শ্রীলঙ্কার কন্ডিশনে অবশ্যই ওরা অনেক কঠিন দল। কিন্তু আমাদের ভালো করাটাও অস্বাভাবিক কিছু হবে না। ওদের বোলিং আক্রমণ হয়তো ভালো, কিন্তু এক্সট্রা অর্ডিনারি নয়। মুরালি-ভাস অবসরের পর ওরা টেস্ট অনেক কম জিতেছে। আমাদের বিপক্ষে ওরাও চাপে থাকবে যে জিততে হবে। সেদিক থেকে শ্রীলঙ্কায় আমাদের হারানোর কিছু নেই।’কিন্তু সেরা দল না পেয়েও ‘ভালো’ করার উপায় কী! মুশফিকের মতে, উপায় সম্মিলিত প্রচেষ্টা, ‘সেরা দলের তিনজন ক্রিকেটার ছিটকে যাওয়ায় শক্তি হয়তো একটু কমেছে, কিন্তু তরুণদের ওপর আমার ভরসা আছে। আর দল হিসেবে আমাদের বাড়তি একটু চেষ্টা করতে হবে যাতে ঘাটতি পুষিয়ে দেওয়া যায়। সবাই বাড়তি দায়িত্ব নিয়ে খেললে আমরা অবশ্যই ভালো করতে পারব।’শেষ মুহূর্তে শাহরিয়ার নাফীসের বদলে আশরাফুলের দলে আসাটাকে মুশফিক দেখছেন ‘শাপেবর’ হিসেবে, ‘ব্যাটিং-অর্ডারে অনেক তরুণ ক্রিকেটার। আমাদের দলের সিনিয়রদের ওপর চাপ বেড়ে তিন গুণ হয়ে যাচ্ছে। এটা ভাগাভাগি করার জন্য অভিজ্ঞ ও পারফর্মার ব্যাটসম্যান প্রয়োজন ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর চারটা সেঞ্চুরি। আশা করি, এবারও তেমন কিছু করতে পারবেন। আশরাফুল ভাইয়ের মতো প্রতিভাবান একজন ব্যাটসম্যান ধারাবাহিক রান করলে শুধু ওনার নিজের জন্য নয়, দলের জন্যও খুব ভালো হয়।’দলের লক্ষ্যের কথাও উঠল। সাদা আর রঙিন পোশাকে মুশফিকের লক্ষ্য আলাদা, ‘টেস্টে ৫ দিন খেলতে চাই। এতে যদি জয়ের মতো অবস্থা হয়, তখন চেষ্টা করব জিততে। আর ওয়ানডে তিনটিই জিততে চাই, টি-টোয়েন্টিও।’শ্রীলঙ্কা সফরসূচিমার্চ৩-৫ প্রস্তুতি ম্যাচ মাতারা৮-১২ ১ম টেস্ট গল১৬-২০ ২য় টেস্ট কলম্বো২৩ ১ম ওয়ানডে হাম্বানটোটা২৫ ২য় ওয়ানডে হাম্বানটোটা২৮ ৩য় ওয়ানডে পাল্লেকেলে৩১ টি-টোয়েন্টি পাল্লেকেলে