জোহানেসবার্গশিরোপাজয়ী দলের চেহারাই থাকে অন্য রকম। এমন একটা দল আত্মবিশ্বাসে থাকে ঝকমকে। একঝাঁক প্রতিভাদীপ্ত খেলোয়াড় মাঠ আলো করে খেলতে থাকেন। পেছনে থাকেন এমন একজন কোচ, যিনি পুরো দলকে উজ্জীবিত করে রাখেন, অনেক সামনে দৃষ্টি ফেলে যিনি সঠিক রণকৌশলটাও সাজাতে পারেন। আরেকটা জিনিসও লাগে। কারও কারও কাছে সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ।কী সেটা? ভাগ্য। সবাই বলে ‘চ্যাম্পিয়নস লাক’। দক্ষিণ আফ্রিকায় সবাই এখন মূলত ব্রাজিলের মধ্যেই সেই ‘চ্যাম্পিয়নস লাক’ খুঁজে পাচ্ছে। বিশেষ করে, এলিস পার্ক স্টেডিয়ামে সেলেসাওদের সামনে চিলির বাধা খড়কুটোর মতো উড়ে যাওয়ার পর।বাংলাদেশে যেমন ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে চায়ের কাপে ঝড় ওঠে, ঘরের শান্তি নষ্ট হয়, বাকি বিশ্বে তা নয়। বাকি বিশ্বে ব্রাজিল সব সময়ই ফেবারিট। আর্জেন্টিনা অনেক দূরের সম্ভাবনা নিয়ে থাকে। ১৯৯০ বিশ্বকাপের পর আর্জেন্টিনা ট্রফির কাছাকাছি যেতেও ব্যর্থ হয়েছে। তবে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপটা আলাদা। এখানে মেসি-ম্যারাডোনার যুগলবন্দী আর্জেন্টিনাকে নিয়ে ভাবতে বাধ্য করেছে সবাইকে। তার পরও ব্রাজিলের অনেক পরেই তাদের নাম শুনেছি বিভিন্ন দেশের সাংবাদিকদের মুখে, সমর্থকদের সঙ্গে আলাপচারিতায়। ব্রাজিলের পর সবচেয়ে উচ্চারিত হয়েছে স্পেনের নাম। বিশ্ব ফুটবলের চিরায়ত শক্তি ইতালি-জার্মানির নাম উঠে এসেছে। ফ্রান্সকে নিয়েও আশাটা দেখেছি। ফ্রান্স-ইতালির গৌরবহীন বিদায়ের পর এখন হাতে মাত্র কয়েকটি নাম—ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, স্পেন বা পর্তুগাল। সঙ্গে অনেক দূরের বাতিঘরের মতো হল্যান্ড।সাংবাদিকদের মধ্যে তর্ক-বিতর্ক হচ্ছে। সমর্থকেরা গরম চা কিংবা কফিতে চুমুক দিতে দিতে একে চ্যাম্পিয়ন বানাচ্ছেন, ওর মাথায় শিরোপা তুলে দিচ্ছেন। তবে সবচেয়ে আলোচিত বিষয় ব্রাজিলের ‘চ্যাম্পিয়নস লাক’। প্রাথমিক পর্বে ব্রাজিল পড়েছিল পর্তুগাল, আইভরিকোস্ট ও উত্তর কোরিয়াকে নিয়ে ‘জি’ গ্রুপে, যেটিকে বলা হচ্ছিল ‘গ্রুপ অব ডেথ’ বা মৃত্যুফাঁদ। তো, ব্রাজিল একেবারে কেকের ওপর ছুরি চালানোর মতো পেরিয়ে গেল এই তথাকথিত ফাঁদ। আর্জেন্টিনার সাংবাদিক ক্লদিও হেক্টর মাওরোর কথাই তাহলে ঠিক ছিল! তিনি বলেছিলেন, ‘এটা মোটেই গ্রুপ অব ডেথ নয়। এটা অনেক সহজ গ্রুপ। কঠিন কঠিন বলে ব্রাজিলকে আগে থেকেই সাবধান করে দিতেই এটা এক ধরনের সাজানো পরিকল্পনা।’ হেক্টরের দৃষ্টিতে জার্মানি, সার্বিয়া, ঘানা ও অস্ট্রেলিয়ার ‘ডি’ গ্রুপটাকেই কিছুটা ডেথ গ্রুপের তকমা দেওয়া যায়। তা প্রথম পর্ব হেক্টরের মতকে কিছুটা সত্য প্রমাণ করেছে বৈকি!হেক্টরের ব্রাজিল-বিদ্বেষ না বোঝার কোনো কারণ নেই। তাঁর সঙ্গে এখন তাল মেলাচ্ছেন অন্য দেশের অনেক সাংবাদিক। ইতালির রিকার্দো প্রাতেসি একেবারে নিঃসংশয় যে সূচিতে ব্রাজিলের পথটা অনেক মসৃণ করে রাখা হয়েছে আগে থেকেই, যাতে তারা একেবারে ড্যাং ড্যাং করে ফাইনালে উঠে যায় আরকি! কী তার প্রমাণ? প্রাতেসির যুক্তি, ‘দেখো না, দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের সামনে পড়ল চিলি। চিলি কোনো দল? ব্রাজিলের জয় ধরে নিয়ে আমি তো অনেক আগেই ম্যাচ রিপোর্ট লিখে ফেলতে পারতাম। আবার কোয়ার্টার ফাইনালে তারা পাচ্ছে হল্যান্ডকে। ওরা ভালো দল, কিন্তু শেষ আটের বেশি যেতে পারবে না। সেমিফাইনালে ব্রাজিল পাচ্ছে উরুগুয়েকে। আরে, উরুগুয়ে ব্রাজিলের বিপক্ষে কী করবে!’প্রাতেসি বা হেক্টরের কথায় যুক্তি আছে। তবে সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ উরুগুয়ে হচ্ছে তো ফ্রান্স প্রথম রাউন্ডেই বিদায় নেওয়ায়। এটাও হয়তো ‘চ্যাম্পিয়নস লাক’-এর আরেকটি প্রমাণ।তবে আর্জেন্টিনা-জার্মানিও কি ওই সৌভাগ্যের ছোঁয়া পায়নি এ পর্যন্ত? মেক্সিকোই তো কাঁপিয়ে দিয়েছিল আর্জেন্টিনাকে। কে বলতে পারত, সালসিদোর শট ক্রসবারে না লাগলে মেক্সিকো আগে গোল পেত না! গুয়ার্দাদোর শটটা হঠাৎ বাঁক খেয়ে বাইরে চলে না গেলে আট মিনিটের মধ্যে তারা দুই গোলে এগিয়ে যেত না? কে বলতে পারে, তেভেজের প্রথম গোল অফসাইডের কারণে বাতিল হলে ম্যাচের রং পাল্টে যেত না! ভাগ্য এবার আর্জেন্টিনাকেও সঙ্গ দিচ্ছে।আর জার্মানির বিপক্ষে রেফারি যদি গোললাইন পেরিয়ে যাওয়া বলে ইংল্যান্ডকে গোল দিতেন, ওই ম্যাচের ফল অন্য রকম হতেই পারত। সাতটি বিশ্বকাপ কভার করা আর্জেন্টিনার প্রবীণ সাংবাদিক সার্জিও লুবনোভস্কি মেসি-ম্যারাডোনা ম্যাজিক ছাড়াও ‘চ্যাম্পিয়নস লাকে’র আশায়ও সময় গুনছেন। এবার আর্জেন্টিনা জার্মানিকে ছাড়বে না। বারবার একই ভাবে ‘ঘুঘু ধান খেয়ে যেতে’ নাকি পারে না! এখন দেখাই যাক, ‘চ্যাম্পিয়নস লাক’ কোন দলকে বেশি আপন করে নেয়!