‘জনাব অসাধারণ’
অ্যালেক্স ফার্গুসন আর রায়ান গিগসকে একসঙ্গে মেলানো মুশকিল। সবচেয়ে বড় অমিল দুজনের কাজের ধরনে—ফার্গুসন গুরু, গিগস শিষ্য। তবে একটা জায়গায় দুজন প্রায় কাছাকাছি। ম্যানচেস্টার ইউনাইটেডে দুজনেরই পেরিয়ে গেছে দুই দশক!ফার্গুসন যেমন দেখতে দেখতে ম্যানইউর কোচের আসনে কাটিয়ে দিলেন প্রায় ২৫টি বছর। গিগসও তেমনি ম্যানইউর খেলোয়াড় হিসেবে আছেন প্রায় ২৩ বছর। আজ গিগস পেরিয়ে যেতে পারেন আরেকটি মাইলফলক। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারের বিপক্ষে খেলতে নামলেই গিগস গড়ে ফেলবেন ম্যানইউর হয়ে ৬০০তম লিগ ম্যাচ খেলার কীর্তি।১৯৮৫ থেকে ১৯৮৭—দুটি বছর ম্যানচেস্টার সিটির যুব প্রকল্পে কাটিয়ে ম্যানইউতে নাম লেখান গিগস। ৩ বছর কাটে ছোটদের দলে। ১৯৯১ সালে অভিষেক হয় মূল দলে। সেই থেকে খেলে যাচ্ছেন ম্যানইউতে। চড়াই-উতরাই পেরিয়ে ২০০৮ সালে গড়েন অনন্য এক কীর্তি। ববি চার্লটনকে (৭৫৮) ছাড়িয়ে হয়ে যান ম্যানইউর সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। দুই বছর পেরিয়ে আজ আবার নতুন মাইলফলকের সামনে। এর আগে পেলেন গুরুর প্রশংসা। গিগসকে ‘জনাব অসাধারণ’ অ্যাখ্যা দিয়ে ফার্গুসন বলেছেন, ‘অসাধারণ এক মানুষ ও। বিস্ময়কর এক মানুষ।’ প্রিয় শিষ্যকে খুব কাছ দেখে দেখেছেন। ফার্গুসনের চেয়ে গিগসকে কে আর বেশি চেনে! তবে আধুনিক যোগাযোগমাধ্যমের যুগে ইন্টারনেটের দেওয়া তথ্যগুলোও ফার্গুসনের কথাগুলোকেই সমর্থন করে। সত্যি গিগস অসাধারণ, সত্যিই তিনি বিস্ময়কর। দুটি দশক ধরে যেভাবে ম্যানইউকে একই তালে দুর্দান্ত খেলা উপহার দিয়ে যাচ্ছেন, সেটিকে বিস্ময়কর বলবেন না! এত ফিটনেস, এত আত্মবিশ্বাস! এই ৩৭ বছর বয়সে যেন টগবগে এক তরুণ গিগস।ম্যানইউর সোনালি যুগের খেলোয়াড় গিগস। ডেভিড বেকহাম পল স্কোলসদের নিয়ে ১৯৯৯ সালে ম্যানইউর প্রথম ট্রেবল জয়ের সাক্ষী তিনি। ম্যানইউর একমাত্র খেলোয়াড় তিনি, যাঁর রয়েছে ১১টি প্রিমিয়ার লিগজয়ী দলে থাকার গৌরব। সব কটি প্রিমিয়ার লিগ মৌসুমে গোল করা একমাত্র ফুটবলারও তিনিই। ইংলিশ ফুটবলের ইতিহাসে টানা দুবার (১৯৯২ ও ’৯৩) পিএফএ বর্ষসেরা খেতাব জয়ের রেকর্ডও গিগস ছাড়া আর কারও নেই। এত এত অর্জন যাঁর, সেই গিগস কিনা একেবারেই অহংকারহীন একজন মানুষ। প্রচারের আলোয় আসতে ভীষণ অনীহা তাঁর। নীরবে-নিভৃতে করে যান দাতব্য কাজ। অনেকের অজান্তেই শিখছেন কোচিংটাও। খেলোয়াড়ি জীবন শেষ করে ফুটবলের সঙ্গেই থাকতে চান বলেই এটা শিখে নেওয়া। সবকিছু মিলিয়ে গিগসের আজকের প্রতিপক্ষের কোচ হ্যারি রেডন্যাপও তাঁর প্রতি শ্রদ্ধাবনত, ‘সে অসাধারণ এক খেলোয়াড় এবং দারুণ একজন মানুষ।’তবে আপাতত অত দূরের বিষয় নিয়ে নয়, গিগস ভাবতে চান টটেনহামের বিপক্ষে ম্যাচ নিয়েই। পার্ক জি সুং নেই। দক্ষিণ কোরিয়ার হয়ে এশিয়ান কাপ খেলতে চলে গেছেন। গিগসের ওপর বাড়তি দায়িত্ব। সেই দায়িত্ব পালনে কোনো খামতি না রেখে গিগস ম্যানইউকে এনে দিতে চান আরও একটা জয়। তবে গিগসের সেই কাজটা খুব সহজ হবে বলে মনে হয় না। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে জায়গা করে নেওয়া টটেনহাম এ মৌসুমে দুর্দান্ত খেলছে। ২১ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। স্পারদের আত্মবিশ্বাস এ ম্যাচে আরও একটা কারণে উঁচুতে—ম্যাচটি তাদেরই মাঠে। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।