‘জঙ্গি’ থেকে কাশ্মীরি নায়ক
দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের প্রত্যন্ত এক গ্রাম বিজবেহারা। জীবনধারণই সেখানে সংগ্রামের অন্য নাম। প্রকৃতি আর মানবসৃষ্ট হাজারো প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই চলে নিত্য। ক্রিকেটের সুযোগ-সুবিধা কেমন, বলা বাহুল্য! তবু অনুশীলনের একটু জায়গা বানিয়ে নিয়েছেন তিনি। পরশু নিজের মতো করেই অনুশীলন করছিলেন ঝিলম নদীর পারে। হঠাৎই একটি ফোনকল চিরচেনা আবহটাকে দিল পাল্টে। আর দশটা দিনের মতো সাধারণ দিনটিই হয়ে উঠল জীবনের সেরা দিন। জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তার ফোনে পারভেজ রসুল পেলেন স্বপ্নপূরণের খবর। জায়গা পেয়েছেন জিম্বাবুয়ে সফরের ভারতীয় দলে!চকিতে কি চার বছর আগের সেই দিনটির কথা উঁকি দিল? জম্মু ও কাশ্মীর অনূর্ধ্ব-২২ দলের হয়ে সি কে নাইডু ট্রফিতে খেলতে গিয়েছিলেন বেঙ্গালুরুতে। কাশ্মীরি তরুণকে সেবার জঙ্গি সন্দেহে আটক করেছিল বেঙ্গালুরু পুলিশ। প্রমাণের অভাবে পরে ছাড়া পান। জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষমা চাইতে বলেছিল কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। সতীর্থরা রসুলের জন্য করেছিলেন মানববন্ধন।২০ বছরের এক তরুণের মনোজগতে তো বিশাল এক ধাক্কা! চোট লাগার কথা আত্মবিশ্বাসেও। কিন্তু জন্ম থেকেই যিনি দেখে এসেছেন ঝঞ্ঝাবিক্ষুব্ধ চারপাশ, জঙ্গিবাদ-উগ্রবাদ আর যুদ্ধ-বিগ্রহ, ক্রিকেট শিখেছেন হাজারো প্রতিকূলতার সঙ্গে লড়াই করে, তিনি কি আর এত সহজে দমে যাওয়ার পাত্র! পথের কাঁটাগুলোকে ফুল বানিয়ে নিয়েছেন রসুল। নিষ্ঠা, অধ্যবসায় আর কঠোর পরিশ্রম দিয়ে অটুট থেকেছেন নিজ লক্ষ্যে। জিম্বাবুয়ে সফরের ডাক সেসবেরই প্রাথমিক পুরস্কার। সময় এখন সামনে তাকানোর। ওই ঘটনা পেছনে ফেলে রসুল তাকাচ্ছেন সামনে, ‘ওই অধ্যায়টা শেষ হয়ে গেছে। ওসব নিয়ে আমি ভাবতে চাই না। শুধু সামনে তাকাতে চাই, প্রমাণ করতে চাই নিজেকে। আমার ভাবনায় সব সময়ই ক্রিকেট।’এর মধ্যেই অনেকগুলো প্রথমের জন্ম হয়েছে রসুলের হাত ধরে। সৌন্দর্যে স্বর্গ আর নৈরাজ্যে নরক জম্মু ও কাশ্মীরের প্রথম ক্রিকেটার হিসেবে খেলেছেন ভারত ‘এ’ দলে। প্রথম হিসেবে খেলেছেন কোনো আন্তর্জাতিক দলের বিপক্ষে এবং আইপিএলে। রাজ্যের প্রথম ক্রিকেটার হিসেবে এবার সুযোগ পেলেন জাতীয় দলে। টানা খেলতে থাকা রবিচন্দ্রন অশ্বিনকে জিম্বাবুয়ের সফরে বিশ্রাম দিয়েছেন নির্বাচকেরা। বিকল্প হিসেবে প্রথমেই ভেবেছেন রসুলের কথা। গত রঞ্জিতে ১৮ গড়ে পেয়েছেন ৩৩ উইকেট। তবে সত্যিকারের নজর কেড়েছেন গত ফেব্রুয়ারিতে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪৫ রানে ৭ উইকেট নিয়ে। ওই ম্যাচের পর তাঁর রাজ্য দলের কোচ ও স্পিন গ্রেট বিষেন সিং বেদি বলেছিলেন, ‘রসুল দুর্দান্ত এক অলরাউন্ড ক্রিকেটার।’ প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৭ ম্যাচে ৪৬ উইকেট ও তিন সেঞ্চুরিতে হাজারের ওপর রান বেদির কথারই প্রমাণ!এমন পারফরম্যান্সের কারণেই জাতীয় দলে ডাক পাওয়ায় বিস্মিত হননি রসুল, ‘সত্যি বলতে, ডাক পাওয়াটা প্রত্যাশিতই ছিল। অতি আত্মবিশ্বাসী ছিলাম না, তবে জানতাম জিম্বাবুয়ে সফরে নির্বাচকেরা সিনিয়রদের বিশ্রাম দিলে আমার সুযোগ আসতে পারে।’ বেদি তো মুগ্ধ রসুলের বোলিংয়ে, ‘সে টেকনিক্যালি নিখুঁত অফ ব্রেক বোলার। পরিষ্কার অ্যাকশন, কাঁধের ব্যবহার দারুণ, দ্রুত ডেলিভারিটাও ভয়ংকর। আমি ওকে বলতাম, ‘তোমার পেহলা (অফ ব্রেক) এত ভালো যে দুসরার প্রয়োজন নেই।’জঙ্গি সন্দেহে গ্রেপ্তার তরুণ এখন হাজারো কিশোর-তরুণের আদর্শ, রাজ্যের ‘পোস্টারবয়।’ রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর টুইট, ‘ডাক পাওয়াটা প্রাপ্যই ছিল, এবার আমাদের গর্বিত কর।’ ইতিহাস আর বাস্তবতাকে মাড়িয়ে এসেছেন আজকের পর্যায়ে, রসুল ভালো করেই জানেন প্রত্যাশার ভারটা, ‘কেবল শুরু, পথের এখনো অনেক বাকি।’ ওয়েবসাইট।