টেস্ট-ওয়ানডেতেও এঁদের অনেকেই সফল। আবার এমন দু-একজনও আছেন, টি-টোয়েন্টির সঙ্গে সমার্থক যাঁদের নাম। এই বিশ্বকাপে আলো ছড়াতে পারেন, এমন ১১ জনকে বেছে নিয়েছেন কামরুল হাসান
'ছোট' ক্রিকেটের বড় তারকা

লাসিথ মালিঙ্গা
শ্রীলঙ্কা
কোনো বোলারের বোলিং অ্যাকশনের কারণে আম্পায়ারকে পোশাকের রং বদলাতে হয়েছে, এটা লাসিথ মালিঙ্গার আবির্ভাবের আগে দেখেনি ক্রিকেট। অভিষেক ২০০৪ সালে, তবে বছর খানেক পরে শ্রীলঙ্কার নিউজিল্যান্ড সফরে মালিঙ্গাকে এভাবেই চিনেছিল ক্রিকেট বিশ্ব। তারপর দিনে দিনে আরও বিস্ময় উপহার দিয়েছেন শ্রীলঙ্কান এই পেসার। সেটি শুধু চুলের ফ্যাশনের বৈচিত্র্যেই নয়, বল হাতেও। বিশ্বকাপে দুই হ্যাটট্রিক করা একমাত্র বোলার তিনি, ওয়ানডে ক্রিকেটে তিন হ্যাটট্রিকও মালিঙ্গা ছাড়া আর কোনো বোলারের নেই। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা চার বলে চার উইকেট—এই কীর্তিও একদিনের ক্রিকেট এখন পর্যন্ত একমে্বাদ্বিতীয়ম। ওয়ানডে ক্রিকেটে এমন বিরল সব রেকর্ড গড়া মালিঙ্গা যে টি- টোয়েন্টিতেও দারুণ সফল হবেন, তাতে খুব একটা বিস্ময় নেই। ৫০ ম্যাচে ৬০ উইকেট—এই পরিসংখ্যান অবশ্য হঠাৎ ম্যাচের রং বদলে দেওয়া তাঁর পারফরম্যান্সগুলো ঠিক তুলে আনছে না। বর্তমান ক্রিকেটের সবচেয়ে বিধ্বংসী ইয়র্কার তাঁর, যা করতে পারেন আশ্চর্য ধারাবাহিকতায়। আইপিএলের সফলতম বোলার তিনি (৭৩ ম্যাচে ১০৩ উইকেট)। এই সাফল্যটা ধরে রেখেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। আগের চার আসর মিলিয়ে ২৫ ম্যাচে ৩৩ উইকেট নিয়ে এখানেও তিনি সবার ওপরে। তবে বল হাতে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরেও টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনো শিরোপা জেতাতে পারেননি দলকে। ২০০৯ সালে ফাইনালে শ্রীলঙ্কা হেরে গিয়েছিল পাকিস্তানের কাছে। গত আসরের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার। স্যামুয়েলসের হাতে বেধড়ক মার খাওয়ায় মালিঙ্গারই বুকে বেশি বিঁধেছিল যে পরাজয়। এবার কি সেই আক্ষেপ ঘোচানোর পালা?

