‘জয় দিয়ে সফর শেষ করতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দল সম্পর্কে একটা কথা বলা হয়—সফরের শুরুটা দুর্দান্ত হলেও শেষটা ভালো হয় না। গত বছর হল্যান্ড সফরেও এমনটা ঘটেছে। সফরজুড়ে দুর্দান্ত খেলে শেষ ম্যাচে হেরে যায় বাংলাদেশ। অভিযোগটা মেনে নিয়েই অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, সময় এসেছে অতীতের ধারাটা পাল্টে দেওয়ার।কাল সন্ধ্যায় মাঠে গড়াবে শ্রীলঙ্কা সফরের একমাত্র টি-টোয়েন্টি। বাজেভাবে সফর শেষ করার ‘তিক্ত’ অভিজ্ঞতা সম্পর্কে আজ পাল্লেকেলেতে মুশফিকুর রহিম বলেন, ‘অতীতে এটা ঘটেছে। খুব বাজেভাবে সফর শেষ করেছি আমরা। এই ধারাটা পাল্টে দেওয়ার সুযোগ এসেছে। এই সফরে প্রচুর ইতিবাচক দিক আমরা পেয়েছি। আরেকটা জয় দিয়ে শ্রীলঙ্কা সফর শেষ করতে চাই আমরা।’কাল সফরের একমাত্র টি-টোয়েন্টিতে থাকছেন না শ্রীলঙ্কার দুই তারকা ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা। মাহেলা জয়াবর্ধনে তো গোটা সিরিজেই ছিলেন না। এ দিক থেকে ভালো করার ‘বড় সুযোগ’ দেখছেন মুশফিকুর রহিম। তিনি বলেন, ‘কালকের ম্যাচে কুমার সাঙ্গাকারা ও তিলকরত্নে দিলশানকে ছাড়া খেলবে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টির এক নম্বর দলের বিপক্ষে লড়াই ও জয় পেতে এটা আমাদের জন্য বড় সুযোগ।’আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হওয়া পাঁচ ক্রিকেটারকে টি-টোয়েন্টি দলে রেখেছে শ্রীলঙ্কা। কিথুরুয়ান ভিতানাগে এ মাসে বাংলাদেশের বিপক্ষেই টেস্টে অভিষিক্ত হয়েছেন। তবে এখনো টি-টোয়েন্টিতে দেখা যায়নি তাঁকে। তারুণ্য-নির্ভর শ্রীলঙ্কা দল সম্পর্কে মুশফিকুর রহিমের মূল্যায়ন, ‘শ্রীলঙ্কার দলটি তরুণ, তবে তারা ঘরের মাঠে খেলছে। ওদের অবশ্যই ভালো করার সামর্থ্য রয়েছে।’বাংলাদেশ দলপতি বলেন, ‘শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলার সময় থেকে কয়েকজন নতুন ক্রিকেটারকে আমি চিনি। তাদের দক্ষতা সম্পর্কে আমার ভাবনা সতীর্থদের সঙ্গে আলোচনা করেছি। কয়েকজন আবার ওয়ার্ম আপ ম্যাচে খেলেছে। তাই শ্রীলঙ্কা দল সম্পর্কে বেশ ভালোই জানি আমরা।’দুই দিন আগে বৃষ্টিবিঘ্নিত শেষ ওয়ানডেতে তিন উইকেটের জয়টাও আত্মবিশ্বাস জোগাচ্ছে মুশফিকুরকে। তিনি বলেন, ‘গত ম্যাচে রান তাড়া করা ছিল টি-টোয়েন্টি ধরনের। তাই ওই ম্যাচে আমাদের অনুশীলনও হয়েছে। এটাকে ইতিবাচক হিসেবে দেখছি আমি। সফরের শেষ পর্যন্ত সেই মুহূর্তটা ধরে রাখতে চাই আমরা।’ সূত্র: ক্রিকইনফো।