'চ্যাম্পিয়নস লিগ ধরে রাখতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিয়েন রোবেন
আরিয়েন রোবেন

ইউরোপজয়ী বায়ার্ন মিউনিখের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন আরিয়েন রোবেন। ফুটবল ম্যাগাজিন ফোরফোরটুকে দেওয়া এক সাক্ষাৎকারে বায়ার্নের ডাচ উইঙ্গার কথা বলেছেন চ্যাম্পিয়নস লিগ জয়, গার্দিওলা-অভিজ্ঞতাসহ আরও অনেক কিছু নিয়েই
 চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আপনি জয়সূচক গোলটা করেছিলেন। বানিয়ে দিয়েছিলেন প্রথম গোলটাও। শনিবারের সেই সন্ধ্যা আপনি ও আপনার ক্লাবকে আসলে কতটুকু বদলে দিয়েছিল?
আরিয়েন রোবেন: আমার বা আমার ক্লাবের সেই দিনটা সব সময়ই মনে থাকবে। আমার কাছে এটা ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। সেটার গুরুত্ব আসলে কতটুকু সেটা জানতে হলে আপনাকে ওই দিনে ফিরে যেতে হবে। এর আগের বছর আমরা নিজেদের মাঠে ফাইনালে হেরে গিয়েছিলাম। সেই ক্ষতটা আর শুকানোর নয়, কিন্তু পরের বছর জিততে পেরে ভালোই লেগেছিল।
 মাত্রই ট্রেবল জিতেছে এমন একটা দলের আসলে লক্ষ্যটা কী হতে পারে?
রোবেন: এর বাইরেও ইউরোপিয়ান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ কিন্তু আমরা জিতেছি। এখন পর্যন্ত কেউই চ্যাম্পিয়নস লিগ শিরোপা ধরে রাখতে পারেনি। আমরা চেষ্টা করব প্রথম দল হিসেবে এটা করতে। আর বুন্দেসলিগা তো ধরে রাখতে চাইবই। গত তিন বছরে ডর্টমুন্ড দুবার এই লিগ জিতেছে, আমাদের এখানে আরও উন্নতির সুযোগ আছে। শুনতে হয়তো একটু অদ্ভুত শোনাতে পারে, আপনাকে আসলে সবকিছু নতুন করেই শুরু করতে হয়।
 আন্তর্জাতিক অঙ্গণে বায়ার্নকে আসলে কোথায় দেখেন?
রোবেন: যদি একটা ক্লাব চ্যাম্পিয়নস লিগে চার বছরের মধ্যে তিনবার জেতে, সেটাই অনেক কিছু বলে। বার্সেলোনার সঙ্গে আমরা দুই লেগ মিলে ৭-০ গোলে জিতেছি। হেসেখেলে জিতেছি জুভেন্টাসের সঙ্গেও।
 কেউ কেউ বলে বায়ার্নের খেলার ধরন বেশ ধীরস্থির, সংযত। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডকে মনে করা হয় অনেকটাই উদ্ভাবনী ও বুনো। এবং তাদের উজাড় করে দেওয়া ফুটবলের কারণেই তারা জনপ্রিয়। বায়ার্ন কি এখানে কিছু করতে পারে?
রোবেন: বায়ার্নের নিজস্ব একটা ধরন আছে। সেটা ভালোই। হ্যাঁ, এটা একটু সংযত ও সতর্ক বটে। এসব ক্ষেত্রে একটু লাগাম টেনে রাখা খারাপ নয়। আমরা তো শ্রদ্ধা-সম্মান কম কিছু পাই না। আর দল তো ভালোই করছে, আমাদের ধরনেই আমরা উন্নতি করতে চাই।
 গত কয়েক মাসে অনেক বড় ক্লাব থেকে আপনি প্রস্তাব পেয়েছেন। সবগুলোই আপনি নাকচ করে দিয়েছেন। কেন?
রোবেন: আমার মনে হচ্ছে আমি ঠিক জায়গাতেই আছি। বায়ার্ন এখন বিশ্বের সবচেয়ে বড় ও সেরা ক্লাবগুলোর একটি। এটাই আমার জন্য সেরা ক্লাব। আর গার্দিওলার সঙ্গে আমরা অনেক কিছু জিততে চাই।
 যে দলটা আগের মৌসুমেই তিনটি ট্রফি জিতেছে, সেই দলে গার্দিওলা আসলে কী পরিবর্তন আনতে পারেন?
রোবেন: ছোট ছোট অনেক কিছুতেই আমাদের উন্নতির সুযোগ আছে। আমার মনে হয় নতুন কোচ আসায় আমাদের মধ্যে নতুন একটা উদ্দীপনা এসেছে। এটা ভালোই। আমরা আরও বেশি দাপটের সঙ্গে খেলতে চাই। ফুটবলটা আরও বেশি উপভোগ করতে চাই। আর কিছুটা পরিবর্তন তো এসেছেই। আমরা এখন আরও বেশি প্রেসিং করি। আরও আক্রমণাত্মক খেলি, গোল করতে ভালোবাসি। আমরা সহজে গোল পেতে চাই, সেই সঙ্গে চাই কিছু স্পেশাল গোল করতে।
 গার্দিওলার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
রোবেন: পেশাদার হিসেবে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, কিন্তু তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে আরও অনেক কিছু শেখার আছে। গার্দিওলা আমাদের এই বার্তাই দেন, তিনি এখানে নিজের পুরোটুকু দিতেই এসেছেন। রিয়াল মাদ্রিদে থাকার সময় আমি তার বার্সেলোনার দলের বিপক্ষে খেলেছি। সে সময় তিনি পারফেকশনিস্ট ছিলেন, এখনো আছেন।