'ছোট'দের পাশে টেন্ডুলকার-লারারা

প্রথম পর্বে হল্যান্ড-ওমান ম্যাচটা বৃষ্টিতে পন্ড হওয়ার পর হতাশা লুকিয়ে রাখতে পারেননি পিটার বোরেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে ওঠার যে অল্প একটু সম্ভাবনা বেঁচে ছিল, তা-ও সেদিন প্রকৃতি নষ্ট করে দিল। না খেলেই বিশ্বকাপ থেকে বাদ পড়ার আক্ষেপ থেকে হল্যান্ড অধিনায়ক সেদিন বলেছিলেন, ‘পর্যাপ্ত ক্রিকেট খেলতে পারলাম না, এটা মোটেও ঠিক হলো না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত কোনো বিশ্ব আসরে আবার কবে খেলতে পারবেন কে জানে। বোরেনের আক্ষেপ সে কারণেই বেড়ে যাচ্ছে। শুধু হল্যান্ড কেন, অপেক্ষা-আক্ষেপ-অভিযোগ সব সহযোগী দেশেরই। আইসিসি এরই মধ্যে ঘোষণা দিয়ে রেখেছে, ২০১৯ বিশ্বকাপটা ১০ দলের হবে। যার মধ্যে স্বাগতিক ইংল্যান্ডসহ র্যাঙ্কিংয়ে সেরা আট দলের সাতটি থাকবে, বাকি দুটি দল আসবে বাংলাদেশে অনুষ্ঠেয় বাছাইপর্ব থেকে। সুযোগই যেখানে কম, সেখানে হল্যান্ডের মতো সহযোগি দলগুলোর খেলার স্বপ্ন ধোঁয়াশায়ই ঢেকে যাওয়ার কথা।
অথচ এই হল্যান্ডই ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েকে হারিয়ে সুপার টেনে উঠেছিল। সেখানে হারিয়েছে ইংল্যান্ডকেও! শুধু হল্যান্ড কেন, এই বিশ্বকাপের চমক আফগানিস্তানও ২০১৯ বিশ্বকাপে খেলার ব্যাপারে নিশ্চিত নয়। সুপার টেনে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দলের সঙ্গে বেশ লড়াই করল দলটি, শেষ ম্যাচে তো হারিয়েই দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। আফগানদের ভয়ডরহীন ক্রিকেট এই বিশ্বকাপের সবচেয়ে দৃষ্টিসুখকর বিষয়গুলোর একটি।
সহযোগী দলগুলোর জন্য সুখবর, ক্রিকেটের সাবেক কিংবদন্তিরা তাদের পাশেই দাঁড়াচ্ছেন। ওই আফগানিস্তানের খেলা দেখেই শুরুটা করেছিলেন মাইকেল ভন। এখন তাঁর সঙ্গে যোগ দিয়েছেন ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, শেন ওয়ার্নের মতো গ্রেটরাও। আইসিসির প্রতি সবারই আহবান—ছোট দলগুলোর ব্যাপারে বদলাতে হবে মানসিকতা।
আসলে আইসিসির নীতিই এই দলগুলোকে ঠেলে দিচ্ছে অনিশ্চয়তার মুখে। বিশ্বকাপকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার ধোঁয়া তুলে সহযোগী দেশগুলোর জন্য নিজেদের প্রমাণের রাস্তাটা অনেক কঠিন করে তুলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। একে তো তথাকথিত বড় দলগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলারই সুযোগ পায় না আয়ারল্যান্ড-আফগানিস্তানের মতো দলগুলো; তার ওপর বিশ্বকাপে ভালো খেলে যে বিশ্বের নজরে আসবে, সে সুযোগও যাচ্ছে কমে। এতে ক্রিকেটকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যটাও পড়ছে সংশয়ে। গত রোববার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আফগানিস্তানের অমন রোমাঞ্চ ছড়ানো জয়ের পর প্রশ্নটা আরও বড় হয়ে উঠছে, প্রতিদ্বন্দ্বিতার নাম করে বিশ্ব আসরে শুধুই গুটিকয়েক দেশকে রাখা, নাকি ক্রিকেটকে আসলেই বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা—কী হওয়া উচিত আইসিসির নীতি?
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকেও এক্ষেত্রে ধারণা নিতে পারে আইসিসি। ফুটবল যে ক্রিকেটের চেয়ে অনেক বেশি বিশ্ব-জনীন খেলা, সেটি বলার অপেক্ষা রাখে না। যেখানে ফিফা বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪০ করার কথা ভাবছে, আইসিসি বরং হাঁটছে উল্টো পথে! তথাকথিত ‘ছোট’ দলগুলোর বড় হওয়ার সুযোগ কমিয়ে দিচ্ছে।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে আফগানিস্তানের আক্রমণাত্মক ক্রিকেটে মুগ্ধ সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন সপ্তাহ খানেক আগে টুইট করেছিলেন, ‘এটা হতাশার যে, আগামী বিশ্বকাপে আফগানিস্তানের মতো দলগুলোকে দেখতে পাব না। আইসিসি, দয়া করে মানসিকতা পরিবর্তন করো।’ ব্রায়ান লারারও একই স্লোগান। সঙ্গে আরও অনেক সাবেক-বর্তমান ক্রিকেটারকেও পাশে চেয়েছেন তিনি। টুইটারে সবাইকে ট্যাগ করে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি লিখেছেন, ‘শচীন, শেন ওয়ার্ন, হেনরি গেইল, কোহলি, ডি ভিলিয়ার্স এবং অন্যদেরও এই ব্যাপারটার গুরুত্ব ভেবে দেখতে অনুরোধ করছি।’
লারার অনুরোধে এর মধ্যেই সাড়া দিয়েছেন শচীন টেন্ডুলকার। ভারতীয় কিংবদন্তি টুইট করেছেন, ‘পুরোপুরি একমত। আফগানিস্তান ও ওমানের মতো দলগুলোর পারফরম্যান্স ও উদ্যম এই বিষয়টাকেই তুলে ধরে, বিশ্বকাপে এবং তার বাইরেও অনেক দলের প্রয়োজন আছে।’ কিংবদন্তি অস্ট্রেলীয় লেগ স্পিনার শেন ওয়ার্ন সুর মিলিয়ে লিখেছেন, ‘আমিও একমত বন্ধু। ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দলগুলোকে দেখতে বেশ ভালো লাগবে। দয়া করে মানসিকতা বদলাও, আইসিসি!’
এই বদলের ডাক টুইটারের পেজ ছাড়িয়েও পৌঁছে যাক আইসিসির টেবিলে।