কাল ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে সাড়া ফেলে দিয়েছেন হল্যান্ডের রায়ান টেন ডয়েসকেট। ওয়ানডে ক্রিকেটে ‘ব্র্যাডম্যানীয়’ গড়ের (৭১.২১) মালিক ডয়েসকেট ১১৯ রান করেছেন ১১০ বলে। বিশ্বকাপে আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর ব্যাটসম্যানদের এটা সপ্তম সেঞ্চুরি। ১৯৮৭ বিশ্বকাপে সে সময়ের নন-টেস্ট প্লেয়িং দেশ জিম্বাবুয়ের ডেভিড হটন ১৪২ রান করেন নিউজিল্যান্ডের বিপক্ষে। এখন পর্যন্ত ওটাই বিশ্বকাপে ছোট দলগুলোর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। পরের বিশ্বকাপেই জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার তাঁর ওয়ানডে অভিষেকে করলেন অপরাজিত ১১৫ রান, প্রতিপক্ষ শ্রীলঙ্কার। ২০০৩ বিশ্বকাপে কানাডার জন ডেভিসন তো ঝড় তোলেন মাঠে। মাত্র ৭৬ বলে ১১১। ওই বিশ্বকাপেই হল্যান্ডের ক্লাস-ইয়ান ফন নুর্টউইক (১৩৪*) ও ফিকো ক্লোপেনবার্গ (১২১) জোড়া সেঞ্চুরি পেলেন নামিবিয়ার বিপক্ষে। গত বিশ্বকাপে কিংস্টনে আয়ারল্যান্ডের জেরেমি ব্রে ১১৫ রান করে অপরাজিত থাকলেন জিম্বাবুয়ের বিপক্ষে। উল্লেখ্য, বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এখনো সেঞ্চুরি করতে পারেননি বিশ্বকাপে। ওয়েবসাইট।