অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বোচ্চ রানের রেকর্ডটি এখনো এউইন মরগানের, তথ্যটি আইরিশদের দীর্ঘশ্বাসকে আরেকটু দীর্ঘই কেবল করতে পারে। না, ২০০৪ ও ২০০৬ আসর মিলিয়ে ৬০৪ রান করা মরগান কালের স্রোতে হারিয়ে যাননি। কিন্তু জন্মভূমিকে ছেড়ে এই বাঁহাতি যে এখন খেলছেন ইংল্যান্ডের হয়ে! ইংল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। সবচেয়ে বেশি উইকেটও এক আইরিশের। তবে গ্রেগ টম্পসনের ১৯ উইকেটের রেকর্ডে অংশীদারি আছে অস্ট্রেলিয়ার মোইজেস হেনরিকসেরও। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক পরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টেস্ট খেললেও জায়গা পাকা করতে পারেননি। ২০০২ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ১৭৬ রান করেছিলেন ডনোভান প্যাগন। সেরা বোলিংয়ের রেকর্ডটি যাঁর, তাঁকে আপনার চেনার কোনো কারণই নেই। ২০০২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নেওয়া শ্রীলঙ্কান লেগ স্পিনার জীবন মেন্ডিসের যে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি!