‘জহিরকে ছাড়া অচল ভারত’
জহির খানের অনুপস্থিতিতে ভারতের বোলিং আক্রমণ যে কতটা ধারহীন হয়ে পড়ে, সেটা আরও একবার খুব ভালোমতোই টের পাওয়া গেছে এবারের ইংল্যান্ড সফরের সময়। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতের শীর্ষস্থানে উঠে আসার পেছনেও একটা বিশাল ভূমিকা ছিল এই বাঁহাতি পেসারের। পরিসংখ্যানও সাক্ষ্য দেয় যে, তাঁর ওপর কতখানি নির্ভর করতে হয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। এই পুরোনো কথাটাই আবার সবাইকে মনে করিয়ে দিলেন মনোজ প্রভাকর। জহিরকে ছাড়া ভারত একেবারেই অসহায় হয়ে পড়বে বলে সম্প্রতি এক সাক্ষাত্কারে মন্তব্য করেছেন ভারতের এই সাবেক পেসার। ইংল্যান্ডের বিপক্ষে লজ্জাজনকভাবে হোয়াইটওয়াশের পেছনেও জহির খানের অনুপস্থিতি একটা বড় ভূমিকা পালন করেছে বলে মনে করছেন প্রভাকর। তবে ভারতের জন্য এই জহির-নির্ভরতা যে কোনো সুফল বয়ে আনবে না, সেটাও সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারতের এই হারের অন্যতম কারণ জহিরের অনুপস্থিতি। কিন্তু সবসময়ই আপনি একজন বোলারের ওপর ভরসা করতে পারবেন না। অনেক দিন ধরেই জহির ভারতের পক্ষে ভালো বোলিং করে আসছে। কিন্তু এখন তার কিছু সহযোগী দরকার।’২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রায় একাই ভারতকে জয়ের বন্দরে নিয়ে গিয়েছিলেন জহির। ১৮টি উইকেট নিয়ে তিনিই হয়েছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী। পরের বছর নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই একই চিত্র। হ্যামিল্টন টেস্টে কিউই ব্যাটিং অর্ডারের ধ্বংস ডেকে এনেছিলেন মুম্বাইয়ের এই পেসার। ২০১০ সালে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের পেছনেও মূল ভূমিকাটা ছিল তাঁর। ১২টি উইকেট নিয়ে আবারও তিনিই হয়েছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটের মালিক। তবে এখন ভারতের ক্রিকেট সংশ্লিষ্টদের এই জহির-নির্ভরতা কমানোর দিকেই মনোযোগ দেওয়া উচিত বলে মত দিয়েছেন প্রভাকর। তিনি বলেছেন, ‘জহিরকে ছাড়া ভারত একেবারেই অচল। কিন্তু এ রকম পরিস্থিতি যদি চলতেই থাকে, তাহলে ভবিষ্যতে তারা খুবই বিপদে পড়বে। জহির যদি কোনো কারণে ইনজুরিতে পড়েন, তখন কী হবে? আর ইনজুরি সত্ত্বেও যদি তাঁকে খেলানো হয়, তাহলে এবারের ইংল্যান্ড সফরেরই পুনরাবৃত্তি হতে পারে।’ ওয়েবসাইট।