'চ্যাম্পিয়ন হলে অবাক হবেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো চাকরি স্থায়ী হয়নি। গত মৌসুমে ছিলেন শেখ জামাল ধানমন্ডি ফুটবল একাডেমির দায়িত্বে। কোচসংকটে ভুগতে থাকা ফেনী সকারের প্রস্তাবটা পেয়েই লুফে নেন ওমর কে সিসে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে লিগের প্রথম পর্বে সাফল্য না পেলেও চমক দেখিয়েছেন স্বাধীনতা কাপে।

ওমর কে সিসে
ওমর কে সিসে

: প্রিমিয়ার লিগের প্রথম পর্বে জয়হীন ফেনী সকার স্বাধীনতা কাপের ফাইনালে। এতটা কি আশা করেছিলেন?
ওমর কে সিসে: অবশ্যই। টুর্নামেন্ট শুরুর এক মাস আগে থেকেই এটা ভেবেছিলাম। এ দেশে বেশ কিছুদিন ধরে আছি। বাংলাদেশের ক্লাবগুলো সম্পর্কেও একটা ধারণা হয়েছে। আমি জানি কোন দল কেমন খেলে। আমার ছেলেদের ওপর আত্মবিশ্বাস আছে। আমি জানি, তারা যেকোনো কিছুই করে দেখাতে পারে।
: ফেনী সকারের এমন হঠাৎ বদলে যাওয়ার রহস্য কী?
ওমর: রহস্য কিছুই না। এই টুর্নামেন্টে একটা বিষয়ই পার্থক্য গড়ে দিয়েছে, আর সেটা হলো গাম্বিয়া থেকে আসা নতুন কয়েকজন খেলোয়াড়। ফেনীতে আগে ভালো মানের কোনো বিদেশি খেলত না। তা ছাড়া একজন চোট পেলে খুব সমস্যা হতো। তাই সিদ্ধান্ত নিই ভালো কিছু বিদেশি আনার।
: এখন তো এই দল নিয়ে আপনি দারুণ আত্মবিশ্বাসী!
ওমর: আগেই এটি বলেছি। আমি সবাইকে বলতে চাই যে প্রথম পর্বের ফেনী সকার এবং দ্বিতীয় পর্বের ফেনী সকার পুরো অন্য রকম। আমার মতামতের জন্য এখন শুধু অপেক্ষা করতে হবে আপনাদের।
: এ দেশে কোচিং পেশাটা কেমন উপভোগ করছেন?
ওমর: দারুণ উপভোগ করছি। দলের ফুটবলার, কর্মকর্তা সবাই আমাকে খুব সহযোগিতা করে। আমি চেষ্টা করছি দলকে ভালো কিছু উপহার দিতে।
: ফেনী সকারের সঙ্গে যোগাযোগটা কীভাবে হলো?
ওমর: আমি তখন শেখ জামালের একাডেমিতে কাজ করি। মৌসুম শুরুর আগে আমাকে একদিন ফেনীর এক কর্মকর্তা ফোন দিলেন। বললেন, ক্লাবের দায়িত্ব নিতে। ভাবলাম ফেনীর এই দলটা নতুন। এখানে কিছু করে দেখানোর সুযোগ আছে। তাই প্রস্তাবটা পেয়ে খুব বেশি ভাবিনি।
: কিন্তু এখনো তো আপনার চাকরি স্থায়ী হয়নি।
ওমর: আমি এ ব্যাপারে এখনই কোনো কথা বলতে চাই না।
: যদি বড় কোনো দল পরের মৌসুমের জন্য প্রস্তাব দেয়?
ওমর: এই মুহূর্তে একটা টুর্নামেন্ট চলছে। আমার সব মনোযোগ এই দিকেই। আমি এখন এসব নিয়ে কোনো কথা বলব না।
: প্রতিপক্ষ তো শক্তিশালী মোহামেডান। এই দলের বিপক্ষে জেতার সম্ভাবনা কতটুকু?
ওমর: দেখুন, ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। ওদেরও ১১ জন খেলোয়াড় খেলবে, আমাদেরও ১১ জন খেলবে। কাল (আজ) ফেনী সকার চ্যাম্পিয়ন হলে অবাক হবেন না। আমরা ওদের সঙ্গে পুরোটা সময় লড়াই করব।
: প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ফেনী সকার। চাপ অনুভব করছেন না?
ওমর: মোটেও না। আমি সবাইকেই বলি, কখনো খেলতে গিয়ে চাপ নিয়ো না। খেলাটা সব সময় উপভোগ করো। প্রতিপক্ষ মোহামেডান না কোন দল, সেটা দেখার দরকার নেই।
: এই দল নিয়ে কী স্বপ্ন দেখেন?
ওমর: এখানে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। টুর্নামেন্ট শুরুর আগে কেউ হয়তো ভাবেইনি আমরা ফাইনালে খেলব। কিন্তু বাস্তবতা হলো আমি এই দলকে ফাইনালে তুলেছি। আশা করি, লিগেও ফেনী সকার ভালো করবে।