ক্রিস গেইল
ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টির জন্মই যেন তাঁর জন্য! যেখানে জ্যামাইকান বাঁহাতির ব্যাট হয়ে ওঠে খোলা তলোয়ার। টেকনিক বিচারে নিখুঁত নন কখনোই, ফুটওয়ার্ক প্রায় নেই বললেই চলে। কিন্তু ওসব দুর্বলতা চোখেই পড়ে না দুর্দান্ত টাইমিং আর প্রচণ্ড গায়ের জোরের কারণে। শরীরী ভাষা প্রায় নিসপৃহ রেখে বোলারদের তুলোধুনো করাটাকে গেইল নিয়ে গেছেন প্রায় শিল্পের পর্যায়ে। এ কারণেই তিনি টি-টোয়েন্টির এমন ‘হট কেক’। আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ—সব টুর্নামেন্টেই গেইলের সদর্প উপস্থিতি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরিটাও তাঁর, ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনই হয়েছিল তাঁর ঝোড়ো সেঞ্চুরিতে। ২০০৯ সালে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপেই ওভালে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলেন ৫০ বলে ৮৮ রানের বিধ্বংসী আরেকটি ইনিংস খেলে, ২০১০ সালে ব্রিজটাউনে ভারতীয় বোলারদের প্রায় কাঁদিয়ে করলেন ৬৬ বলে ৯৮। গত বছর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ৩০ বলে, যেকোনো ধরনের ক্রিকেটে যেটা দ্রুততম। ওই ম্যাচেই শেষ পর্যন্ত ৬৬ বলে ১৭৫ রান করে অপরাজিত ছিলেন, যেকোনো ধরনের টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ ইনিংস। বিচিত্র ব্যাপার হচ্ছে, এমন মারকুটে ক্রিস গেইলেরই আবার টেস্ট ক্রিকেটে ১৫টি সেঞ্চুরি আছে, যার দুটি আবার ট্রিপল সেঞ্চুরি! ব্যাট হাতে রুদ্র রূপের পাশাপাশি খণ্ডকালীন বোলার হিসেবে অফ স্পিনটাও মন্দ করেন না। যেকোনো অধিনায়কের কাছে সীমিত ওভারের ক্রিকেটে গেইল তাই একের মধ্যে দুই, টি-টোয়েন্টি হলে তো কথাই নেই!

মহেন্দ্র সিং ধোনি
ভারত
খড়গপুর রেলওয়ে স্টেশনের টিকিট চেকার থেকে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনির জীবনের গল্প বলিউডের সিনেমাকেও হার মানানোর মতো। ঝাড়খণ্ডের যে কিশোর ব্যাডমিন্টন আর ফুটবল নিয়ে পড়ে থাকত সারা দিন, সে-ই একসময় হয়ে গেল ক্রিকেটের উইকেটকিপার! তারপর বিহার, ঝাড়খণ্ড, ভারতীয় ‘এ’ দল হয়ে জাতীয় দলে। উইকেটকিপার পরিচয় ঢাকা পড়ে গেল ব্যাটসম্যান-সত্তার আড়ালে, আর তারপর অধিনায়ক হয়ে তো লিখলেন ইতিহাস। যে ইতিহাসের প্রথম অধ্যায়টা লেখা হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই। এরপর ভারতকে জিতিয়েছেন ওয়ানডে বিশ্বকাপ, তুলে নিয়ে গেছেন টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে। ব্যাটিংয়ের ব্যাকরণ তাঁর নিজস্ব, হেলিকপ্টার শট যার প্রমাণ। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ১৫টি সেঞ্চুরির মালিক ধোনির টি-টোয়েন্টিতে কোনো হাফ সেঞ্চুরিই নেই! কারণ আন্দাজ করা কঠিন কিছু নয়। যে পজিশনে ব্যাটিং করতে নামেন, সেখান থেকে বড় স্কোর গড়ার সুযোগ থাকে না। তবে ধোনির বিশেষত্ব তিনি দুর্দান্ত ফিনিশার। লোয়ার মিডল অর্ডারে নেমে যেকোনো কঠিন ম্যাচ বের করে আনতে পারেন একা হাতে।
শহীদ আফ্রিদি
পাকিস্তান
