'ছন্দটা হারিয়ে ফেলেছিলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারমিন আক্তার
শারমিন আক্তার

২০০৪ সালে ইসলামাবাদ সাফ গেমসে সোনা জিতে পাদপ্রদীপের নিচে এসেছিলেন। কিন্তু মাঝে হারিয়েই গিয়েছিলেন শারমিন আক্তার। জার্মানিতে প্রশিক্ষণ শেষে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন এই শ্যুটার। তবে তেহরানে সদ্য শেষ হওয়া ষষ্ঠ এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে ২৩ জনে ১৮তম হয়ে হতাশ বিকেএসপির প্রাক্তন ছাত্রী
 ঢাকার শ্যুটিং রেঞ্জে ভালো স্কোরই করেছিলেন। কিন্তু তেহরানে এত বাজে ফল হলো কেন?
শারমিন আক্তার: আমি একটু খারাপই করেছি। জার্মানি থেকে ট্রেনিং নিয়ে আসার পরও অনেক ভালো স্কোর করছিলাম। কিন্তু ইরানে যাওয়ার কয়েক দিন আগে আমার অনেক জ্বর হয়েছিল। এ কারণে শরীরটা দুর্বল ছিল। জ্বর সেরে যাওয়ার পরও চার-পাঁচ দিন অনুশীলন করতে পারিনি। ভেবেছিলাম, দু-তিন দিনে ঠিক হয়ে যাবে। কিন্তু হয়নি। তখনই আমি ছন্দটা হারিয়ে ফেলেছিলাম। ৪৩৬ স্কোরের মধ্যে আমি করেছি ৪০৬.৪।
 কোচ ছাড়াই গেছেন। এটাও কি খারাপ ফলাফলের একটা কারণ?
শারমিন: তা তো অবশ্যই। কোচ গেলে ওই সময় হয়তো আমাকে বলত, তুমি এটা করো, ওটা করো। আত্মবিশ্বাস ফিরে পেতাম। আসলে ওখানে সমস্যায় পড়লেও দেখানোর কেউ ছিল না। একজন খেলোয়াড় তো আরেকজন খেলোয়াড়ের সমস্যার সমাধান করতে পারে না।
 অনেক লম্বা বিরতির পর এবার একটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় গেলেন আপনারা। এটাও কি ভালো ফল করতে না পারার কারণ?
শারমিন: আমাদের বড় সমস্যাই হলো ধারাবাহিকতা না থাকা। অনেক দিন পর পর একেকটা প্রতিযোগিতায় অংশ নিই। দেখা যায়, দুই বছর হয়ে গেলেও কোনো গেমস নেই। চীন বা ভারতে এমনটা হয় না। এক গেমস শেষ করেই ওই সব দেশের শ্যুটাররা অন্য কোনো দেশে দৌড়াচ্ছে। ট্রেনিং নিচ্ছে।
 আপনার শুরুটা অনেক ঝলমলে। নিজেকে প্রত্যাশিত লক্ষ্যে নিয়ে যেতে পেরেছেন?
শারমিন: এক বছর আগেও চিন্তা করতাম আমাকে দিয়ে কিছু হচ্ছে না। বিষণ্নতায় ভুগতাম। কিন্তু জার্মানিতে ট্রেনিংয়ে যাওয়ার পর ভালোই করেছি স্কোর। সেখান থেকে এসে আমার গড় স্কোর (৩৯৭-৩৯৯) মারতে পারছিলাম। আসলে এর পর থেকেই ভেবেছি, আমাকে দিয়ে হবে। এখন আমি আবার স্বপ্ন দেখতে পারি। আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। নিয়মিত অনুশীলন করতে পারলে এখনো ভালো কিছু করতে পারব।

 বাংলাদেশের শ্যুটিং কি এগোচ্ছে?
শারমিন: ১৫ বছর আগের তুলনায় এখন স্কোর অনেক ভালো হচ্ছে। এটা সত্যি, আমাদের পাশের দেশ ভারত বা এশিয়ার অন্য দেশ আমাদের চেয়েও অনেক উন্নতি করেছে। তবে আমরা গরুর গাড়ির গতিতে চললে ওরা এগোচ্ছে রকেটের গতিতে। পার্থক্য এখানেই।
 শ্যুটিংয়ের নতুন নিয়মেও নিশ্চয় সমস্যা হচ্ছে?
শারমিন: নতুন নিয়ম অন্য কোনো ইভেন্টে হয়নি। শুধু আমাদের ইভেন্টে ১০ মিটার এয়ার রাইফেলেই এটা চালু হয়েছে। এখন নিয়মটা হলো, ৪০০-এর পর থেকেও পয়েন্ট ধরা হচ্ছে। ১০.০ থেকে ১০.৯ পর্যন্ত। আমাদের শুধু শ্যুট অফ হচ্ছে। কম্পিউটারের ওই সিস্টেম ছাড়া এখন এগোনো যাবে না। ফেডারেশনকে ওই প্রযুক্তি আনতে হবে।
 শ্যুটিংয়ে তো নিয়মিত ক্যাম্পও হচ্ছে না...
শারমিন: এটা বড় সমস্যা। এক-দেড় বছর ক্যাম্প না হলে তো একজন শ্যুটার ঘরের মধ্যে বসে থাকবে। রাইফেলে মরিচা ধরে যাবে।
 শ্যুটিংয়ের বাইরে আর কী করছেন?
শারমিন: কিছুদিন আগে স্নাতক পরীক্ষা দিয়েছি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু এখনই চাকরি করতে চাই না। আপাতত শ্যুটিং ছাড়া আর কিছু ভাবছি না। শ্যুটিং নিয়েই এগোতে চাই। দেখি, কতদূর যেতে পারি।