দৃষ্টি আসন্ন এসএ গেমসে। আগামী ৬-১৬ ফেব্রুয়ারি ভারতের শিলং ও গুয়াহাটিতে অনুষ্ঠেয় এসএ গেমসের প্রস্তুতির অংশ হিসেবেই বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে সুযোগ দেওয়া এবারের বঙ্গবন্ধু গোল্ড কাপে। কাগজে-কলমে যে দলটিকে বলা হচ্ছে বাংলাদেশ অলিম্পিক দল। তবে এসএ গেমসের আগের ছোটদের সামনে বড় চ্যালেঞ্জ—৮ জানুয়ারি শুরু বঙ্গবন্ধু গোল্ড কাপে ‘ভালো কিছু’ করা।
সেই ‘ভালো কিছু’টা অন্তত সেমিফাইনালে উত্তরণ। সেই লক্ষ্যে ২১ ডিসেম্বর ২৫ ফুটবলারকে নিয়ে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। অলিম্পিকের এই দলে খেলতে পারবেন ৩ জন সিনিয়র ফুটবলার। পরশু কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে একমাত্র প্রস্তুত ম্যাচে সিনিয়রদের মধ্যে খেলেছেন গোলকিপার জিয়াউর রহমান ও মোহাম্মদ সুলতান মাহমুদ, ডিফেন্ডার অরূপ বৈদ্য ও কেষ্ট কুমার, মিডফিল্ডার রেজাউল করিম, আশরাফ মাহমুদ লিঙ্কন, ইমন বাবু। আগামী দু-তিন দিনের মধ্যে ঘোষণা করা হতে পারে চূড়ান্ত দল। এদের মধ্য থেকে তিনজনকে বেছে নেবেন কোচ গঞ্জালো মোরেনো।
চূড়ান্ত দল বাছাইয়ে অবশ্য স্থানীয় সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানীর ওপরই ভরসা এই স্প্যানিশ কোচের। গত আগস্টে সাফ অনূর্ধ্ব-১৬ দলকে চ্যাম্পিয়ন করেছেন জিলানী। এবার বয়সভিত্তিক আরেকটি দলকে নিয়েও স্বপ্ন দেখছেন তিনি, ‘আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্তত সেমিফাইনালে নিয়ে যেতে চাই দলকে। যদিও প্রতিটি ম্যাচই আমার কাছে ফাইনাল মনে হয়।’ দল নিয়ে জিলানী আশাবাদী হচ্ছেন কারণ, ‘এই দলের অনেকে জাতীয় দলে খেলে। তরুণ কিছু প্রতিভাবান ফুটবলারও আছে। সবার ভেতরে ভালো করার তাড়না দেখছি। সাফে জাতীয় দলের ব্যর্থতায় ছোটরা অনেক কষ্ট পেয়েছে।’
মাঠের অভাবে নিয়মিত দুই বেলা অনুশীলন করতে পারছে না অলিম্পিক দল। কমলাপুর ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছে চ্যাম্পিয়নশিপ লিগ এবং তৃতীয় বিভাগের খেলা। তাই সকালে এক বেলা করে অনুশীলন করতে হচ্ছে ফুটবলারদের। তবে অনুশীলন যেমনই হোক এসএ গেমসের আগে বঙ্গবন্ধু গোল্ড কাপকেই ঝালিয়ে নেওয়ার মঞ্চ হিসেবে দেখছেন জিলানী, ‘এসএ গেমসের আগে এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলাটা নিজেদের পরখ করে নেওয়ার ভালো একটা সুযোগ।’
বাংলাদেশ জাতীয় দল ‘এ’ গ্রুপে মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ অলিম্পিক দলের প্রতিপক্ষ বাহরাইন, মালদ্বীপ ও কম্বোডিয়া। ১০ জানুয়ারি যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে বাহরাইনের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে অলিম্পিক দলের বঙ্গবন্ধু কাপ অভিযান। এশীয় মানের বাহরাইনের মূল দল আসবে না, কিন্তু নির্বাচিত যে দলটি আসবে সেটিও সহজ হবে না। তবে জিলানী জয়েরই স্বপ্ন দেখেন, ‘প্রথম ম্যাচ বলেই এটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ম্যাচটি জিতলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে।’
অলিম্পিক দলের স্ট্রাইকার তকলিচ আহমেদের ব্যক্তিগত একটি চ্যালেঞ্জ আছে এই টুর্নামেন্টে। সর্বশেষ সাফের দল থেকে বাদ পড়ার পর জাতীয় দলে ফিরতে মরিয়া সিলেটের তরুণ, ‘এবার সাফে খেলতে পারিনি বলে অনেক খারাপ লেগেছে। আমার ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে দুঃসময় গেছে এই কটা দিন। শেখ জামাল ক্লাবে নিয়মিত একাদশে না খেলতে পারলেও জাতীয় দলে নিয়মিত ছিলাম। অথচ সর্বশেষ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে ভালো খেলেও বাদ পড়লাম। আবারও জাতীয় দলে ফিরতে চাই। বঙ্গবন্ধু গোল্ডকাপই নিজেকে প্রমাণের বড় জায়গা।’