ব্যাটিং করার সময় যে এক-দুই রান করেও নেওয়া যায়, এটা বোধ হয় শহীদ আফ্রিদি জানেনই না! চার মারার চেয়ে তাঁর কাছে ছক্কা মারা সহজ। যার প্রমাণ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার (৪২৬) রেকর্ডটা তাঁরই দখলে। ক্যারিয়ারের প্রথম ইনিংসে দ্রুততম সেঞ্চুরির তখনকার বিশ্বরেকর্ড (৩৭ বলে) গড়ে শুরু করেছিলেন। পরের ১৭ বছরে ক্রিকেট তার রূপ বদলেছে অনেকবার, বদলাননি শুধু আফ্রিদি। ব্যাট হাতে উন্মত্ত রূপ এখনো সেই প্রথম দিনের মতোই। তুলে মারার অভ্যাসের কারণে ব্যাট হাতে আফ্রিদির ওপর ভরসা হয়তো করা যায় না সব সময়। কিন্তু যেদিন তিনি ছন্দ পেয়ে যান, সেদিন প্রতিপক্ষের কী অবস্থা হয়, সেটির সর্বশেষ প্রমাণ তো পাওয়া গেছে সদ্য সমাপ্ত এশিয়া কাপেও। এর সঙ্গে যোগ করুন তাঁর বৈচিত্র্যময় সিপন। মূলত লেগ স্পিনার হলেও কখনো অফ স্পিন, কখনো গুগলি, কখনো মিডিয়াম পেসারদের মতো দ্রুতগতির বলে ব্যাটসম্যানকে বোকা বানাতে জুড়ি নেই তাঁর। টি-টোয়েন্টিতে তো বরং ব্যাটের চেয়ে বল হাতেই বেশি সফল। ৭০ ম্যাচে ২২.৫০ গড়ে ৭৩ উইকেট। সাঈদ আজমল (৮১) ও উমর গুলের (৭৪) পর টি-টোয়েন্টির সবচেয়ে সফল বোলার তিনি। ব্যাটিং-বোলিং মিলিয়ে টি-টোয়েন্টির আদর্শ এক প্যাকেজও।
সাঈদ আজমল
পাকিস্তান
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বয়স ৩০ পেরিয়ে যাওয়ার পর। বল হাতে যেন এত দিনের অপেক্ষার যন্ত্রণায় প্রলেপ দেওয়ার পণ করেছেন পাকিস্তানি অফ স্পিনার। অভিষেকের ছয় বছরের মধ্যে তাই নামের পাশে ৪৩২ আন্তর্জাতিক উইকেট। গতি আর ফ্লাইটের বৈচিত্র্য তো আছেই, আজমলের মূল শক্তির জায়গা তাঁর দুসরা। ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের এই বলের কল্যাণেই তিনি এখন বিশ্বের অন্যতম সেরা স্পিনার। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ৫.৮২ ইকোনমি রেট আর ১৩.৫৮ গড়ে ১২ উইকেট নিয়ে পাকিস্তানের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ততম সংস্করণটা যে আজমলের বেশ পছন্দ, তার প্রমাণ টি-টোয়েন্টিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি উইকেট তাঁর (৫৯ ম্যাচে ৮১)। পারফরম্যান্সটা আরও উজ্জ্বল টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১৯ ম্যাচে ৩২ উইকেট, টি-টোয়েন্টি বিশ্বকাপে যা দ্বিতীয় সর্বোচ্চ।

সাকিব আল হাসান
বাংলাদেশ
গেইল-ম্যাককালামদের মতো দানবীয় ব্যাটিং নয় তাঁর। মেন্ডিসের রহস্য কিংবা আজমলের বৈচিত্র্য নেই বলে। সাকিব আল হাসানের সবচেয়ে বড় গুণ নিজের সামর্থ্যের সবটুকু মাঠে ঢেলে দেওয়ার ক্ষমতা। সেই সামর্থ্যের গুণেই একদিনের ক্রিকেটে সাকিব এখন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী (৩,৭৭৯)। বেশির ভাগ সময় চার-পাঁচ কিংবা আরও নিচে ব্যাট করেও দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে (৫টি) সেঞ্চুরির মালিক। সমান সফল বল হাতেও, ওয়ানডেতে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট (১৬৫) তাঁর। শরীরী ভাষায় টি-টোয়েন্টির আগ্রাসন নেই মনে হতে পারে, কিন্তু সাকিবের দিনে তিনি কতটা ভয়ঙ্কর, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৫৪ বলে ৮৪ রানের ইনিংসটিই প্রমাণ হতে পারে তার। টি-টোয়েন্টিতে দেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান (২৮ ম্যাচে ৫৬৬) ও দ্বিতীয় সর্বোচ্চ উইকেট (২৮ ম্যাচে ৩৬টি) তাঁর। অলরাউন্ড সামর্থ্য আর বিশ্বের বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা মিলিয়ে সাকিবই বাংলাদেশের স্বপ্নের ধারক।
