‘ছোট’ হয়ে যাচ্ছে বড় দুই স্টেডিয়াম
শিরোনাম দেখে ভাববেন না, আকার-আকৃতিতে ছোট হয়ে যাচ্ছে দেশের বড় দুই স্টেডিয়াম—বঙ্গবন্ধু আর শেরেবাংলা। আসলে স্টেডিয়াম দুটি থাকছে স্টেডিয়ামের মতোই। বরং আগামী ফেব্রুয়ারি-মার্চের বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে স্টেডিয়াম দুটি সাজছে নতুন সাজে। আর এটা করতে গিয়ে দর্শক ধারণক্ষমতা অনেকটাই হ্রাস পাচ্ছে স্টেডিয়াম দুটিতে। দুটি স্টেডিয়ামেই যে বসানো হচ্ছে আধুনিক চেয়ার।বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুধু বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এ জন্য চলছে বিশাল এক কর্মযজ্ঞ। বেসরকারি হিসাবে এখন এই স্টেডিয়ামে বসতে পারে আনুমানিক ৩৫ হাজার দর্শক। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসির) দেওয়া হিসাব মতে, চেয়ার বসালে দর্শক ধারণক্ষমতা প্রায় ১০ হাজার কমে হবে মাত্র ২৬ হাজার, যার মধ্যে ২৫ হাজার ৫০০ আসন সাধারণ দর্শক গ্যালারিতে ও শ পাঁচেক ভিআইপি গ্যালারিতে। শেরেবাংলা স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা ৩৫ হাজারের মতো ছিল। চেয়ার বসানোর পর কমে হচ্ছে ২২ হাজার।শুধু বঙ্গবন্ধু আর শেরেবাংলা স্টেডিয়াম নয়, আসন্ন বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে দেশের আরও তিনটি স্টেডিয়ামেও বসানো হচ্ছে চেয়ার। এগুলো হলো ফতুল্লা স্টেডিয়াম, চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম ও খুলনা বিভাগীয় স্টেডিয়াম। ফতুল্লায় চেয়ার বসালে দর্শক বসতে পারবে ১৮ হাজার, খুলনায় ১২ হাজার। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামের অবশ্য দর্শক ধারণক্ষমতা বাড়ছে। এক পাশে দোতলা গ্যালারি হলে দর্শক ধারণক্ষমতা হবে ১৮ হাজার, আর না হলে ১২ হাজার।কাল এসব তথ্য জানালেন এনএসসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান আবদুর রহমানের কাছ থেকে। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে চলমান স্টেডিয়ামের সংস্কারকাজ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানালেন, ‘পাঁচটি স্টেডিয়ামের জন্য মালয়েশিয়া থেকে আনা হচ্ছে চেয়ার। এই চেয়ার বিশ্বকাপ ক্রিকেট শেষেও থেকে যাবে। আধুনিক সব স্টেডিয়ামে এখন চেয়ার থাকছেই। সে জন্যই এ উদ্যোগ। এমন নয় যে বিশ্বকাপ শেষে এগুলো খুলে ফেলা হবে।’সংস্কারকাজের সৌজন্যে স্টেডিয়ামগুলোতে লাগছে আধুনিকতার ছোঁয়া। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফ্লাডলাইটের সংস্কার হচ্ছে। বাকি চারটি স্টেডিয়ামে বসছে নতুন ফ্লাডলাইট। এ জন্য মোট বরাদ্দ ৬০ কোটি টাকা। স্কোরবোর্ড, বড় পর্দা ইত্যাদিসহ বিদেশ থেকে সরঞ্জাম কেনা বাবদ বরাদ্দ আছে আরও ১০৮ কোটি টাকা। এর সঙ্গে ৮৮ কোটি টাকা আছে স্টেডিয়ামের সংস্কারকাজের জন্য। পাঁচটি স্টেডিয়ামের জন্য মোট বরাদ্দ ২৫৬ কোটি টাকা।তিনটি নতুন ফটক বানানো হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। যার একটিরই বাজেট কোটি টাকার মতো, তাতে থাকছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। মাঠের পূর্ব দিকে বসানো হবে ৯০ বর্গমিটারের বড় পর্দা, যেটি হবে ক্রিকেটবিশ্বের অন্যতম বড় পর্দা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে লাগবে দুটি বড় পর্দা, বাকিগুলোতে একটি করে। পুরোনো প্রেসবক্সে হবে আইসিসি হসপিটালিটি বক্স।কিন্তু স্টেডিয়ামের ধারণক্ষমতা কমে যাওয়ার ব্যাপারটাকে কীভাবে নিচ্ছেন সংশ্লিষ্টরা? প্রশ্নটা এ কারণেই আসছে যে, আধুুনিকতার ছোঁয়া দিতে চাইলে দর্শক ধারণক্ষমতা কমতেই পারে। আবার অন্যভাবে দেখলে দর্শক ধারণক্ষমতা কমে যাওয়া আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে খুব সুখকর কোনো খবরও নয় নিশ্চয়ই।তবে বাফুফে ও বিসিবি বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছে। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বললেন, ‘আধুনিক কিছু করতে গেলে দর্শক ধারণক্ষমতা যদি কমে, তাহলে কিছু করার নেই। এতে অসুবিধার কিছু দেখছি না।’বিসিবির সহসভাপতি আহমেদ সাজ্জাদুল আলম ববির কথাও প্রায় একই রকম। সঙ্গে তিনি যোগ করেছেন, ‘দর্শক নিরাপত্তার কথাও ভাবতে হবে। এখন দর্শকেরা আমাদের এখানে যে রকম গাদাগাদি করে খেলা দেখে, তাতে তারা নিরাপদ নয়। চেয়ার বসানো হলে দর্শকেরা নিরাপদে এবং আরামে খেলা দেখতে পারবে। এতে স্টেডিয়ামের ধারণক্ষমতা কমলেও বাস্তবতা মেনে নিতেই হবে।’