
মওলানা ভাসানী স্টেডিয়ামে কাল বিকেলে দাঁড়িয়ে কামরুল ইসলাম কিসমত ফিরে যান ৩২ বছর পেছনে। স্মৃতির আয়নায় তুলে আনেন ঢাকায় পঁচাশির এশিয়া কাপ হকির কথা, ‘তখন যে দর্শক ছিল, ভাবলেই এখন অকল্পনীয় লাগে। এবার আরেকটি এশিয়া কাপে এই স্টেডিয়াম ভরে যাবে বলছেন অনেকে। সময় আছে এখনো। দর্শক আনার দায়িত্ব আমাদের সংগঠকদের, ফেডারেশনের। প্রচার করলে অবশ্যই জমবে টুর্নামেন্টটা।’
বর্তমানে জাতীয় হকি দলের প্রধান নির্বাচক কিসমত পঁচাশির এশিয়া কাপে ছিলেন বাংলাদেশ দলের ফরোয়ার্ড। তাঁর সঙ্গে ৩২ বছর আগের এশিয়া কাপ নিয়ে কথা হচ্ছিল আগামী ১২-২২ অক্টোবর ঢাকায় আরেকটি এশিয়া কাপ হকি সামনে রেখে। সে এশিয়া কাপ হকিতে পাকিস্তানের মতো দলের কাছে বাংলাদেশ হেরেছিল শেষ মুহূর্তে একমাত্র গোল খেয়ে। শাহাবুদ্দিন চাকলাদার ছিলেন অধিনায়ক। লুলু, জুম্মন লুসাই, মালেক চুন্নু, তিসাদের বাংলাদেশ পঞ্চম হয়েছিল।
এবার কেমন ফল হতে পারে? ‘যদি খেলোয়াড়দের মধ্যে ফাইটিং স্পিরিট থাকে, তারা যদি ফিট থাকে এবং জান বাজি রেখে লড়াই করতে পারে, তাহলে ভালো কিছু আশা করব’—বললেন কিসমত। সেই লক্ষ্যে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হয়েছে গত ২২ জুন। ঈদের ছুটির পর গতকাল ছিল খেলোয়াড়দের রিপোর্টিং। সেটি ঘিরে মওলানা ভাসানী স্টেডিয়ামে সরগরম হয় ওঠে। ভিড় ছিল সংবাদকর্মীদেরও। হাজার হোক এশিয়া কাপ বলে কথা!
কোচ মাহবুব হারুনসহ খেলোয়াড়দের সবার কথায় এশিয়া কাপের আগাম উত্তাপ। জার্মান কোচ অলিভার কার্টজ ফেডারেশনকে না জানিয়ে দেশে যাওয়ায় তাঁকে বাদ দিয়ে হারুনকে আবার দেওয়া হয়েছে কোচের দায়িত্ব। কয়েক বছর ধরে ঘুরেফিরে দায়িত্বটা তিনিই পাচ্ছেন। ২০০৬ সালে জাতীয় দলে তাঁর শুরু। বেশ অভিজ্ঞ হয়েছেন এবং বাংলাদেশ দলকে সাফল্য দিয়েছেন বলে এশিয়া কাপেও হারুন ভালো কিছু করবেন, এটাই সবার প্রত্যাশা।
কোচ কী বলেন? খুব চমক-জাগানিয়া কিছু না হোক, ঘরের দর্শকদের অন্তত নিরাশ করবেন না বলেই মনে করেন হারুন। হাতে থাকা তিন মাস সময়কে যথেষ্ট মনে করছেন। ভারতে পাঁচ-ছয়টি অনুশীলন ম্যাচ ছাড়াও মালয়েশিয়ায়ও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান কোচ। অলিভার বা পিটার গেরহার্ডদের মতো ইউরোপেই ক্যাম্প করার মতো বড় চাহিদা নেই হারুনের।
আট দলের এই টুর্নামেন্টে ছয়ে থাকার লক্ষ্যের কথা আগেই বলেছেন কোচ। তরুণ, অনভিজ্ঞ দলকে নিয়ে ছয়ে থাকাটা বড় একটা চ্যালেঞ্জ নয় কি? হারুনের উত্তর, ‘ছয়ের টার্গেট তো আমাকে রাখতেই হবে। ছয়ে থাকতে পারলে আগামী এশিয়া কাপের বাছাইপর্ব খেলতে হবে না।’ কিন্তু আজকের বাস্তবতায় বাংলাদেশের পক্ষে ষষ্ঠ দূরে থাক, সপ্তম হওয়াও কঠিন। কারণ এশিয়া কাপের আট দলে র্যাঙ্কিংয়ে বাংলাদেশই সবার নিচে। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, ওমানের পর বাংলাদেশ। ষষ্ঠ হওয়া মানে অন্তত দুটি বড় দলকে হারাতে হবে।
বছর চারেক আগে জিমি-চয়নরা চীনকে হারিয়ে দিয়েছিলেন দিল্লিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে। কিন্তু সেই দল তো আর নেই। এখন জাতীয় দল হারে ওমানের কাছে (অলিভার, নাভিদ আলমের অধীনে হেরেছে)। তবে হারুন বড় মুখে বলেন, ‘আমার অধীনে বাংলাদেশ দল ওমানের কাছে হারেনি।’ মজাও করেন, ‘আপনারা শুধু ওমান, ওমান করে টেনশন বাড়িয়ে দেন খেলোয়াড়দের। হা হা...।’
খেলোয়াড়দের সামর্থ্য ভালো করেই জানেন হারুন। বিদেশি কোচ এসে যা পুরোপুরি বুঝে ওঠার আগেই ফল চাইতে শুরু করেন। কথাটা হারুনও বলছিলেন। কিন্তু ঘন ঘন কোচ বদলালে যে সমস্যা হয় খেলোয়াড়দের, তা মনে করিয়ে দিলেন স্ট্রাইকার পুষ্কর খীসা মিমো। বললেন কোচের ষষ্ঠ হওয়ার চ্যালেঞ্জ নিয়েও, ‘দলটা বলতে গেলে জুনিয়রদের নিয়েই হচ্ছে। ওরা ভালো খেলতে পারলে আশা করি ভালো কিছু হতে পারে।’
এটা তো আশার কথা। সামর্থ্য কতখানি, সেটাই দেখার।