ডেভিড ওয়ার্নার
অস্ট্রেলিয়া
ছক্কা মারার নেশা সেই ছেলেবেলা থেকেই। বোলারদের এত বেশি পেটাতেন আর এত বেশি তুলে মারতেন যে বিরক্ত হয়ে ডেভিড ওয়ার্নারকে ১৩ বছর বয়সে তাঁর স্কুল দলের কোচ বাঁহাতি থেকে বানিয়ে দিয়েছিলেন ডান হাতি ব্যাটসম্যান! সেটা সম্ভব হয়েছিল দুই হাতই তাঁর সমান চলত বলে। এমনিতে ব্যাটিং বাঁ হাতে করলেও বোলিং করেন ডান হাতে। তো স্কুলের কোচের কথামতো কিছুদিন ওয়ার্নার ডান হাতেও ব্যাট করেছিলেন, কিন্তু তাঁর পেটানোর অভ্যাস যায়নি। কোচ ভাবলেন, কী আর করা, তাহলে প্রকৃতিগত বাঁহাতি ব্যাটসম্যান হয়েই থাকুক। যদিও মাঝেমধ্যে হঠাৎ স্টান্স বদলে এখনো তিনি চমকে দেন প্রতিপক্ষ কিংবা আম্পায়ারকে! আর ছক্কা মারার অভ্যাসটা তো ধরেই রেখেছেন। পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতা অস্ট্রেলিয়ান মানদণ্ডে ‘বামন’ই তো! কিন্তু শরীরটা বডিবিল্ডারের মতো। শন টেইটকে একবার উড়িয়ে মারতে পেরেছিলেন অ্যাডিলেড ওভালের গ্যালারির ছাদে, আর একবার পাঠিয়েছিলেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারির ২০তম সারিতে! অস্ট্রেলিয়ার ১৩৭ বছরের ইতিহাসে প্রথম ক্রিকেটার, যাঁর আন্তর্জাতিক অভিষেক হয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটে কোনো অভিজ্ঞতা ছাড়া! কী দেখেছিলেন নির্বাচকেরা, সেটার প্রমাণ দিলেন ওয়ার্নার অভিষেকেই। মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ বলে ৮৯ রানের ইনিংস খেলেই তারকা বনে গেলেন। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তকমা গা থেকে ঝেড়ে ফেলে টেস্ট-ওয়ানডেতেও দারুণ সফল, তবে ‘টি-টোয়েন্টি’ শুনলেই ওয়ার্নারের চোখ চকচক করে ওঠে এখনো।
এবি ডি ভিলিয়ার্স
দক্ষিণ আফ্রিকা
ক্রিকেটার না হলে তিনি রাগবি খেলোয়াড় হতে পারতেন স্বচ্ছন্দে। ওই খেলাটাতেও দারুণ এবি ডি ভিলিয়ার্স। বেশ ভালো খেলেন টেনিসও, শখটাকে পেশা হিসেবে নিলে হতে পারতেন ভালো গলফারও। কিন্তু ওসব না হয়ে তিনি ক্রিকেটার এবং সন্দেহাতীতভাবে এই সময়ে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে পঞ্চাশের ওপরে গড় এবং সাত হাজারের বেশি যাঁর রান, তাঁকে টি-টোয়েন্টির এই ধরো-মারো ক্রিকেটারদের তালিকায় ঠিক মানায় না হয়তো। তবে ব্যাটিংয়ের ব্যাকরণটা ভালো জানেন বলেই হয়তো অবলীলায় সেটি ভাঙতেও পারেন ডি ভিলিয়ার্স। সেটির সাক্ষ্য দিচ্ছে টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট। ক্ষুরধার মস্তিষ্কের অধিনায়ক, যদিও টি-টোয়েন্টিতে তিনি দেশের অধিনায়কত্ব করেন না এখন। পাশাপাশি একজন দুর্দান্ত উইকেটকিপার। আবার নিয়মিত উইকেটকিপিং করার আগে যখন আউটফিল্ডে ফিল্ডিং করতেন, তাঁকে বলা হতো জন্টি রোডসের পর দক্ষিণ আফ্রিকার সেরা ফিল্ডার। ডি ভিলিয়ার্স মানে তাই একের মধ্যে অনেককে পাওয়া।

বিরাট কোহলি
ভারত
