'জঘন্যতম' মৌসুম মরিনহোর!
২০১১ সালে, রিয়াল মাদ্রিদে তাঁর প্রথম মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর হেড কোপা ডেল রে জিতিয়েছিল। পরশু ১৩ মিনিটে রোনালদোর আরেকটি হেডে যখন এগিয়ে গেল রিয়াল, মনে হচ্ছিল, শুরু ও শেষটা একই বিন্দুতে মিলিয়ে দিয়ে বৃত্তটা পূর্ণ করতে চলেছেন হোসে মরিনহো। কিন্তু শেষটায় হলো ‘অ্যান্টিক্লাইম্যাক্স’। রিয়াল ম্যাচ হারল, তারও আগে ডাগ-আউট থেকে বহিষ্কৃত হলেন মরিনহো। শুধু তা-ই নয়, চার ম্যাচের জন্য নিষিদ্ধও হতে পারেন তিনি। তাহলে লিগের শেষ দুই ম্যাচে ডাগ-আউটে থাকা হচ্ছে না মরিনহোর! শেষ হওয়ার আগেই তাই হয়তো শেষ হয়ে গেল রিয়ালে মরিনহো-অধ্যায়!
এই মৌসুমটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন চ্যাম্পিয়নস লিগ জিতে। উল্টো একে একে সব বাতিই নিভে গেল। একমাত্র অর্জন মৌসুমের শুরুতে বার্সাকে হারিয়ে জেতা স্প্যানিশ সুপার কাপ। পরশু সংবাদ সম্মেলনে মরিনহো বলেই বসলেন, এটাই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বাজে মৌসুম, ‘একটি ক্যারিয়ার অনেকগুলো বছরের সমন্বয়ে তৈরি হয়। এমন কাউকে চিনি না যার প্রতিটি মৌসুম দুর্দান্ত কাটে, গুরুত্বপূর্ণ সব শিরোপা জেতেন। এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে মৌসুম, এবার আমি এমন একটা শিরোপা জিতেছি যেটি রিয়ালকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট নয়। এ কারণেই এটা একটা বাজে মৌসুম।’
তাঁকে আগামী মৌসুমে চেলসির ডাগ-আউটেই দেখছেন অনেকে। রিয়ালের ডাগ-আউটেও যেমন কার্লো আনচেলত্তিকে দেখা যাচ্ছে। মরিনহো অবশ্য যথারীতি এ নিয়ে মুখ খুললেন না, ‘আমার সঙ্গে এখনো রিয়ালের তিন বছরের চুক্তি আছে। আমি এখনো ক্লাব সভাপতির সঙ্গে আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলিনি। এটা অবশ্যই খুবই স্বাভাবিক তারা আনচেলত্তি বা অন্য কারও ব্যাপারে কথা বলবে। আমাকে নিয়েও চেলসি বা অমুক-তমুক ক্লাব জড়িয়ে কথা বলা হবে। তবে আমাকে সৎ থাকতেই হবে। যত দিন পর্যন্ত না সভাপতি আমার সঙ্গে বসছেন, ক্লাব কোনো সিদ্ধান্ত না নিচ্ছে; তত দিন পর্যন্ত বিষয়টি এর বেশি কিছু নয়।’
অ্যাটলেটিকোর জয়টি কিছুতেই মেনে নিতেও পারছেন না এই পর্তুগিজ, ‘এ ফলটা যে ন্যায্য নয়, অ্যাটলেটিকো যোগ্য বিজয়ী নয়—এটা বোঝার জন্য আপনাকে ফুটবলের জাদুকর হওয়ার প্রয়োজন নেই। অতিরিক্ত সময়েও আমরা দুটি সুযোগ পেয়েছি, একটি হিগুয়েইন, অন্যটি ওজিল। কিন্তু ফুটবলে মানুষ সবকিছুই ভুলে যায়। রেফারিংটা সবাই ভুলে যাবে, পোস্টে লেগে ফিরে আসা শটগুলোর কথা ভুলে যাবে। শুধু মনে থাকবে বিজয়ী হয়েছে অ্যাটলেটিকো।’
ভাগ্যের ছোঁয়া যে পেয়েছেন, সেটা অস্বীকার করেননি ডিয়েগো সিমিওনি। বরং অ্যাটলেটিকোর আর্জেন্টাইন কোচ বলছেন, চ্যাম্পিয়নদের দিকেই ভাগ্য মুখ তুলে তাকায়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই আর্জেন্টাইন, ‘অ্যাটলেটিকো এখন আর মাদ্রিদকে ভয় পায় না।’ রয়টার্স, ওয়েবসাইট।