২০০৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন। এর কিছুদিন পরই অনিল কুম্বলে বলেছিলেন, এই ছেলেটা ভারতের আগামী দিনের সেরা ব্যাটসম্যান। ভুল বলেননি কুম্বলে। বিরাট কোহলিকে টেন্ডুলকার-পরবর্তী ভারতের সেরা ব্যাটসম্যান বলে মেনে নিয়েছেন সবাই। রক্ষণ নিখাদ, শট খেলতে পারেন উইকেটের চারপাশে আর লেগ সাইডে টাইমিং দুর্দান্ত। ১৯ সেঞ্চুরিসহ তাঁর ছয় হাজারেরও বেশি রানের ওয়ানডে ক্যারিয়ার অসাধারণ, টেস্ট গড় যেকোনো স্বীকৃতি মিডল অর্ডার ব্যাটসম্যানের সঙ্গে মানানসই। তবে এই দুটির সঙ্গে এখন পর্যন্ত কিছুটা বেমানান তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ার, ২১ ম্যাচে ৩৪.৫২ গড়ে ৪৫০ রান। এর একটা কারণ, টি-টোয়েন্টি অভিষেক ২০১০ সালে হলেও খুব বেশি খেলা হয়নি। তবে ১৩০.৪৪ স্ট্রাইক রেট বলছে, এখানেও দারুণ কার্যকর হতে পারেন কোহলি। গত কিছুদিনে ব্যাটিংটাকে এমন উচ্চতায় তুলে নিয়ে গেছেন যে সেটা শুরু হতে পারে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই।
ব্রেন্ডন ম্যাককালাম
নিউজিল্যান্ড
বছর চারেক আগে ক্রাইস্টচার্চের সেই টি-টোয়েন্টি ম্যাচটা ক্রিকেটপ্রেমীরা মনে রাখবেন অনেক দিন, মনে থাকবে শন টেইট আর ডার্ক ন্যানেসেরও। দুই অস্ট্রেলিয়ান পেসারকে এমন বেধড়ক পিটুনি এর আগে আর কেউ দেননি, পরেও না। ৫৬ বলে অপরাজিত ১১৬ ব্রেন্ডন ম্যাককালামের জন্য অবশ্য নতুন কিছু ছিল না। এর আগেও তো অনেকবারই এমন প্রমত্ত রূপে দেখেছে ক্রিকেট বিশ্ব। টি-টোয়েন্টির জগৎ বদলে দেওয়া আইপিএলের শুরুও তো ম্যাককালাম-ঝড়েই। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৭৩ বলে অপরাজিত ১৫৮ রানের সেই ইনিংসটি টি-টোয়েন্টি ইতিহাসেরই অন্যতম সেরা। চাইলে ‘টি-টোয়েন্টির টেন্ডুলকার’-ও বলতে পারেন তাঁকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান তাঁর। দুটি সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান তিনি, সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরিও (১২টি)। সবচেয়ে বেশি ছক্কা (৮০টি) ও সবচেয়ে বেশি চার (১৮৭টি) মারার কীর্তিও ম্যাককালামেরই। উদ্ভাবনী শট খেলায় তাঁর চেয়ে এগিয়ে থাকতে পারেন কেউ কেউ, তবে নির্ভেজাল ক্রিকেটিং শটেই বোলিং ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আছে কিউই-অধিনায়কের।
সুনীল নারাইন
ওয়েস্ট ইন্ডিজ
২০১১ সালে ক্যারিবিয়ান টি-টোয়েন্টি লিগে খেলার সময় তাঁর বোলিং অ্যাকশন নিয়ে কিছুটা সন্দেহ দেখা দেয়। পার্থে বায়োমেকানিক্যাল পরীক্ষার পর তাই সেই অ্যাকশন কিছুটা বদলে ফেলতে হয়েছিল সুনীল নারাইনের। তাতে তাঁর বোলিংয়ের বিষ বিন্দুমাত্র কমেনি। বোলিং অ্যাকশন বদলেও ২০১২ আইপিএলে ২৪ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ওই আসরেই নিজেকে চেনালেন। কলকাতা নাইট রাইডার্সকে জেতালেন আইপিএলে প্রথম শিরোপা। পেলেন টুর্নামেন্ট-সেরার স্বীকৃতিও। দেশের হয়ে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে ৩০ উইকেট। কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান অফ স্পিনারকে বোঝাতে তাকাতে হবে ইকোনমি রেটের দিকে, সেটি মাত্র ৫.৯৭।
বাকী অংশ পড়তে ক্